একটি দাবাপরম্পরার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোকে কাল সংবাদমাধ্যমের সামনে নিয়ে এলেন বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেল ষ রয়টার্স
নতুন কোচ জেরার্ডো ‘টাটা’ মার্টিনোকে কাল সংবাদমাধ্যমের সামনে নিয়ে এলেন বার্সেলোনা সভাপতি সান্দ্রো রোসেল ষ রয়টার্স

রোহান গাভাস্কার পারেননি বাবা সুনীল গাভাস্কারকে ছাড়িয়ে যেতে। শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন পারবে কি না, সেটা বলে দেবে সময়। এগুলো তো ক্রিকেটের গল্প। বিশ্ব দাবায় বাবা-ছেলের বিখ্যাত কোনো কীর্তি জানা নেই। কিন্তু কে বলতে পারে বাংলাদেশের দাবায় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও তাঁর ছেলে তাহসিন তাজওয়ারকে নিয়ে একটা উজ্জ্বল দাবাপরম্পরার গল্প তৈরি হবে না? ভারতে একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট দিয়ে দাবায় হাতেখড়ি হয়েছে জিয়া-তনয় তাহসিনের। কাল শুরু হলো বাংলাদেশে, উন্মুক্ত রেটিং দাবায়। মজার ব্যাপার হলো, বাবা ও মায়ের সঙ্গেই এই টুর্নামেন্টে খেলছে তাহসিন।
ধানমন্ডির সেন্ট জুডস ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে তাহসিন। বয়স ৭। সে এখন বাংলাদেশের সর্বকনিষ্ঠ রেটিংধারী দাবাড়ু, বর্তমান রেটিং ১২৭৭। বাবার হাত ধরেই তাহসিনের দাবায় হাতেখড়ি। ওর রক্তেই আছে দাবা খেলার নেশা। দাদা পয়গামউদ্দিন আহমেদ ছিলেন আশির দশকের দাবাড়ু। জাতীয় দলে খেলেছেন। খেলেছেন প্রথম বিভাগের দল পূরবী ক্রীড়াচক্রে। তাহসিনের বয়স যখন ৩, তখন তাকে হাতির দাঁতের দাবার বোর্ড উপহার দেন দাদা। সেই বোর্ড নিয়েই কাটত দাদা-নাতির দিনমান। তবে তাহসিনের আগ্রহটা বাড়িয়ে দিয়েছেন বাবা জিয়াউর রহমানই। জিয়া নিজে যখন বাড়িতে বসে অনুশীলন করেন, পাশে বসে মন দিয়ে খেলা দেখে ছেলে। জিয়া যখন ছাত্রদের শেখান, তখনো গভীর মনোযোগে চালগুলো দেখে খুদে দাবাড়ু। তাহসিনকে রেটিং পেতে খেলতে হয়েছে অনেকগুলো টুর্নামেন্ট। অবশ্য দেশে নয়, বাবার বিদেশ ভ্রমণের সুবাদে আন্তর্জাতিক টুর্নামেন্ট দিয়ে অভিষেক তাহসিনের।
তাহসিনের প্রথম টুর্নামেন্ট ভারতের চেন্নাই ওপেন। সেখানে সে খেলেছে চার বছর বয়সে। এরপর মুম্বাই, ওডিশাতেও বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলেছে। সর্বশেষ গত জানুয়ারিতে কলকাতায় টেলিগ্রাফ ওপেন দাবায় অংশ নেন বাবা-ছেলে দুজনই। এতটুকু বয়সেই তাহসিনের আছে বড় অর্জন—মালয়েশিয়া ওপেনে জুনিয়র বিভাগে চ্যাম্পিয়ন সে। ২০১০ সালে অনূর্ধ্ব-৮ বয়সভিত্তিক দাবায় চ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দেয় সবার। মালয়েশিয়ার একটি দাবা একাডেমিতে তখন কোচের দায়িত্ব নিয়ে গিয়েছিলেন জিয়াউর রহমান।
দাদা জাতীয় পর্যায়ে দাবা খেলেছেন, বাবা জিয়াউর রহমান তো বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার, মা তাসমিন সুলতানাও দাবা খেলেন। পরিবারটাই দাবাময়। কে জানে তাহসিনকে দাবার বড় পৃথিবীই হয়তো হাতছানি দিয়ে ডাকছে।
তাহসিনকে দাবাড়ু বানাতে মা তাসমিনেরও কম আকাঙ্ক্ষা নয়। ছেলেকে নিয়ে তাই খেলতে চলে এলেন রেটিং দাবায়। দাবার প্রতি ভালোবাসা ছিল বলেই একজন দাবাড়ুর সঙ্গে জড়িয়ে নিয়েছেন জীবন। জিয়ার সঙ্গে পরিচয় টেলিফোনের ক্রসকানেকশনে। এরপর ভালোবেসে বিয়ে। জানালেন, পরিবার এবং জিয়ার দাবা খেলাকে প্রাধান্য দিতেই ২০০৩ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি পেয়েও শেষ পর্যন্ত ছেড়ে দেন। তবে এটা নিয়ে তেমন আফসোস নেই। ছেলে ও স্বামীর দাবার ভুবনেই সারাক্ষণ তাঁর বিচরণ। যেখানেই খেলা সেখানেই স্বামীর সঙ্গে চলে যান। ছেলেকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখেন তাসমিন, ‘আমি চাই ছেলে যেন বাবাকেও ছাড়িয়ে যায়।’ ছেলে দাবায় একাগ্র, পড়াশোনার চেয়েও বেশি সময় দেয় দাবায়। বড় হয়ে তুমি কী হবে? প্রশ্নটা করতেই তাহসিন বলল, ‘দাবাড়ু।’ শুধুই দাবাড়ু? এবার উত্তর মিলল, ‘আমি নাসার বিজ্ঞানীও হব।’ দাবার সঙ্গে আকাশ ছোঁয়ারও স্বপ্ন দেখে মহাকাশ নিয়ে কৌতূহলী তাহসিন।
মাত্র ৯ বছর বয়সে জিয়াউর রহমান প্রথম টুর্নামেন্টে খেলেছিলেন। ওই বয়সের আগে তাহসিনের খেলা হয়ে গেছে অনেক টুর্নামেন্ট। জিয়ার নামের পাশে গ্র্যান্ডমাস্টার খেতাব বসে ২০০২ সালে। তাহসিনের পাশে কবে বসে সেটা দেখার জন্য অপেক্ষা করা যাক।