একটা আশা বেঁচে রইল ইন্টারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমের টেব্রলজয়ী ইন্টার মিলানের মধুচন্দ্রিমা এবার স্থায়ী ছিল এ মৌসুমের মাঝামাঝি পর্যন্ত! টটেনহাম হটস্পারের কাছে হেরে শেষ ষোলোতেই উড়ে গেছে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন। লিগ শিরোপা জয়ের লড়াই থেকেও ছিটকে পড়েছে ‘নেরাজ্জুরিরা’। তবে একটা শিরোপা জয়ের স্বপ্ন অন্তত বাঁচিয়ে রাখা গেছে—ইতালিয়ান কাপ। পরশু স্টানকোভিচের দুর্দান্ত এক গোলে সেমিফাইনালের প্রথম লেগে রোমাকে ১-০ গোলে হারিয়েছে লিওনার্দোর ইন্টার মিলান। ইতালিয়ান কাপ ইন্টার জিততে পারে, তবে তাতে তাদের ব্রাজিলিয়ান কোচ লিওনার্দোর খুব একটা লাভ হবে বলে মনে হয় না। ইতালির সংবাদমাধ্যম তাঁকে বিদায় ঘণ্টা শোনাচ্ছে। সানসিরোতেও চলছে লিওনার্দোর বিদায় নিয়ে আলোচনা। তাতে অবশ্য কান দিচ্ছেন না ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য, ‘আমি বরখাস্ত হওয়ার গুঞ্জনে ভয় পাচ্ছি না। কখনোই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আমি সব সময় বর্তমান নিয়ে চলি।’ লিওনার্দোর শঙ্কাহীন থাকার যথেষ্ট কারণও আছে। সেটি গোপনও রাখেননি ব্রাজিলের সাবেক মিডফিল্ডার, ‘আমি এসব নিয়ে মোটেই ভাবি না। সভাপতি মাসিমো মোরাত্তির সঙ্গে আমার ভালো সম্পর্ক। তিনি আমাকে ভালোই জানেন, তিনি জানেন আমার চিন্তা কেমন বা কী নিয়ে। আমার শুধু একটা বিষয়েই আগ্রহ আছে—দল কীভাবে জিতবে সেই সমাধান খুঁজে বের করা।’ লিওনার্দো সেই সমাধান ইতালিয়ান কাপেই খুঁজে নিতে চাইবেন। এএফপি, ওয়েবসাইট।