খেলোয়াড়দের মুখে কোনো প্রতিশ্রুতিই নেই। শুধুই ‘ইতিবাচক ফুটবল’ খেলার লক্ষ্য নিয়ে আজ মধ্যরাতে গুয়াংজু রওনা হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ফুটবল দল।১৬তম এশিয়ান গেমস ফুটবলে বাংলাদেশের উচ্চাশার কোনো যৌক্তিক কারণও নেই। বিশেষ করে প্রথম দুটি গ্রুপ ম্যাচে সম্মান বাঁচিয়ে মাঠ ছাড়াই বড় ব্যাপার। ৭ নভেম্বর উজবেকিস্তান, ৯ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ম্যাচে বাংলাদেশ স্পষ্টতই অনেক পিছিয়ে থাকবে। তবে ১১ নভেম্বর শেষ গ্রুপ ম্যাচের প্রতিপক্ষ হংকং বলে একটু নড়েচড়ে বসা হয়তো যায়। নিকট অতীতে হংকংয়ের সঙ্গে জাতীয় দলের ড্র করার অভিজ্ঞতা আছে। ২০০৩ সালে এশিয়ান কাপের বাছাইয়ে হংকংয়ের মাটিতে হংকংয়ের সঙ্গে ২-২ ড্র হয়েছিল। অবশ্য ২০০৬ সালে এশিয়ান কাপেরই বাছাইয়ে ঢাকায় ০-১ হার, একই টুর্নামেন্টের অ্যাওয়ে ম্যাচে পরাজয় ০-২ গোলে। হংকং এখন এগিয়ে গেছে ঠিকই, তবে বাংলাদেশ এই একটি দলের বিপক্ষেই জয়ের কথা জোর দিয়ে বলতে পারছে। অবশ্য হংকংকে আমরা ‘হারাব’ই এমন প্রতিজ্ঞার সুর মনের ভেতরে থাকলেও প্রকাশ করছেন না ফুটবলাররা। অধিনায়ক আমিনুল বলছেন, ‘ওই ম্যাচটা ৫০-৫০। তবে আমাদের জেতা উচিত।’ দলের অন্যতম সেরা খেলোয়াড় এনামুলের একই কথা, ‘হংকং আমাদের ধরাছোঁয়ার বাইরের দল নয়। ওদের হারানোর লক্ষ্য তো থাকবেই।’উজবেকিস্তান আর বিশ্বকাপে খেলা আরব আমিরাতের বিপক্ষে কী করতে চায় বাংলাদেশ দল? আমিনুল সতর্ক, ‘আমরা পজিটিভ ফুটবল খেলব। ৯০ মিনিট লড়াই করব। তারপর ফলাফল যা হওয়ার হবে। এই একটি লক্ষ্যই আমরা দাঁড় করিয়েছি।’ ১৯৭৮ সাল থেকে গত এশিয়াড পর্যন্ত মাত্র দুটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। ’৮২ এশিয়াডে মালয়েশিয়ার বিপক্ষে ২-১, ’৮৬ সালে নেপালের বিপক্ষে ১-০। ২০০৬ সালে এশিয়ান গেমসের বাছাইয়ে উজবেকিস্তানের কাছে ঢাকায় ০-৪, অ্যাওয়ে ম্যাচে ০-৫-এ হেরেছিল বাংলাদেশ। ’৯৯-তে একই টুর্নামেন্টের বাছাইয়ে ০-৬। একই বছর আমিরাতের কাছে এশিয়ান কাপের বাছাইয়ে ০-৩। ’৮৮-তে এই দলের কাছে হার ছিল ০-৪। ’৯৯ সালে বিশ্বকাপ বাছাইয়ে ০-১, ০-৭। একটি মাচ ছাড়া আমিরাত আর উজবেকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণই করে এসেছে লাল-সবুজের দল। সবগুলোই ছিল জাতীয় দলের ম্যাচ। তবে সাম্প্রতিক বছরগুলোয় গেমসের নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ দল খেলছে, যাতে সিনিয়র খেলোয়াড় থাকে তিনজন। অবশ্য বাংলাদেশের অনূর্ধ্ব-২৩ দলটা প্রকারান্তরে জাতীয় দলই হওয়ায় পুরো শক্তির বাংলাদেশ জাতীয় দলই খেলবে এশিয়ান গেমসে। এই দল কি ঘুরে দাঁড়াতে পারবে?দুই মাস আগে দায়িত্ব নেওয়া নতুন ক্রোয়েশিয়ান কোচ রবার্ট রুবচিচ হারের আগে হারতে রাজি নন। ‘প্রথম লক্ষ্য ভালো ফুটবল খেলা। পরের লক্ষ্য দ্বিতীয় রাউন্ডে যাওয়া!’ বলছেন তিনি।দ্বিতীয় রাউন্ড! দলকে উজ্জীবিত রাখতে কোচদের এমনই বলতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, রুবচিচের দল কতটা তৈরি! যে দলের মূল স্ট্রাইকার ক্লাব ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেন না, ফেডারেশন কাপ খেলে খেলোয়াড়েরা ক্লান্ত, গুরুত্বপূর্ণ ৩-৪ খেলোয়াড়ের ফিটনেস নেই—সেই দল নিয়ে এশিয়াড ফুটবলের দ্বিতীয় রাউন্ড!স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন তো সামনে এগোনোর চালিকাশক্তিও!