একটি জীবন বাঁচালেন প্রায়র-ব্রড
অ্যাশেজ বাঁচাতে পারেননি। কিন্তু অস্ট্রেলিয়া থেকে একটা সন্তুষ্টি নিয়ে অন্তত ফিরে যেতে পারছেন ম্যাট প্রায়র। একটা মানুষের জীবন তো বাঁচানো গেল! জীবনের প্রতি বীতশ্রদ্ধ সেই মানুষটা পরশু শেষ রাতে সিডনির পিরমন্ট ব্রিজ থেকে লাফিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন!
পরশু রাতে বার্মি আর্মির একটি অনুষ্ঠান শেষে ফেরার সময় ডার্লিং হারবারের পিরমন্ট ব্রিজে ওই হতবিহ্বল লোকটিকে দেখতে পান প্রায়র ও সতীর্থ স্টুয়ার্ট ব্রড। লোকটি তখন তাঁর জুতা, ফোন, ওয়ালেট ও পাসপোর্ট পানিতে ছুড়ে ফেলছিলেন। কিছুক্ষণ কথা বলার পরই প্রায়র বুঝতে পারেন আত্মহত্যার জন্য মানসিকভাবে তৈরি লোকটি। এর পরই প্রায়র ও ইংল্যান্ড দলের নিরাপত্তাকর্মকর্তা টেরি মিনিশ মিলে সেখান থেকে তাঁকে সরিয়ে আনেন। শুধু তা-ই নয়, পুলিশ আসার আগ পর্যন্ত তাঁকে শান্ত করে বসিয়েও রাখেন। নাম না জানালেও লোকটি ব্রিটেনের চেলটেনহ্যামের বাসিন্দা বলে জানিয়েছে সিডনি পুলিশ।
একজন মানুষকে আত্মহত্যা থেকে বিরত রাখতে পেরে আনন্দিত প্রায়র, ‘এই পরিস্থিতিতে অন্য কেউ যা করত, আমরা ঠিক সেটাই করেছি। জীবনের সঙ্গে লড়ছেন এমন ব্যক্তিকে আমরা সহায়তার চেষ্টা করেছি। আমি খুশি যে আমরা ওই সময় পানশালা ছেড়েছিলাম এবং ঠিক সময়ে তার কাছে আসতে পেরেছিলাম।’ ওয়েবসাইট।