একটা পদক পেলেই খুশি মারে
কয়েক দিন আগে ঘরের মাঠে দেশবাসীকে ডুবিয়েছেন স্বপ্নভঙ্গের বেদনায়, ফাইনালে উঠেও চুমু খেতে পারেননি উইম্বলডন ট্রফিটিতে। তবে এবার দেশের মাটিতে সেই ঘাসের কোর্টেই আরেকটা সুযোগ পেতে যাচ্ছেন, লন্ডন অলিম্পিকে অ্যান্ডি মারে নিশ্চয়ই চাইবেন সোনার পদকটা গলায় ঝোলাতে! রজার ফেদেরারের কাছে ফাইনালে হেরে গ্র্যান্ড স্লামে ইংলিশদের ৭৬ বছরের শিরোপার প্রতীক্ষাটা আরেকটু লম্বা হয়েছে। ২৮ জুলাই থেকে দেশের মাটিতে শুরু হতে যাওয়া অলিম্পিকে জিতলে সেই ক্ষতে একটু হলেও প্রলেপ পড়বে। মারে এখন প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন জোরেশোরে, ‘সাধারণত গ্র্যান্ড স্লামের পর কয়েক সপ্তাহ একটু অবসর থাকে। এবার অবশ্য মাত্র কয়েক দিনের মধ্যে আমাকে কোর্টে নেমে পড়তে হয়েছে। ফাইনালের পর যে সমর্থন আমি পেয়েছি, সেটা কোর্টে ফেরাতে আমাকে উদ্দীপ্ত করেছে। দারুণ ছিল এটা। সবাই এত সমর্থন জুগিয়েছিল যে, এটাই আমাকে ঠিক পথে ফিরিয়ে লন্ডনের জন্য প্রস্তুত হতে সাহায্য করেছে।’”দিন কয়েক আগে চোটের কারণে অলিম্পিক থেকে ছিটকে পড়েছেন রাফায়েল নাদাল। বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নের বিদায়ে মারের সম্ভাবনা একটু হলেও উজ্জ্বল হয়েছে। মারে অবশ্য নাদালের জন্য সমবেদনাই ঝরিয়েছেন, ‘তাকে (নাদাল) আমি কয়েকবার মেসেজ পাঠিয়েছিলাম। তাকে না পাওয়াটা অলিম্পিকের জন্যই ভালো হলো না।’ রয়টার্স। সোনা বা রুপা নয়। অলিম্পিকে একটা পদক জয়কেই অনেক বড় করে দেখছেন মারে, ‘আমি যদি একটা গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে হেরে যেতাম, তবে ব্যাপারটা হতো খুবই হতাশাজনক। কিন্তু এখানে যদি আপনি একটা পদকও জেতেন, সেটা যদি ব্রোঞ্জও হয়, তবে সবাই আপনাকে বাহবাই দেবে।’