একটি ঘোষণায় ‘প্রথম মৃত্যু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই ছেলে রোনাল্ড আর অ্যালেক্স ছিল পাশে। সামনে সার বেঁধে ছিল সাংবাদিকদের দল। তাঁর চোখে জল। তৈরি হলো আবেগঘন এক পরিবেশ। এর মধ্যেই ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন রোনালদো। ফুটবলের এক মহানায়ক, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা তাঁর খেলোয়াড়ি জীবনের ইতি টানলেন খুব সহজ-সরল ভাষায়, ‘আমি এখানে এসেছি বিদায় বলতে। আমি আমার পেশাদার খেলোয়াড়ি জীবন এখানেই শেষ করছি।’শেষ কিংবা বিদায়, ছোট ছেলে অ্যালেক্স হয়তো এই শব্দ দুটির কোনোটিরই মানে জানে না। কখনো পাশে, কখনো আবার বাবার কোলে বসে করে গেল নানা খুনসুটি। বড় ছেলে রোনাল্ড একটু বুঝতে পারলেও তার খারাপ লাগেনি। বাবা খেলা ছাড়লে তাঁকে যে আরেকটু বেশি সময়ের জন্য পাশে পাওয়া যাবে। রোনাল্ডও তাই হাসিমুখ করে থাকল সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা সময়। বাবার চোখের জল টলাতে পারল না তাকে।ছেলেদের খুনসুটি আর হাসিমুখ, রোনালদোর চোখের জল—এসব মিলে সাও পাওলোতে করিন্থিয়ানসের ট্রেনিং কমপ্লেক্স পরশু তৈরি করল আবেগ-আনন্দের অন্য রকম এক পরিবেশ। এর মধ্যেই রোনালদো হঠাৎ করে কেমন আনমনা হয়ে গেলেন। একজন ফুটবলার কিছু সময়ের জন্য যেন হয়ে গেলেন একজন দার্শনিক! আর তাতেই বোঝা গেল সহজ-সরলভাবে যে কথাটা বলেছেন, সেটা বলতে তাঁর মনের মধ্যে কী রকম ভাঙচুর হয়েছে, ‘এই ঘোষণাটা যেন আমার প্রথম মৃত্যু! খুব ভালোবাসার একটা জিনিসকে ছেড়ে দেওয়া খুব কঠিন।’মনের মৃত্যু হওয়ার মতো অমোঘ এই সিদ্ধান্তটা রোনালদোকে নিতে হয়েছে দুটি কারণে। একটি শরীরে বাসা বাঁধা চোটের আবার মাথাচাড়া দিয়ে ওঠা এবং লিবার্তোদোরেস কাপ থেকে করিন্থিয়ানসের ছিটকে পড়া। চোটের কথা বলতে গিয়ে রোনালদো সংবাদ সম্মেলনে যেন স্বগতোক্তিই করলেন—চোটের কথা আর কী বলব! ‘আমার চোটের খবর সবারই জানা!’আসলেই রোনালদোর চোটের খবর সবারই জানা। তিনবারের ফিফা বর্ষসেরা খেলোয়াড় দুবার পড়েছেন সর্বনাশা হাঁটুর ইনজুরিতে। সম্প্রতি আবার চোট তাঁকে ঘিরে ধরেছে। এ কারণেই মৌসুমের শেষে অবসর নেওয়ার পরিকল্পনা এগিয়ে আনতে হলো বিশ্বকাপে সর্বোচ্চ গোলের (১৫) মালিককে।১৮ বছরের ক্যারিয়ারে অনেক শিরোপাই জিতেছেন। বিশ্বকাপ তো আছেই। চ্যাম্পিয়নস লিগও বাদ যায়নি। এর পরও একটা আক্ষেপ ছিল রোনালদোর। সেটা কোপা লিবার্তোদোরেস। সেটা জেতা হলো না করিন্থিয়ানস লিবার্তোদোরেস কাপ থেকে ছিটকে পড়ায়।বিদায়কালে তাঁকে ঘিরে ওঠা একটি বিতর্কেরও জবাব দিয়েছেন। রোনালদো নিষিদ্ধ শক্তিবর্ধক নেন—এমন একটা কথা উঠেছিল। ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছেন, ‘চার বছর আগে মিলানে থাকতে আবিষ্কার করলাম থাইরয়েড সমস্যায় ভুগছি। এর জন্য আমাকে নিয়মিত হরমোন নিতে হতো। আর এটা ফুটবলে নিষিদ্ধ ছিল।’ এরপর দুঃখ প্রকাশ করেছেন ’৯৮ বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের জন্য কিছু করতে না পারার জন্য।তবে এর পরও রোনালদো রোনালদোই। ‘দ্য ফেনোমেনন’। ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রাউসেফ তাঁকে প্রাপ্য প্রশংসার বৃষ্টিতে ভেজাতে এতটুকু কার্পণ্য করেননি, ‘আপনি যে আনন্দ আমাদের এনে দিয়েছেন, ক্রীড়াজগতে ব্রাজিলকে যেভাবে সম্মানিত করেছেন; এর জন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞ।’ এএফপি, ওয়েবসাইট।