একটা জয়ের আকুতি ক্লার্কের!
সিরিজ জয়ের আশা শেষ আগেই। পরশু পেলেন অধিনায়ক হিসেবে প্রথম ওয়ানডে সিরিজ হারের স্বাদ। এখন শুধু একটা জয় নিয়ে ইংল্যান্ড ছাড়ার আকুতি মাইকেল ক্লার্কের কণ্ঠে। সিরিজ শুরুর আগে কে-ই বা ভাবতে পেরেছিল! পরিষ্কার ফেবারিট হিসেবে সিরিজ শুরু করেছিল অস্ট্রেলিয়া। শুধু ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল বলেই নয়। গত অ্যাশেজে ইংল্যান্ডের কাছে নাস্তানাবুদ হওয়ার পরও ওয়ানডে সিরিজে চিরশত্রুদের অস্ট্রেলিয়া উড়িয়ে দিয়েছিল ৬-১-এ। সেই দলটাই ইংল্যান্ডে এসে এখন কাঁপছে ধবলধোলাইয়ের শঙ্কায়। অসিদের জন্য সবচেয়ে বড় শঙ্কা, সিরিজ যত এগোচ্ছে, ইংল্যান্ড জিতছে ততই সহজে। প্রথম ম্যাচে ১৫ রানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে জিতেছে ৬ উইকেটে। তৃতীয় ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। পরশু সিরিজের চতুর্থ ম্যাচে চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ড জিতেছে ৮ উইকেটে। প্রতিকূল কন্ডিশনে টস হার থেকে শুরু করে কিছুই যায়নি অস্ট্রেলিয়ার পক্ষে। ইংলিশ পেসারদের সুইং বোলিংয়ে ৯৫ রানে ৬ উইকেট হারানো অস্ট্রেলিয়া ২০০ পর্যন্ত যেতে পেরেছিল ডেভিড হাসির ৭০ রানের সৌজন্যে। তবে সহজ হয়ে আসা উইকেট আর ইংলিশ ব্যাটসম্যানদের নিয়ন্ত্রিত ও সতর্ক ব্যাটিংয়ে লড়াই করতেই পারেনি ক্লার্কের দল। ফর্মে থাকা চার ব্যাটসম্যান—ইয়ান বেল (৬৯), অ্যালিস্টার কুক (২৯), জোনাথন ট্রট (৬৪*) ও রবি বোপারা (৩৩*) দলকে লক্ষ্যে পৌঁছে দেন ১৩ বল আগেই। দুবার টানা দুই বলে উইকেট নিয়ে ম্যাচসেরা স্টিভেন ফিন (৪/৩৭)।ক্লার্ক কোনো অজুহাত দেননি। বরং শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছেন সান্ত্বনার খোঁজে, ‘ইংল্যান্ড কন্ডিশনের সহায়তা বেশি পেয়েছে, তবে অজুহাত বের করা খুব সহজ। আসল কথা হলো, আমরা স্রেফ উড়ে গেছি। লর্ডসে কন্ডিশনের সহায়তা আমরা পেয়েছিলাম, কিন্তু ইংল্যান্ড ঠিকই আমাদের হারিয়েছে। যা-ই হোক, এখন একটা ম্যাচ বাকি। কোনো সন্দেহ নেই, একটা জয় ছাড়া দেশে ফিরলে আমি খুবই হতাশ হব।’ ৫-০-তে জিততে পারলে র্যাঙ্কিং শীর্ষে উঠে যেত ইংল্যান্ড। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় সে সুযোগ এখন আর নেই। তার পরও ইংলিশদের প্রাপ্তি কম নয়। পরশুর জয় ছিল তাদের টানা নবম ওয়ানডে জয়, নিজেদের রেকর্ড। টানা সাত সিরিজ জিতে গড়েছে নিজেদের আরেকটি রেকর্ড। কুকের চোখ এখন ধবলধোলাইয়ের দিকে, ‘৩-১-এর চেয়ে ৪-০ অনেক ভালো দেখায়! ওরা এটা হতে না দিতে মরিয়া থাকবে। আমাদের তাই আগের ম্যাচগুলোর মতোই ক্ষুধার্ত থাকতে হবে। টানা ১০ ম্যাচ জয় হবে দারুণ!’ এএফপি, ওয়েবসাইট।শেষ ম্যাচ আগামীকালই, ওল্ড ট্রাফোর্ডে। মান বাঁচানোর লড়াইয়ের আগে অস্ট্রেলিয়া শুনেছে আরও দুঃসংবাদ। চোটের কারণে অনিশ্চিত শেন ওয়াটসন ও ব্রেট লি।