একটা ট্রফি চায় ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে বলা হয় ক্রিকেটের সূতিকাগার। খেলাটার জন্ম থেকে শুরু করে বিবর্তন, পরিবর্তনের অনেকটুকুই তাদের হাতে। ওয়ানডে, টি-টোয়েন্টির উদ্ভাবকও তারা। অথচ সেই ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ট্রফি ক্যাবিনেটটাই কি না খাঁ খাঁ করছে। এমন নয় যে সত্যিই কোনো ট্রফি নেই, কিন্তু আইসিসির কোনো টুর্নামেন্টের ট্রফিবিহীন ক্যাবিনেট তো শূন্য ক্যাবিনেটের মতোই! প্রতিষ্ঠিত ক্রিকেট শক্তিগুলোর মধ্যে একমাত্র তারাই কেবল কোনো আইসিসি টুর্নামেন্টের শিরোপা পায়নি। তবে এবার এই লজ্জা ঘুচিয়ে দিতে চায় ইংল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে আজই শুরু হচ্ছে ইংলিশদের ‘ট্রফি জয়’ অভিযান।প্রথম দুই টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ইংল্যান্ড। তবে ক্যারিবিয়ার উইকেট আর নিজেদের স্পিন শক্তি এবার স্বপ্ন দেখাচ্ছে ইংলিশদের। এই দুটোর যোগসূত্রেই অনেক দূর যাওয়ার আশা দলের তারকা ব্যাটসম্যান কেভিন পিটারসেনের, ‘আমার তো মনে হয় আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। আমাদের ভালো কয়েকজন স্পিনার আছে, গ্রায়েম সোয়ান তো বিশ্বমানের, প্রস্তুতি ম্যাচগুলোয় মাইকেল ইয়ার্ডিও খুব ভালো করেছে। আমরা যদি ফিল্ডিংটা ভালো করতে পারি, অসাধারণ কিছু ক্যাচ নিতে পারি, তাহলে অনেক দূর না যাওয়ার কোনো কারণই তো আমি দেখি না। তবে সম্ভাবনা সবারই আছে, খেলাটা অনিশ্চয়তায় ভরা।’ এই অনেক দূর যাওয়াটা যদি হয় ফাইনাল পর্যন্ত, তাহলে অবশ্য খেলতে পারবেন না পিটারসেন নিজেই। প্রথম সন্তানের মা হতে যাওয়া স্ত্রীর পাশে থাকার জন্য ছুটিটা আগেই নিয়ে রেখেছেন ইংলিশদের অন্যতম বড় ভরসা।অফ স্পিনার সোয়ান ইতিমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সব ধরনের ক্রিকেটেই বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে, দুটি প্রস্তুতি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ইয়ার্ডি। ইংল্যান্ড হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে। আইপিএলে চূড়ান্ত ব্যর্থ এউইন মরগানের প্রস্তুতি ম্যাচে রান পাওয়াটাও স্বস্তি হয়ে এসেছে তিনটি বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাওয়া অধিনায়ক পল কলিংউডের। সংক্ষিপ্ত সংস্করণে গত কিছুদিনে ইংল্যান্ডের অন্যতম ভরসা মরগান অবশ্য আইপিএলকেই নিজের জন্য বড় অভিজ্ঞতা বলে মানছেন, ‘কুম্বলে-দ্রাবিড়কে কাছ থেকে দেখা, তাঁদের মানসিকতা বোঝা, দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়াসহ অনেক দেশের ক্রিকেটারদের সঙ্গে খেলা থেকে অনেক শেখার আছে। আমি মনে করি, মানসিকভাবে আমি আরও শক্ত হয়ে এসেছি।’ ওয়েবসাইট।