একজনের শুরু অন্যজনের সারা

ভবিষ্যৎ ঠিক করেননি এখনো। শোনা যাচ্ছে, রিয়াল মাদ্রিদে ফিরতে পারেন। এমনও হতে পারে, এই ম্যাচের পর অবসরই নিয়ে নিলেন! ১৯৬৩ সাল থেকে পেশাদার ফুটবলের সঙ্গে জড়িয়ে আছেন। কোচিং ক্যারিয়ারেরই বয়স ৩৪ বছর! ঢের হলো। আর কত? এবার নাকি বিশ্রামই নেবেন ইয়ুপ হেইঙ্কেস।
অন্যজনের মাত্র শুরু। বয়স ৪৫। পেশাদার ক্যারিয়ারের বেশিটাই কেটেছে মেইঞ্জের হয়ে দ্বিতীয় বিভাগে। জার্মানির মানুষ তাঁকে চিনল কোচ হিসেবে মেইঞ্জকে আবার শীর্ষ লিগে তুলে আনার পর। বিশ্বে বেশ পরিচিতি পেলেন বরুসিয়া ডর্টমুন্ডকে টানা দুবার লিগ জিতিয়ে। ফুটবল-দুনিয়ার বাকি যারা চিনত না, এখন মনে হয় তারাও এক নামে চেনে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগটার পর। ইয়ুর্গেন ক্লপের সামনে তারকা কোচ হয়ে ওঠার হাতছানি। জিততে হবে মাত্র আর একটা ম্যাচ।
আজকের ফাইনালে শুধু দুটি দল মুখোমুখি হচ্ছে না। মুখোমুখি হচ্ছে ভিন্ন দুটি ইতিহাস, ভিন্ন দুটি যুগ; ভিন্ন দুটি দর্শনও। জার্মান ‘ওল্ড স্কুলে’র মনোযোগী ছাত্র হেইঙ্কেস ছিলেন জার্মান ফুটবলের স্বর্ণোজ্জ্বল সময়টার সাক্ষী। স্ট্রাইকার হিসেবে ১৯৭২ সালে জিতেছেন ইউরো। দুই বছর পর বিশ্বকাপ। বাড়ির পাশের ক্লাব বরুসিয়া মনশেনগ্লাডবাখে খেলেছেন। কোচ হিসেবেও এই ক্লাবেই যাত্রা শুরু। কোচ হয়েই বায়ার্ন মিউনিখের আঙিনায় প্রথম পা রাখেন ১৯৮৭ সালে। টানা দুটি লিগ জিতিয়েছেন বায়ার্নকে।
কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জনটা অবশ্য রিয়ালে। মাত্র এক বছর ছিলেন। তাতেই রিয়ালকে জিতিয়েছিলেন তাদের অষ্টম ইউরোপিয়ান কাপ। ডর্টমুন্ডের উত্থানে সন্ত্রস্ত বায়ার্ন আবার তাঁর দ্বারস্থ হয়। এই মৌসুমে তো বায়ার্নকে চিরক্ষুধার্ত এক বাঘ বানিয়ে ফেলেছেন। আড়াই ডজনেরও বেশি রেকর্ড গড়ে লিগ পুনরুদ্ধার করেছে বায়ার্ন। প্রথম জার্মান দল হিসেবে শিরোপাত্রয়ী জেতারও উজ্জ্বল সম্ভাবনার সামনে।
আজ ফাইনাল জিতলে হেইঙ্কেসের নামও উঠবে সংক্ষিপ্ত এক তালিকায়। যে তালিকায় আছেন কেবল তিনজন—আর্নস্ত হ্যাপেল, ওটমার হিজফেল্ড ও হোসে মরিনহো। ভিন্ন দুই ক্লাবের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার কীর্তি। ৬৮ বছর বয়সী হেইঙ্কেসকে মনে হচ্ছে ভীষণ আত্মবিশ্বাসী, তালিকায় নাম তাঁর উঠছেই, ‘তারা যা কিছু অর্জন করেছে সেজন্য ডর্টমুন্ডের ওপর আমার শ্রদ্ধা আছে। কিন্তু এই মৌসুমে আমরা ওদের জার্মান কাপে হারিয়েছি, সুপার কাপেও। লিগে দুবার ড্রও করেছি। এই ফলাফলগুলো কিন্তু খুবই ইঙ্গিতবহ।’
বয়সে তাঁর চেয়ে ২৩ বছরের ছোট ক্লপের সঙ্গে সরাসরি কথার লড়াইয়ে হেইঙ্কেস নামেননি। বুদ্ধিমানের মতোই কাজ করেছেন। বিশ্বমিডিয়ার আলোয় এসে পড়ার পর দেখা যাচ্ছে, ক্লপ কথাবার্তায় মরিনহোরও চেয়েও এককাঠি সরেস। এবং অবশ্যই ফুটবল-মস্তিষ্কটা তাঁর ‘স্পেশাল ওয়ানে’র মতোই ধুরন্ধর। ১২ বছরের খেলোয়াড়ি ক্যারিয়ারের ছয় বছর ছিলেন স্ট্রাইকার, পরের ছয় বছর ডিফেন্ডার। অদ্ভুত এই বৈপরীত্যের কারণেই হয়তো রক্ষণ এবং আক্রমণের ছক দুটিই তাঁর ভালো জানা। পাল্টা-আক্রমণে এতটাই অবিশ্বাস্য গতিধর তাঁর দল, মরিনহো পর্যন্ত সমীহ করেছেন।
আজ ডাগ-আউটেও তাই মাঝেমধ্যেই আকৃষ্ট হবে দৃষ্টি। দুটি ভিন্ন জগতের মানুষ ক্ষীণ দূরত্বে দাঁড়িয়ে থাকবেন। ভীষণভাবে শৃঙ্খলাপরায়ণ, কঠোর পরিশ্রম, আরও আরও উন্নতিই শেষ কথার সনাতনী দর্শনে বিশ্বাসী হেইঙ্কেসের নড়াচড়া থাকবে সামান্যই। তবে মুখটা টকটকে লাল হয়ে যাবে ক্ষণে ক্ষণে। যে কারণে তাঁর ডাকনামই হয়ে গেছে ‘ওসরাম’, যেটি জার্মান বাল্ব প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম। অন্যদিকে নিজের খেলোয়াড়দের চেয়ে বেশি আবেগময় মনে হবে ক্লপকে। খেলোয়াড়দের কাছে যিনি যতটা না ‘বস্’ তার চেয়েও বেশি ‘বন্ধুর মতো বড় ভাই’।
লড়াইটা দুই মেরুর দুটি চরিত্রেরও!