বাংলাদেশ জেতার পর নির্ভার হওয়া গেল। তবে জিমি সিডন্স যদি মনে করেন, শুধু তাঁর ছেলেরা মাঠে খেলে জিতেছেন, তাহলে ক্রিকেটপাগল দেশের লোকদের প্রতি অবিচার করা হবে। আয়ারল্যান্ড যখন ৬৬/২, তখন আর টিভির সামনে বসে থাকতে পারছিলাম না। উৎপল শুভ্র ঠিকই বলেছেন, দুর্বল চিত্তের লোকদের জন্য সেদিনের খেলাটা ছিল না। উত্তেজনা কমাতে অন্য কামরায় এসে কী একটা কাজে মনোযোগ দিলাম, হঠাৎ শুনি টিভির ঘর থেকে ছেলেদের আওয়াজ। আয়ারল্যান্ডের তৃতীয় উইকেট পড়ল। আবার টিভির সামনে বসার পর দেখি উইকেট আর পড়ে না। আবার কামরা বদলালাম। যতবার আমি টিভির সামনে থেকে সরলাম, ততবার আয়ারল্যান্ডের একটা করে উইকেট পড়ল। আমি যদি ওই কৌশলটা না নিতাম, তাহলে বাংলাদেশ কি আয়ারল্যান্ডকে অত কম রানে আউট করতে পারত? আমার মতো এমন কোটি কোটি লোক সহস্র কোটি কৌশলের আশ্রয় নেওয়াতেই না বাংলাদেশ ওই বিখ্যাত জয়টা পকেটে পুরতে পারল। তাই তো সাকিব বললেন, দর্শকদের বিরাট সমর্থন না থাকলে উদ্বুদ্ধ হওয়া কঠিন ছিল। যা হোক, শুক্রবারের ওই টেনশনের খেলাটা জয়ের মধ্য দিয়ে শেষ হওয়ায় এখন একটু হাসতে পারছি। হাসির জায়গাটা হলো আয়ারল্যান্ডের অধিনায়ক পোর্টারফিল্ডের ইংরেজি নিয়ে। উনি গাভাস্কারকে গড়গড় করে কী বললেন কিছুই বোঝা গেল না। গাভাস্কারও যেন খানিকটা হতভম্ব হলেন। তিনি আর কোনো প্রশ্ন জিজ্ঞেস না করে বিজয়ী অধিনায়ক সাকিবকে ডাকলেন। ওয়েস্ট ইন্ডিয়ানদের ইংরেজি খানিকটা হলেও অনুধাবন করা যায়, কিন্তু আইরিশদের নৈবচ নৈবচ। আসলে আইরিশ আর ওয়েস্ট ইন্ডিয়ানদের জন্য ইংরেজিটা হলো খালাতো ভাষা। আতহার খানিকটা শফিউলকে নিয়ে মজা করলেন। আতহার ডাকাতে শফিউল ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভেবে মাইকের সামনে এলেন। আতহারের চোস্ত ইংরেজির কাছে শফিউল বারবার ইশারায় আকুতি জানাচ্ছিলেন আবার বলার জন্য। শফিউল তার পরও খারাপ চালালেন না। অন্তত ইনজামাম-উল হকের চেয়ে ভালো করলেন। যাঁর সঙ্গে শেষমেশ রমিজ রাজা উর্দুতে বাতচিত শুরু করেছিলেন। এখানে সীমারেখাটা টানা রমিজ রাজা বা গাভাস্কারদের জন্য একটু কষ্টকর। বাংলায়, হিন্দিতে বা উর্দুতে প্রশ্ন করলে বিশ্ববাসী বুঝবে না। আবার যাদের ইংরেজি সড়গড় নয়, তাদের ইংরেজিতে প্রশ্ন করলে কেমন একটা অবিচার