একটি অন্য রকম ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা ছবি কল্পনা করা যাক। শেখ জামাল-শেখ রাসেলের এক দল আজ ফেডারেশন কাপের ফাইনাল জিতল। শেখ রাসেল জিতলে নির্ঘাত ছুটবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। এবার শেখ রাসেলের কাগজে-কলমে সবার চেয়ে সেরা দল গড়ার পেছনে একটা রহস্য ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি ঘরোয়া আড্ডায় শেখ রাসেল কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছেন একটা বিষয়। আবাহনী-শেখ জামাল চ্যাম্পিয়ন হয়, শেখ রাসেল কবে চ্যাম্পিয়ন হবে?—জানিয়েছেন ক্লাবটির সভাপতি।আজই হয়তো ফুরাচ্ছে শেখ রাসেলের সেই অপেক্ষার প্রহর। চ্যাম্পিয়ন হতে পারলে প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারবে, ‘নেত্রী, এই নিন শিরোপা, আপনার ছোট ভাইয়ের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করলাম এটা।’ ক্লাবে হবে মিষ্টিমুখ, জমবে উৎসব। দেশের শীর্ষ ফুটবলে নয় বছর কাটিয়ে যে উৎসবটা আজও করতে পারেনি শেখ রাসেল। তার ওপর মৌসুমের প্রথম শিরোপা জিতে প্রমাণ করতে পারবে সেরা দল গড়ার সার্থকতা।আবাহনী-মোহামেডান ছাড়া এ ফাইনালটা অন্য রকমই। আবাহনী কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে, মোহামেডান সেমিফাইনালে। আবাহনী-মোহামেডান ছাড়া বাংলাদেশে কোনো ফুটবল টুর্নামেন্ট জমে না, এটা সত্য কথা। এই ফাইনালে মাঠের লড়াই হয়তো জমবে। কিন্তু গ্যালারি? গ্যালারি উন্মাদনা তো থাকবে না—এটাই এই ফাইনালের বড় ঘাটতি।তাতে জামাল-রাসেলের কী আসে-যায়? তারা স্বপ্নে বিভোর। ঘরোয়া ফুটবলে এমন ফাইনাল এই প্রথম। জামালের এটি টানা তৃতীয় ফেডারেশন কাপ ফাইনাল। গতবার দলটি চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু রাসেল কোনো টুর্নামেন্টের ফাইনালই খেলেছে মাত্র একবার, গত বছর স্বাধীনতা কাপে, যেটিতে তারা হেরে যায় ফরাশগঞ্জের কাছে।কিন্তু এবার শেখ রাসেল কাগজে-কলমে এক নম্বর। তবে এটা একটাও চাপও বটে। রাসেল অধিনায়ক বিপ্লব ভট্টাচার্যের কথায় সেটি বোঝা যাচ্ছে, ‘কাগজে-কলমে আমরা সেরা, মাঠে তা প্রমাণ করা চাই।’ টিমওয়ার্ক, শক্তিশালী রিজার্ভ বেঞ্চ, ক্ষুরধার আক্রমণভাগ। প্রমাণ করতে না পারা হবে রাসেলের জন্য হতাশারই।এই ফেড কাপের সেরার ফাইনালে এগিয়ে শেখ রাসেলই। জামাল গতিময় ফুটবল খেলে সেমিফাইনাল পর্যন্ত এসেছে, কিন্তু পরশু সেমিতে দলটাকে লাগল বিবর্ণ। তবে ফাইনাল ফাইনালই, স্নায়ুচাপ সামলাতে রাসেলের চেয়ে অভিজ্ঞতায় এগিয়ে জামাল।রাসেলের বড় শক্তি সব বিভাগের ভালো মানের ফুটবলার। দলটি পাসিং ফুটবল খেলছে। বাংলাদেশ থেকে পাসিং ফুটবল একরকম হারিয়েই যেতে বসেছিল, এই শেখ রাসেল তা ফিরিয়ে আনছে। পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল খেয়েছে রাসেল। আক্রমণে বল বেশি রাখতে পারার কারণেই এটা সম্ভব হয়েছে। শেখ জামালের কোচ যোসেফ আপুসির ভয় রাসেলের আক্রমণভাগ নিয়েই বেশি, ‘জানি, রাসেলের আক্রমণভাগ খুব শক্তিশালী।’ পরক্ষণেই যোগ করেন, ‘তবে তা অকার্যকর করার রসদ আছে আমাদের।’ জামালের বড় শক্তি কোচ যোসেফ আপুসি। গোটা দলকে এক সুতোয় গেঁথেছেন। তাঁর কোচিং নিয়ে খেলোয়াড়েরা বেশ খুশি। আক্রমণই বেশি ভালোবাসেন, ম্যাচ পরিস্থিতির ওপরও রাখতে পারেন তীক্ষ নজর। প্রতিদ্বন্দ্বী সম্পর্কে রাসেল কোচ মারুফুল হকের মুখে আছে শ্রদ্ধা, ‘সে ভালো কোচ। তবে শেষ হাসি আমরাই হাসব আশা করি।’ শেখ জামাল অধিনায়ক শরিফ ‘সবাই মিলে শেষটা ভালো করবে সর্বাত্মক চেষ্টা করার’ কথা বললেন। দশে মিলে জয় করতে চান বিপ্লবও। দেখা যাক, কার আশা পূরণ হয়।