একজন ‘অ্যাপাচি’র রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার আদিবাসী যোদ্ধা জাতিদের বলা হয় অ্যাপাচি। হারার আগে হারে না তারা।তাঁর জন্ম আমেরিকায় নয়। তার পরও তিনি একজন অ্যাপাচি। কারণ, হার মানতে শেখেননি তিনিও। মার খেয়ে পড়ে যান, পড়ে গিয়ে কাতরাতে থাকনে; কিন্তু দু পায়ের মাঝে শক্ত করে আঁকড়ে রাখেন বল। আবারও উঠে ছুট লাগান। তিনি ‘এল অ্যাপাচি’; কার্লোস তেভেজ। ‘এল অ্যাপাচি’ নামে পরিচিতি পেয়ে যাওয়া তেভেজের এই লড়াকু বৈশিষ্ট্য এখন আর নতুন কোনো গল্প নয়। তিন-চার বছর ধরে ইউরোপের ফুটবল দেখছে তেভেজের দুর্দমনীয় লড়াকু চরিত্র। তার পরও প্রসঙ্গটা আরেকবার নিজেই সামনে নিয়ে এলেন মেক্সিকোর বিপক্ষে জোড়া গোল করে। পরিষ্কার অফসাইডে দাঁড়িয়ে থেকে এবার বিশ্বকাপে নিজের প্রথম গোলটা করেছিলেন। একজন যোদ্ধার নামের সঙ্গে এই বিতর্কিত গোল ঠিক যায় না। এই দাগ মুছে ফেলতেই কিনা দ্বিতীয়ার্ধে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট করলেন। পোস্টের ডান কোনা দিয়ে বার ঘেঁষে বল জড়িয়ে গেল বাতাসে। চিৎকার করে উঠলেন ‘কার্তিলোজ’; আর্জেন্টিনা চলে গেল কোয়ার্টার ফাইনালে।তেভেজ যেন এখনো চিৎকার করছেন, ‘ফাইনালে যাওয়ার পথে, ট্রফি জেতার পথে আমাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ধাপ ছিল। আর্জেন্টাইন মানুষ বিশ্বকাপটা উপভোগ করছে। তাদের এখন উৎসব করার অধিকার আছে। আমরাও বিশ্রাম নিয়ে, সতেজ হয়ে জার্মানির বিপক্ষে খেলার জন্য প্রস্তুত হচ্ছি।’যদিও অনেক আগেই ডিয়েগো ম্যারাডোনা তাকে ‘একুশ শতকের আর্জেন্টাইন দেবতা’ বলে অভিহিত করেছিলেন। কিন্তু তেভেজ কখনোই ঠিক ‘দেবতা’র মতো গুরুত্ব পাননি। আর্জেন্টিনায় তিনি মেসির চেয়েও জনপ্রিয়। কিন্তু ভাগ্য আর পরিস্থিতি মিলিয়ে জাতীয় দল বা ক্লাবে ঠিক ‘এক নম্বর’ হয়ে উঠতে পারেননি এই সেদিন পর্যন্তও। সবাই তাঁর পরিশ্রমের প্রশংসা করে। কিন্তু অ্যালেক্স ফার্গুসন বসিয়ে রাখলেন মাঠের বাইরে। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে গিয়ে তিনি সেই ‘দেবতা’ হতে পেরেছেন। ৩৩ ম্যাচে ২৩ গোল করে সর্বশেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা হলেন। তার পরও সেই ম্যারাডোনাই প্রথম একাদশে যোগ্য মনে করছিলেন না তাঁর দেবতাকে!এই চ্যালেঞ্জটাও নিলেন ‘এল অ্যাপাচি’। প্রস্তুতি ম্যাচ আর অনুশীলনে এমন কিছু করলেন, যাতে ম্যারাডোনা বলতে বাধ্য হলেন, ‘ও এখন বিদ্যুতের মতো ফর্মে আছে। আমি ওকে কী করে বাইরে রাখি!’এক জয় হলো তেভেজের। আরেকটা জয় দরকার ছিল—গোল পাওয়া। বিশ্বকাপে প্রথম ম্যাচ থেকেই মেসির শিল্পের পাশে শিল্প আর পরিশ্রম মেশানো দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছিলেন। পুরস্কার পেলেন এসে মেক্সিকোর বিপক্ষে। দিনটা অবশ্য তেভেজের জন্য পুরো ভালো গেল না। বিতর্কিত একটা গোলের কারণে নাম উচ্চারিত হলো তাঁর। তৃতীয় গোলের সুযোগ না দিয়ে মাঠ থেকে তুলেও নেওয়া হলো। এতে একটু চটেছিলেন তেভেজ, ‘নিজেকে মেলে ধরার জন্য এ ধরনের একটা ম্যাচই দরকার ছিল। আমার ভালো লাগছিল, লড়াই করছিলাম। ঠিক বুঝলাম না, কেন আমাকে তুলে নেওয়া হলো।’তুলে নেওয়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর জন্য ক্ষমাও চেয়েছেন দর্শকদের কাছে। সে যাই হোক, তেভেজ খুশি। অন্তত মরে যাননি, এটা প্রমাণ করতে পেরে খুশি, ‘এই টুর্নামেন্টের জন্য আমি আমার জীবনের সবচেয়ে ভালো প্রস্তুতি নিয়েছি। সৌভাগ্যক্রমে আজ সেই ফলটা সবাই দেখতে পেল। অন্তত এটুকু প্রমাণ করতে পেরেছি, আমি মরে যাইনি।’ এএফপি, ওয়েবসাইট।