একজনের ছবি, আরেকজনের নাম
দুই পাশের দুটি ড্রেসিংরুমে ওঠার সিঁড়ির মুখে দুই দলের খেলোয়াড়দের ছবিসহ তালিকা টাঙানো। উদ্দেশ্য, আইসিসির দুর্নীতি দমন বিভাগের নির্দেশনা অনুযায়ী ড্রেসিংরুমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করা। ওয়েস্ট ইন্ডিজ দলের নাম-ছবি সব ঠিক আছে। কিন্তু বাংলাদেশ দলের তালিকাটা দেখলে চট্টগ্রাম টেস্টে কারা খেলছে, এ নিয়ে সংশয়ে পড়ে যাবেন। মাহমুদউল্লাহ সিরিজে নেই। অথচ তাঁর ছবিসহ নাম আছে। নাম আছে বিতর্কিতভাবে বাদ পড়া মোহাম্মদ আশরাফুলেরও। ১৪ জনের টেস্ট দল, অথচ ১৮ জন খেলোয়াড়ের ছবি। ওই তালিকা অনুযায়ী নাঈম ইসলাম নামে দুজন খেলোয়াড় আছে বাংলাদেশ দলে! ঘটনা হলো, নাঈমের নিজের ছবির নিচে তো তাঁর নাম আছেই, ইলিয়াস সানির ছবির নিচেও লেখা ‘নাঈম ইসলাম’! মুশফিকুর রহিমও দুজন! যদিও চেহারা ভিন্ন—নাসির হোসেনের ছবির নিচে লেখা মুশফিকুর রহিম! নির্বাচকেরা বাদ দিলেও অলক কাপালিও যেমন আছেন টেস্ট দলে! ছবিটা তাঁরই, তবে এখানে তাঁর পরিচয় রকিবুল হাসান! এসব দেখার দায়িত্ব বিসিবির যে বিভাগের, সেই বিভাগের প্রচুর লোকজন ওয়াকিটকি হাতে দুই ড্রেসিংরুমের সামনে অকারণ ব্যস্ততা দেখিয়ে যাচ্ছেন। সাংবাদিকদের ওপর অকারণে খবরদারিও করছেন। কিন্তু ভুলে ভরা বোর্ডটা তাঁদের নীরব বিদ্রূপ করে যাচ্ছে!