
স্বপ্ন সবাই দেখে। সেই স্বপ্ন কারও কাছে সত্যি হয়ে ধরা দেয় অনায়াসে। কারও কাছে তা চাপা পড়ে দুর্ভাগ্যের দেয়ালে। মেক্সিকো ফুটবল দলের মাঝমাঠের রত্ন হেক্টর হেরেরার গল্প অবশ্য ভিন্ন। কিন্তু এই রত্নটিই একসময় হেরে যেতে বসেছিলেন অর্থের কাছে। অর্থই শ্বাস রোধ করতে চেয়েছিল তাঁর ফুটবল ক্যারিয়ারের।
গল্পটা জানতে পেছনে ফিরে যেতে হয় মাত্র চার বছর। হেরেরা তখন আজকের হেরেরা হয়ে ওঠেননি। মেক্সিকান লিগের এক নিচু সারির দলে খেলতেন, পারিশ্রমিক নামকাওয়াস্তে। তরুণ দম্পতির নতুন সংসারে নুন আনতে পান্তা ফুরাত। ওই আয়ে আর যাই হোক, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করা অসম্ভব। হেরেরা তখন বাবা হতে চলেছেন। একজন গর্ভবতী স্ত্রীর পরিচর্যার জন্য ন্যূনতম যতটুকু করা প্রয়োজন, ততটুকু করার সাধ্য ছিল না তাঁর। হাত যে একেবারেই খালি! অথচ স্ত্রীকে ডাক্তার না দেখালেই নয়। খুব কঠিন ছিল দারিদ্র্যের কশাঘাতে জর্জরিত সেই দিনগুলো।
ফুটবল খেলে যা পেতেন, তাতে সংসার খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। জীবনযুদ্ধে একেকটি দিন পার হতো আর হেরেরা স্বগতোক্তি করতেন, ‘আরেকটু লড়াই করে দেখি!’ অবস্থার উন্নতি হচ্ছিল না। নিরুপায় হয়ে স্ত্রী বললেন, ‘খেলা ছেড়ে দাও। এর চেয়ে বরং দুজন মিলে চাকরি করেই সংসার চালাব।’ কিন্তু ধমিনজুড়ে বয়ে চলা ফুটবল কণিকাকে ভুলে যাবেন কী করে? হাল ছাড়েননি। নিজের সবটুকু নিংড়ে দিলেন ফুটবল মাঠে। কথায় আছে না, ‘পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি!’, হেরেরার ওপর চোখ পড়ল মেক্সিকোর অন্যতম সেরা ক্লাব পাচুকার। জীবনটা একটা খাদের কাছে এসে ঘুরে গেল উল্টো দিকে।
পাচুকার হয়ে মাঝমাঠ মাতালেন। চোখ ধাঁধানো পারফরম্যান্সে তাক লাগিয়ে দিলেন সবার। ডাক পেলেন ২০১২ অলিম্পিক গেমসের বাছাইপর্বের মেক্সিকান দলে। প্রতিযোগিতায় সবগুলো দেশের কোচদের ভোটে জিতলেন সবচেয়ে দামি খেলোয়াড়ের খেতাব। টুর্নামেন্ট সেরা মেক্সিকোর হয়ে পেলেন সোনার পদক। বিধাতা যেন ত্যাগ স্বীকারের ফল দুহাত ভরে দিতে চাইলেন হেরেরাকে। অলিম্পিকে দুর্দান্ত পারফরম্যান্স পরশ পাথরের মতো কাজ করল। এফসি পোর্তোর মতো ক্লাব তাঁর সঙ্গে চুক্তি করল সাড়ে দশ মিলিয়ন ইউরোয়।
ভুল শোনেননি, অঙ্কটা সাড়ে দশ মিলিয়নই! হেরেরার নিজের কাছেই এখনো বিশ্বাস হতে চায় না। মাত্র ২৪ বছর বয়সেই নিজেকে জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করেছেন। আর্জেন্টাইন মিডফিল্ডার রিকেলমেকে নিজের আদর্শ মানেন। স্ট্রাইকারদের পেছনে থেকে বলের জোগান দেওয়ার কাজটি ভালোই পারেন হেরেরা। ব্রাজিলের বিপক্ষে হেরেরা আলো ছড়াতে পেরেছেন কি না, তা হয়তো জেনে গেছেন এরই মধ্যে। তবে ২০১২ অলিম্পিক গেমসের ফাইনালে ব্রাজিলকে হারিয়েছিল হেরেরার দল। প্রতিপক্ষ ব্রাজিল দলে ছিলেন এই থিয়াগো সিলভা, মার্সেলো, হাল্ক, নেইমাররা!
হেরেরার সংসারে এখন সুখ উপচে পড়ে। ভালো আছে সন্তান হেক্টর ডেভিড হেরেরা, জীবনসঙ্গী। ফুটবল না ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছিলেন তিনি! রয়টার্স।