একজন ‘ম্যাটাডোরের’ গল্প
বুলফাইট তিনি করেন না। তবে আর দশজন স্প্যানিয়ার্ডের মতো সার্জিও রামোসও দুরন্ত ষাঁড়ের গায়ে তলোয়ার গাঁথার খেলাটা ঠিকই পছন্দ করেন। একেকজন ম্যাটাডোর (বুলফাইটের খেলোয়াড়) তাঁর হিরো। এএফপি।তিনি নিজেও কি ম্যাটাডোরের মতো লড়াই করেন না! লাল কাপড় নাড়িয়ে দুরন্ত ষাঁড়কে হয়তো খেপিয়ে তোলেন না রামোস। তবে স্পেনের লাল জার্সি গায়ে এই ডিফেন্ডার তো দমিয়ে রাখেন প্রতিপক্ষের দুরন্ত সব ফরোয়ার্ডকে।২০০৮-এর ইউরোতে তা-ই করেছেন। স্পেন যে ৪৪ বছর পর ইউরো চ্যাম্পিয়নশিপ জিতল, তাতে বড় অবদান ছিল তাঁর। এই বিশ্বকাপেও দারুণ খেলছেন রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটিতে হয়তো তিনি পারেননি। তবে ওই ম্যাচের পর থেকেই আপন মহিমায় ভাস্বর রামোস। একেকটি ম্যাচ যাচ্ছে, রামোস নিজেকে আরও উজ্জ্বল করে মেলে ধরছেন।স্পেনের সর্বশেষ ম্যাচটিই তো রামোসের দুর্দান্ত খেলার উজ্জ্বল উদাহরণ। পর্তুগালের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের এই ম্যাচে তাঁর কাঁধে দায়িত্ব চেপেছিল রিয়াল মাদ্রিদ-সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোকে আটকানোর। অর্পিত দায়িত্ব কতটা নিখুঁতভাবে পালন করেছেন, সেটা সবারই জানা। পুরো ম্যাচে রামোসকে ফাঁকি দিয়ে কেবল একটি শটই গোলে নিতে পেরেছেন রোনালদো। রামোস যে সফল, তার প্রমাণ মেলে ম্যাচ শেষে কোচ ভিসেন্তে দেল বস্কের কথায়ও, ‘আমরা ওকে (রোনালদো) খুব ভালোভাবে পাহারা দিতে পেরেছি এবং ওর হুমকিটা অকেজো করে দিতে পেরেছি।’শুধু রক্ষণ সামলানোর কাজই নয়, দলের আক্রমণেও ভালো ভূমিকা রাখেন রামোস। ২৪ বছর বয়সী রামোসের স্পেন দলে অভিষেক হয়েছে ২০০৫ সালে। নিজের ১৯তম জন্মদিনের চার দিন আগে সেই অভিষেকের পর খেলে ফেলেছেন ৬৫টি ম্যাচ। গোল ঠেকানোই কাজ হলেও করেছেন ৫টি গোলও। আজ নতুন চ্যালেঞ্জ রামোসের সামনে। প্রথম বিশ্বকাপ শিরোপা জয়ের যে অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে স্পেন, সেই পথে আজ তাদের বাধা প্যারাগুয়ে। এই বাধা পেরোতে আজ আবার ঔজ্জ্বল্য ছড়াতে হবে রামোসকে। স্পেন শিবিরে বিশ্বাস, রামোস পারবেন। রামোসের নিজেরও নিজের ওপর বিশ্বাস আছে।তবে প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধও আছে তাঁর, ‘আমি বিশ্বাস করি যে জিততে পারে, এমন একটা দল আমরা। দল অনেক ভালো খেলছে। তবে এর অর্থ এই নয় যে প্যারাগুয়েকে আমরা সমীহ করছি না। বুঝতে হবে, ওদের কোয়ার্টার ফাইনালে আসাটা কোনো অঘটন নয়।’