একটা উদাহরণও গড়ল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা উদাহরণও গড়ল শেখ জামাল
একটা উদাহরণও গড়ল শেখ জামাল

ফেডারেশন কাপ ঘরে তুলে শেখ জামাল ধানমন্ডি নিজেদের শুধু মাঠেই সেরা প্রমাণ করেনি, মাঠের বাইরেও অন্যদের জন্য রেখেছে অনেক উদাহরণ।
একটা পেশাদার কাঠামো গড়ে তুলেছে শেখ জামাল। যেটি বাংলাদেশে আর কোনো ক্লাবের নেই। সেরা খেলোয়াড় দলভুক্ত করলেই চ্যাম্পিয়ন, এমন নিশ্চয়তা এখন আর কেউ দিতে পারে না। মাঠের বাইরে দলীয় ব্যবস্থাপনার ওপর সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে। শেখ জামালের মাঠের বাইরের সুষ্ঠু এবং আন্তরিকতাপূর্ণ ব্যবস্থাপনাও দলটাকে গত পরশু সেরার আসনে বসিয়েছে ২৮তম ফেডারেশন কাপে।

একটা পেশাদার দলের আবশ্যকীয় অনুষঙ্গ মাঠ, ফিটনেস ট্রেনার, ফিজিও, ভালো প্রস্তুতিসহ দল ব্যবস্থাপনা। এই দিকগুলো বিবেচনায় নিলে শেখ জামালের ধারেকাছে নেই কেউ। শেখ জামালই একমাত্র দল যারা একজন ট্রেনার এনেছে—বাংলাদেশ জাতীয় দলের সাবেক আর্জেন্টাইন ট্রেনার আরিয়েল কোলম্যান। তিন মাস আগে অনুশীলনে নামা শেখ জামালের অনেক পরে প্রস্তুতিতে নামে অন্য দলগুলো। সাফল্যের জন্য চাই শক্তিশালী রিজার্ভ বেঞ্চ। যেটি এবার শেখ জামালের আছে।

খেলোয়াড়দের খুশি রাখাও দলের জন্য গুরুত্বপূর্ণ। কেননা, বেতন-ভাতা নিয়ে অসন্তোষের কারণে কোনো কোনো বড় দল তাদের খেলোয়াড়দের কাছ থেকে শতভাগ পায় না বলে প্রচার আছে। শেখ জামালে এই সমস্যামুক্ত। সনি নর্দের মতো খেলোয়াড়কে রেকর্ড ৭৩ হাজার ডলারে চুক্তিবদ্ধ করেছে শেখ জামাল। জনপ্রিয় আবাহনী-মোহামেডান চাইলে অর্থ সংগ্রহ করে এই মানের ফুটবলার আনতে পারে। এই দলগুলোর তেমন চেষ্টা দৃশ্যমান নয়।

ক্লাবের পরিবেশ, নিয়মানুবর্তিতা, সময়মতো সবকিছু সরবরাহ—এগুলোও কম গুরুত্বপূর্ণ নয়। শেখ জামালে এসব দিক থেকেও পরিপূর্ণ। ক্লাব সভাপতি মনজুর কাদেরের বিরুদ্ধে একটা গুঞ্জন শোনা যেত আগে। তিনি একনায়ক, দল গঠন, একাদশ তৈরি থেকে সবকিছু তাঁর কথায় চলে। এবার গুঞ্জনটা থেমে গেছে। কোচ যোসেফ আপুসি নিজের পরিকল্পনামতো দল সাজাতে পারছেন, ‘আমি যেভাবে চাইছি, সেভাবেই সব করছি। আমাদের ফেডারেশন কাপ জেতার নেপথ্যে এর ভূমিকা আছে।’

দলে কোনো উপদল নেই, যেটা অনেক দলকেই কুরে কুরে খাচ্ছে। শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম এই সাফল্যকে বিশ্লেষণ করলেন এভাবে, ‘কাদের ভাইয়ের কাছে যখন যা চেয়েছি পেয়েছি। তাঁর মুখে না শব্দ নেই। টাকা খরচের ক্ষেত্রে মানুষটা উদার, একটা পেশাদার দল গড়তে এটা খুব দরকার।’
সুযোগ পেলে থাইল্যান্ড সফরে গিয়ে প্রীতি ম্যাচ খেলার ইচ্ছে আছে শেখ জামালের। আমন্ত্রণ পেলে ভারতের আইএফএ শিল্ডেও যেতে চায় দলটি। মনজুর কাদেরের স্বপ্ন অনেক দূর, ‘আইএফএ শিল্ডে খেলে কলকাতার মোহনবাগান-ইস্ট বেঙ্গলকে হারানোর স্বপ্ন দেখছি আমি।’
মনজুর কাদের চাইলে যে এই স্বপ্নটা পূরণ করতে পারেন, এমন সংশয় প্রকাশ করার লোক এখন খুব কম।