হয়েছে মনে হয়। আবার ইংরেজিতে প্রশ্ন না করলে, যারা ইংরেজিতে সড়গড় নয়, তারা ইংরেজিতে বলা শিখবে কীভাবে? ক্রিকেটের আয়োজক সংস্থা আইসিসির সহযোগী সদস্যপদ বহু দেশে ছড়িয়ে থাকলেও এর কর্মকাণ্ডের কেন্দ্রীয় চৌহদ্দি মোটামুটি ইংরেজি জানা দেশগুলোর ভেতরে। কিন্তু ফুটবলের কর্তা পরিষদ ফিফার ওই অসুবিধা নেই। সব ভাষাই প্রায় চলে। তবে এই ম্যাচটা অনেকের মনে থাকবে আশরাফুলের কল্পিত বক্সিং রিংয়ের মধ্যে মোহাম্মদ আলীর মতো বাতাসে পাঞ্চিং করার উদ্যাপন দেখে। সাকিবের অনন্য কাপ্তানিক কুশলতায় আশরাফুল এলেন তাঁর অফ স্পিন নিয়ে। প্রথমটি ১৬ রান করা জয়েসকে কট অ্যান্ড বোল্ড করলেন নিজেই। দু-তিনটি লাফ দিলেন। শফিউলের মতো অতটা উড়ন্ত লাফ নয় যদিও বা। কয়েক বল পরে যে বলটা দিলেন, সেটা ব্যাটসম্যান হোয়াইট অফ কাটার করতে চেয়েছিলেন। বল ব্যাটের ডগাকে ফাঁকি দিয়ে ঘা দিল উইকেটে। আশরাফুলেরটা অফ স্পিন হলেও মনে করিয়ে দিল শেন ওয়ার্নের সে বিখ্যাত লেগ স্পিন, যেটা পায়ের এক হাত পেছন দিয়ে বাঁক খেয়ে ইংল্যান্ডের মাইক গ্যাটিংয়ের অফ স্টাম্পকে চুমু খেয়েছিল। আশরাফুল যদি ১১ মার্চ চট্টগ্রামে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে সুযোগ পান আর এমন একটা বলে পিটারসেন বা ট্রট, বরঞ্চ বলা ভালো খাঁটি ইংরেজ স্ট্রাউসকে আউট করতে পারেন, তা হলে তাঁর সে বলটা শেন ওয়ার্নের বলের পাশাপাশি জায়গা পেয়ে যাবে। সব দলের বিরুদ্ধে কৃতিত্ব দেখানো এক কথা, আর ইংল্যান্ডের বিরুদ্ধে দেখানো আরেক কথা। লারার ৩৭৫ এবং ৪০০ নটআউট ইনিংস দুটি যদি ইংল্যান্ডের বিরুদ্ধে না হয়ে অন্য কোনো দেশের বিরুদ্ধে হতো, তা হলে এতটা নাচানাচি হতো না। ইংল্যান্ড মিডিয়া হাইপের শক্তিটা অবশ্য ক্রিকেটে ভারতীয় মিডিয়া নেওয়ার চেষ্টা করছে। সে যা হোক, আশরাফুলের কথায় ফিরে আসি। দ্বিতীয় উইকেট নিয়ে আশরাফুল আত্মহারা হয়ে পাঞ্চিংয়ের মকশো করলেন। ক্রিকইনফো সেটাকেই ওই দিনের খেলার মূল ইমেজ করে ছাপাল। আশরাফুল যেন নিজেকে জানিয়ে দিলেন, আমি ফিরে এসেছি। যেন আরেকবার জানিয়ে দিলেন, বাংলাদেশের সবগুলো স্নায়ুক্ষয়ী জয়ী ম্যাচে আশরাফুলের অবদান থাকবেই। তার পরও, আশরাফুল ইংল্যান্ডের বিরুদ্ধে চমৎকৃত হওয়ার মতো কিছু না করলে যে কৌলীন্য পাবেন না!