একটি ফড়িংয়ের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি ফড়িংয়ের জন্যই সোনা জিততে পারলেন না ফেহাইদ। ছবি: এএফপি
একটি ফড়িংয়ের জন্যই সোনা জিততে পারলেন না ফেহাইদ। ছবি: এএফপি

ঘটনাটি সারা জীবন মনে থাকবে কুয়েতি শ্যুটার ফেহাইদ আল দিহানির। ফড়িং নামের পতঙ্গটিকে বোধ হয় সারা জীবনই ঘৃণা করে যাবেন তিনি। নিরীহ-দর্শন এক ফড়িংই যে ভেস্তে দিয়েছে তাঁর এশিয়াড-সোনা জয়ের স্বপ্ন!

ফেহাইদ অলিম্পিক গেমসে পদকজয়ী। ২০০০ সালে সিডনি ও ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন এই কুয়েতি শ্যুটার। মহাদেশীয় প্রতিযোগিতায় সোনা জয়ের স্বপ্নটা তাঁর বহু দিনের। ইনচন এশিয়ান গেমসে নিজের ইভেন্টে সোনা জয়ের খুব কাছাকাছিই পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত একটা ফড়িং? হ্যাঁ, একটা ফড়িংয়ের কাছেই পরাভব মানতে হয়েছে তাঁকে।

রোববার ছিল শ্যুটিংয়ের অন্যতম ইভেন্ট ছেলেদের ডাবল ট্র্যাপের ফাইনাল। সাধারণত খোলা জায়গায় অনুষ্ঠিত হয় ডাবল ট্র্যাপের প্রতিযোগিতা। ফেহাইদকে এই ইভেন্টের সবচেয়ে বড় ফেবারিট হিসেবেই এত দিন ধরা হয়েছে। বন্দুকের সামনে ফড়িং নেচে সবকিছু গুবলেট পাকিয়ে না দিলে সোনার পদকটা হয়তো তাঁর গলাতেই ঝুলত। যে শটটি তাঁর সোনার পদক নিশ্চিত করে দিতে পারত, তার ঠিক আগ মুহূর্তে ওই ফড়িংবাবা​জি ফেহাইদের বন্দুকের সামনে দিয়ে উড়ে যায়। হকচকিত ফেহাইদ সঙ্গে সঙ্গে হারিয়ে বসেন তাঁর নিশানা। ফড়িং নেচেছে বলে আইন তো আর পরিবর্তন করা যায় না। ১৫ পয়েন্টের মধ্যে মাত্র ১২ স্কোর করেই এই ইভেন্টে রীতিমতো ‘ফাঁকা মাঠে’ সোনা জিতে গেছেন চীনের গাও বো। বো নিজেকে দারুণ সৌভাগ্যবানই ভাবছেন।

ওই ফড়িংটাকেই যত নষ্টের গোড়া মনে করছেন ফেহাইদ। ফেহাইদের নাকি মনে হচ্ছে ওই ফড়িং তাঁর কাছ থেকে সোনার পদকটা রীতিমতো ছিনিয়েই নিয়ে গেছে। অথচ, কোনো কাজে চোখের সামনে দিয়ে ফড়িং নেচে গেলে তাঁকে নাকি পৃথিবীর অনেক জায়গাতে ‘সৌভাগ্যের লক্ষণ’ হিসেবেই মনে করা হয়।

ইভেন্ট শেষে অবশ্য তাঁকে প্রশ্ন করা হয়েছিল চীনের শ্যুটারের কাছে তাঁর হারের পেছনে স্নায়ুর চাপ প্রভাব রেখেছে কি না। উত্তরে ফেহাইদের সোজাসাপ্টা উত্তর, ‘মোটেই না। একটা ফড়িংই সব শেষ করে দিয়েছে। শেষ শটটি নেওয়ার জন্য যখন প্রস্তুত হচ্ছি, ঠিক তখনই আমার বন্দুকের সামনে দিয়ে একটা ফড়িং উড়ে গেল। আর এটাই সর্বনাশ করে দিয়ে গেছে আমার।’ সূত্র: এএফপি।