একটি টিকিটের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডের টিকিট নিয়ে দর্শকদের দীর্ঘ প্রতীক্ষা ছিল। একই সঙ্গে আশঙ্কা করছিলেন অনেকে—সুষ্ঠুভাবে সব টিকিট দেওয়া যাবে তো? শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হয়েছে। খুলনায় বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডের টিকিট বিক্রি নিয়ে ঘটল তুলকালাম কাণ্ড। টিকিট প্রত্যাশীদের হুড়োহুড়ি ছিল অনেক, পুলিশ লাঠিচার্জ করেছে। আহত কমপক্ষে ১২ জন। আহত ব্যক্তিদের খুলনা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে গেছেন অনেকেই। অথচ খুলনায় প্রভাবশালী ব্যক্তিরা টিকিট ভাগাভাগি করে নিয়েছেন বলে বিস্তর অভিযোগ মিলেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রথম ওয়ানডের প্রায় সাড়ে নয় হাজার টিকিটের বড় অংশই প্রভাবশালীরা নিয়ে গেছেন।কাল সকালে জেলা স্টেডিয়ামে গিয়ে দেখা যায়, কয়েক হাজার লোক টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে। টিকিট কাউন্টার ও আশপাশে বিশৃঙ্খল পরিবেশ। পুলিশ পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। পুলিশ জানায়, সকাল নয়টায় টিকিট বিক্রি শুরুর পরপরই বিশৃঙ্খলা চলতে থাকে। একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ এগিয়ে এল লাঠিচার্জ করতে।অনন্যা সাহা খুলনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্রী। কয়েক ঘণ্টা ধরে ওয়ানডে টিকিটের জন্য অপেক্ষা করতে করতে বলল, ‘ভোর সাড়ে চারটা থেকে লাইনে দাঁড়িয়ে আছি। এখন বেলা ১১টা। টিকিট কিনতে পারিনি। লাইনের সামনে কয়েক শ লোক। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি হচ্ছে। পুলিশ পিটিয়েছে কয়েকজনকে। তার পরও অপেক্ষা করছি। টিকিট না পেলে খারাপই লাগবে।’