একটি উইকেটও শিকার করেননি মুরালি!
৮০০ উইকেটের মাইলফলক স্পর্শ করে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন মুত্তিয়া মুরালিধরন। তবে ভারতের সাবেক অধিনায়ক বিষেন সিং বেদির দাবি, একটি উইকেটও শিকার করেননি শ্রীলঙ্কার এই স্পিনার!পাগলের প্রলাপের মতো মনে হচ্ছে? বেদির যুক্তিটা এবার শুনুন। ‘মুরালির বোলিং অ্যাকশন বৈধ নয়। ও বোলার নয়, একজন বর্ষা নিক্ষেপকারী। ৮০০ উইকেট শিকারের যে কথা বলা হয়, তার সবকটিই নো বল ছিল!’ তাহলে যাঁরা আউট হলেন তাঁরা? তাঁরা নাকি মুরালির বলে আউট হননি, সাজঘরে ফিরেছেন রানআউটের শিকার হয়ে।মুরালির বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে কয়েকবার প্রশ্ন উঠেছে সত্যি। কিন্তু আইসিসির ল্যাবরেটরি পরীক্ষায় প্রমাণিত হয়েছে—মুরালির বোলিং অ্যাকশন বৈধ। তার পরও টেস্টের সর্বোচ্চ উইকেটশিকারির অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলার যৌক্তিকতা প্রশ্নে বেদি বলেন, ‘ল্যাবরেটরি পরীক্ষা একটি নির্দিষ্ট সীমার মধ্যে করা হয়। কিন্তু ম্যাচের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন।’ পিটিআই।