একটি অযথার্থ জুটির কথকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বনে নাকি দুই বাঘ থাকতে নেই। এতে জটিলতা বাড়ে। বহুল প্রচলিত এই কথাটিকেই যেন সার্থক করে তুললেন জন রাইট ও জন বুকানন। দুজনের ‘বন্ধনে’ জটিলতা এতটাই বাড়ল—পরিণতি দাঁড়াল বিচ্ছেদ!আগামী মাসে চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা নিউজিল্যান্ডের কোচ জন রাইটের। সেই চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে বোর্ড। কিন্তু রাইট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি নতুন করে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না। কোচের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। রাইটের এমন সিদ্ধান্তের অন্যতম কারণ বোর্ডের ক্রিকেট পরিচালক জন বুকাননের সঙ্গে তাঁর দ্বন্দ্ব।নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাস জন রাইটকে আলাদা একটা জায়গা ছেড়ে দেবেই। টেস্ট ও ওয়ানডেতে নয় হাজারের বেশি রানের মালিক নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কও তিনি। কোচ হিসেবেও দারুণ সফল। ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অনেকে বলেন, ভারতীয় ক্রিকেটকে নতুন একটা পর্যায়ে নিয়ে গেছেন তিনি। ভারতের আজকের দলটি তাঁর হাতেই গড়া। অন্যদিকে জন বুকানন অবশ্য ক্রিকেটার হিসেবে আহামরি কিছু ছিলেন না। টেস্ট খেলার অভিজ্ঞতাও তাঁর নেই। তবে কোচ হিসেবে বুকাননের সফলতা ঈর্ষণীয়। ১৯৯৯ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার দায়িত্ব নেন তিনি। তাঁর সময়ে অস্ট্রেলিয়া দল ছিল অনেকটাই অপ্রতিরোধ্য। ২০০৩ ও ২০০৭ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ই এর উজ্জ্বল দৃষ্টান্ত।২০১০ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত হন জন রাইট। মার্ক গ্রেটব্যাচের কাছ থেকে যখন তিনি দায়িত্ব নিয়েছিলেন—নিউজিল্যান্ড ক্রিকেটে তখন ঘোর অমানিশা। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হওয়াসহ পারফরম্যান্সের গ্রাফ ছিল নিম্নমুখী। রাইট দায়িত্ব নেওয়ার কয়েক মাস পর গত বছরের এপ্রিলে অস্ট্রেলিয়ার জন বুকাননকে চার বছরের চুক্তিতে ক্রিকেট পরিচালক হিসেবে নিয়োগ দেয় বোর্ড। উদ্দেশ্য, দুজনের মেলবন্ধনে নিউজিল্যান্ড ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।নিউজিল্যান্ড ক্রিকেটকে রাইট ও বুকানন নতুন উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন কি না, তা বিতর্কের বিষয়। সেই বিতর্কে না গিয়ে এটুকু বলা যায়, ভঙ্গুর অবস্থা থেকে অনেকটাই বেরিয়ে এসেছে দলটি। প্রায় ২৫ বছর পর কিউইরা টেস্ট জিতেছে অস্ট্রেলিয়ায়। মনোবল ভেঙে যাওয়া নিউজিল্যান্ড খেলেছে গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত। দলীয় সফলতার মধ্যে ব্যর্থতা অন্য খানে, আর তা রাইট-বুকানন জুটির মেলবন্ধন না হওয়া।নিউজিল্যান্ডের দায়িত্বে আর থাকছেন না—রাইট এই ঘোষণা দিয়েছেন ১ মে। এ দিনই রাইট পরিষ্কার জানিয়ে দেন, বুকাননের সঙ্গে তাঁর কাজ করা কঠিন হয়ে পড়েছিল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ‘দল পর্যালোচনা করতে গিয়ে বর্তমান ক্রিকেট পরিচালক এবং আমি কিছু পরিকল্পনার ব্যাপারে একমত হয়েছি। কিন্তু বুকানন যেভাবে এসব বাস্তবায়ন করতে চান, তা আমার কোচিং পদ্ধতির সঙ্গে মেলে না। এটাও সরে দাঁড়ানোর একটা বড় কারণ।’জন রাইটের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় জন বুকানন বা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের অবস্থান পরিষ্কার করেনি। তবে ভেতরের অবস্থাটা বুঝতে বাকি নেই কারও।গুঞ্জন আছে, বুকাননের সর্বব্যাপী ক্ষমতা কিছুটা কমানোর দাবি করেছিলেন রাইট। বিশেষ করে দল নির্বাচন, দল পরিচালনার মতো কিছু ব্যাপারে। কিন্তু বোর্ড রাইটের দাবি না মেনে প্রাধান্য দিয়েছে বুকাননকেই। অস্ট্রেলিয়ার কোচ থাকার সময় শেন ওয়ার্নের সঙ্গে বুকাননের দ্বন্দ্ব ছিল প্রকাশ্য। কলকাতা নাইট রাইডার্সের কোচ থাকার সময় যেমন ছিল সৌরভ গাঙ্গুলীর সঙ্গে। অদ্ভুত সব তত্ত্ব বের করতেও জুড়ি নেই বুকাননের। ওয়েবসাইট।