একজন মালদিনির খোঁজে....
ইতালির সেই বিশ্বখ্যাত রক্ষণব্যুহের একি হাল ! গত শুক্রবার জুরিখে রাশিয়ার বিপক্ষে দলটির ৩-০ গোলে পরাজয়ের পর, ইতালির রক্ষণব্যুহের চিরাচরিত বন্দনা পরিণত হয়েছে এক অপার আক্ষেপে। শুক্রবার রাশিয়ার ফরোয়ার্ডরা যেভাবে আজ্জুরিদের ডিফেন্ডারদের নিয়ে ছেলেখেলা করেছে, তাতে খুব করে মনে পড়ছিল গিউসেপ্পে বার্গোমি, ফ্রাংকো বারেসি, পাওলো মালদিনি, ফ্যাবিও ক্যানাভারো, জেনটিলে, নেস্তা-এই নামগুলো। এই খেলোয়াড়েরা নিজেদের ক্যারিশমা আর অসাধারণ রক্ষণশৈলী দিয়ে ইতালির রক্ষণব্যুহের খ্যাতি এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, যেখানে এই বিভাগটি নিয়ে গর্ব করার অনেক কিছুই ছিল তাদের। কিন্তু আজ সেই নামগুলোর উত্তরসূরিরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন সেই কিংবদন্তিসম ইতালীয় রক্ষণভাগের মর্যাদা রক্ষায়। শুক্রবার জুরিখে রাশিয়ার বিপক্ষে সেই ম্যাচটিই বার বার মনে করিয়ে দিচ্ছে, ইতালীয় রক্ষণের সেই রমরমা আর অবশিষ্ট নেই।রাশিয়ার বিপক্ষে সেই ম্যাচে ইতালির রক্ষণসেনারা যেভাবে রুশ ফরোয়ার্ডদের লিঙ্ক-প্লে আর রানিংয়ের কাছে পর্যুদস্ত হয়েছেন-সেটা চোখে না দেখলে সত্যিই বিশ্বাস করা কঠিন। ইউরোকে সামনে রেখে ইতালির রক্ষণের এই হাল রীতিমতো আতঙ্কিত করেছে সমর্থকদের। হতাশায় আকণ্ঠ নিমজ্জিত করেছে খোদ কোচ সিজারে প্রানদেল্লিকে।কোচ প্রানদেল্লি এখন ব্যস্ত নতুন করে রক্ষণ সাজাতে। ম্যাচ পাতানোর অভিযোগে ফ্লোরেন্সে জাতীয় দলের ক্যাম্পে হানা দিয়ে সেখানে পুলিশী তল্লাশির পর দল থেকে বাদ দেওয়া হয়েছে রক্ষণের অন্যতম সেরা খেলোয়াড় ডোমেনিকো ক্রিসিটোকে। এখন ফেডারিকো বালজারেত্তিই হচ্ছেন দলের মূল রক্ষণ-ভরসা। কিন্তু ইনজুরির কারণে ইউরোয় তাঁর খেলা সংশয়াচ্ছন্ন। কিন্তু ডানদিকে ক্রিস্টিয়ান ম্যাগিও শুক্রবার রাশিয়ার বিপক্ষে যা খেলেছেন, এরপর ইউরোয় তাঁর ওপর খুব একটা ভরসা করা যাচ্ছে না। প্রানদেল্লি এখন ভাবছেন ড্যানিয়েল ডি রসির মতো একজন সেন্টার হাফকে পেছনে নিয়ে আসতে। দলে একজন যোগ্য সেন্টার ডিফেন্ডারের যে বড্ড অভাব দেখা দিয়েছে। ডি রসি সাধারণত ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ইতালি ও তাঁর ক্লাব এএস রোমায় খেলে আসছেন। প্রানদেল্লির এই চাহিদার বিপরীতে তিনি কতটা ভালোভাবে সারা দিতে পারবেন-সেটাই এখন দেখার বিষয়। ড্যানিয়েল ডি রসি সারা দিতে পারলেন কি, পারলেন না, এই প্রশ্নের চেয়েও এই মুহূর্তে মুখ্য হয়ে উঠেছে , ইতালিতে ভালোমানের ডিফেন্ডার সংকটের বিষয়টি। যে দেশে কিছুদিন আগেও অজস্র ভালোমানের ডিফেন্ডার বেরিয়ে আসতো, যে দেশ একটা সময় বিশ্বফুটবলকে উপহার দিয়েছে বারেসি, বার্গোমি, মালদিনি, ক্যানাভারো, নেস্তার মতো ডিফেন্ডারদের, তাদের হঠাত্ কি হলো যে তাদের রক্ষণভাগের দুর্বলতা ঢাকতে হচ্ছে একজন মিডফিল্ডারকে ডিফেন্ডার বানিয়ে! ইতালীয় ফুটবলের জন্য এ এক অশনি সংকেতই। আজ থেকে মাত্র ছয়বছর আগের চিত্রটা কিন্তু এমন ছিল না। জার্মানিতে ২০০৬ সালের বিশ্বকাপ জয়ের অভিযাত্রায় ইতালির দুই মূল স্তম্ভ ছিলেন, দুই রক্ষণ-সেনানী। অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো ও আলেসান্দ্রো নেস্তা যেন গড়ে তুলেছিলেন দুর্ভেদ্য প্রাচীর। পুরো বিশ্বকাপে ইতালির জালে বল পড়েছিল মাত্র দু’বার। এরমধ্যে একটি ছিল আত্মঘাতী ও অন্যটি পেনাল্টিগোল। ক্যানাভারো ও নেস্তা-দুজনই আধুনিক ফুটবল জগতের দুই সেরা রক্ষণসেনা। এরা দু’জনই বহন করছিলেন পাওলো মালদিনি কিংবা ফ্রাঙ্কো বারেসির মতো দুই গ্রেট ডিফেন্ডারের উত্তরাধিকার। কিন্তু এই দুইজনের উত্তরাধিকার সামনে বয়ে নিয়ে যাওয়ার মতো তো কাউকে দেখা যাচ্ছেনা।যে দেশ ফুটবলকে উপহার দিয়েছে অসংখ্য বিশ্বসেরা রক্ষণ-সেনা। একমাত্র যে দেশ রক্ষণভাগের ওপর ভর করে নিজেদের ভাগ্য গড়তে পারতো, সেই দেশ এবারের ইউরোয় যাচ্ছে একেবারে অরক্ষিত ঘর নিয়ে। নিজের ঘরের নিরাপত্তা না দিয়ে যে অন্যের ঘর ভাঙা যায় না-সেই সত্যটিই হয়ত এবারের ইউরোয় বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারবে আজ্জুরিরা। ওয়েবসাইট।