একটা লড়াই আছে তাঁদেরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চব্বিশ বছর আগে মুখোমুখি হয়েছিলেন তাঁরা। দুজনের মনেই আছে সেই সময়ের অনেক স্মৃতি, যার বেশির ভাগটাই তেতো।তাঁরা মানে আর্জেন্টিনার কোচ ডিয়েগো ম্যারাডোনা এবং এবং দক্ষিণ কোরিয়ার কোচ হু জুং-মু। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে পরস্পরের বিপক্ষে লড়েছেন মাঠে। এবার লড়বেন ডাগ-আউটে দাঁড়িয়ে থেকে। ভূমিকা পাল্টেছে, তার পরও প্রতিদ্বন্দ্বিতার মাত্রায় বিশেষ তফাৎ হবে বলে মনে হয় না। ২৪ বছর আগে অধিনায়ক ম্যারাডোনার আর্জেন্টিনা অনায়াসে জিতেছিল ৩-১ গোলে। কোচ ম্যারাডোনা চাইবেন ফলাফলের পুনরাবৃত্তি। তবে দুই যুগ আগে ম্যারাডোনাকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব পালন করা হু নাকি এবারও সহজে পার পেতে দেবেন না আর্জেন্টিনাকে।২৪ বছর আগের একটা ছবি আজও পাল্টায়নি। তখনো ম্যারাডোনা ছিলেন ফুটবলে এক মহা তারকা। হু তখনো ছিলেন তারকাখ্যাতির বাইরে। আজও। দুজনের কোচিংয়ের ধরন-ধারণেও আছে ব্যবধান। ম্যারাডোনা যেখানে শিষ্যদের প্রতি বন্ধুবৎসল, সেখানে হু দল চালান অনেকটা স্বৈরশাসকের কায়দায়।৫৫ বছর বয়সী হু তাই ২০০৭ সালে তৃতীয়বারের মতো জাতীয় দলের দায়িত্ব পাওয়ায় অনেকেই আঁৎকে উঠেছিলেন। দেশে তাঁর ডাকনাম ‘জিন্দো’, যেটি কিনা এক জাতের কুকুরের নাম! যে কুকুরটি একরোখামির জন্য কুখ্যাত। কোরীয় কোচের স্বভাব ব্যাখ্যা করার জন্য তাঁর ডাকনামটাই তাই যথেষ্ট! তবে এখন নাকি তাঁর সুর অনেকটাই নরম। ম্যারাডোনার মতোই বন্ধুবৎসল হয়ে ওঠার চেষ্টা করছেন। এখন খেলোয়াড়দের মতামত আর অনুভূতিকেও নিজের কৌশলে ঠাঁই দিতে চেষ্টা করেন তিনি। ইতিবাচকতা আর বন্ধুত্বপূর্ণ নেতৃত্বের কৌশল আত্মস্থ করতে এ বিষয়ে আত্মোন্নয়নমূলক বইও পড়ছেন ঢের।হুর চেয়ে পাঁচ বছরের ছোট ম্যারাডোনা জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন ২০০৮-এর অক্টোবরে। এটাই কোচ হিসেবে তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট। কিন্তু সাফল্য বিশেষ আসেনি। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে এসেছেন ঠেলেঠুলে। কোচ হিসেবে তাঁর দক্ষতা নিয়েও সমালোচনার ঝড় ওঠে। কিন্তু নাইজেরিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার পর নিন্দুকদের সুরও এখন নরম। এমনিতে একটু স্বার্থপর গোছের হলেও ম্যারাডোনার মন্ত্রে পুরো দল সত্যিকার অর্থেই হয়ে উঠেছে একদেহ। কোচ যখন খেলোয়াড়দের সঙ্গে মিশে যান, তখন হয়তো এ রকমই হয়। কোচ হিসেবে রাশভারি ভড়ং নেই। বরং অনুশীলনে খেলোয়াড়দের প্রয়োজন হলে আইস বক্স আনতে ম্যারাডোনা নিজেই ছোটেন। অনুশীলনের পর সবাইকে জড়িয়ে ধরে উৎসাহ জোগান। কখনো পিতা, কখনো ভাই, কখনো বন্ধু; অনুশীলনে ম্যারাডোনা কখনো কখনো গলায় বাঁশি ঝুলিয়ে নিয়ে নিচ্ছেন রেফারির ভূমিকাও।পার্থক্য যাই থাক, আজ ম্যারাডোনা আর হু দুজনই বড় পরীক্ষার মুখোমুখি। আজ দুই ধরনের কোচিং কৌশলেরও পরীক্ষা। তবে ঘুরেফিরে আলোচনা যাচ্ছে ছিয়াশির প্রথম রাউন্ডেই। ম্যারাডোনা নিজেও কদিন আগে বলেছিলেন, হুয়ের ব্যাপারে তাঁর একটা কথাই মনে আছে। হু সারাক্ষণ মাছির মতো পেছনে লেগে ছিলেন। আর ম্যারাডোনার ভাষ্যমতে, সেদিন দক্ষিণ কোরিয়ানরা নাকি ফুটবলই খেলেনি, ‘হুর কথা আমার ভালোই মনে আছে। ১৯৮৬তে ওরা, কোরিয়ানরা আমাদের বিপক্ষে তো ফুটবল খেলেনি, খেলেছিল তায়কোয়ান্দো।’ ওয়েবসাইট।