একটি ফাউলের সুফল পেল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ভালো সময় এখন কালেভদ্রেই আসে মোহামেডানের সামনে। চট্টগ্রামে ফিরতি পর্বের শেষ ম্যাচে তেমন সময়ই ধরা দিল। আগের ম্যাচে আবাহনীকে রুখে দেওয়া ব্রাদার্সের বিপক্ষে জিতে গেছে মোহামেডান। একটি পেনাল্টি আর লাল কার্ডই শেষ করে দিয়েছে লড়াকু ব্রাদার্সকে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে মোহামেডানের সবুজ বক্সে ঢুকে পড়লেন। পোস্ট ছেড়ে বেরিয়ে ব্রাদার্স গোলরক্ষক রঘু ফেলে দেন সবুজকে। রেফারি মিজানুর রহমানের দেওয়া পেনাল্টি নিয়ে কোনো বিতর্ক নেই। তবে রঘুকে লাল কার্ড দেওয়া একটু কঠিন শাস্তিই হলো কি না, সে বিতর্ক থাকছে। ১০ জনে নেমে আসা ব্রাদার্স আর মাথা তুলতে পারেনি।

গোলরক্ষক রঘুর জায়গায় উত্তমকে পোস্টে পাঠাতে ডিফেন্ডার সিরাজীকে তুলে নেয় ব্রাদার্স। কিন্তু ইসমাইল বাঙ্গুরার পেনাল্টি আটকাতে পারেননি উত্তম। বিরতির পর তৃতীয় মিনিটেই ২-০। জনির বাড়িয়ে দেওয়া বল মাপা শটে জালে পাঠান সজীব। এরপর মোহামেডান গোল বাড়ানোর আর তেমন চেষ্টা করেনি। বরং কখনো কখনো দেখা গেছে স্ট্রাইকার বাঙ্গুরা এসে রক্ষণ করছেন!

পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখেনি বলেই হয়তো ব্যবধান নিয়ে ভাবেনি মোহামেডান। ১৭তম ম্যাচে এসে এটি তাদের তৃতীয় জয়! তার চেয়ে বড় কথা, অবনমন অঞ্চলে ঘোরাফেরা করা দলটি কালই একটু সুবিধাজনক জায়গায় গেল। তবে দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর দাবি, ‌‘মোহামেডান অবনমন নিয়ে মোটেও ভাবে না। এটা কোনো ব্যাপারই না।’ উত্তর বারিধারা আর ফেনী সকারের পয়েন্ট ১৩ করে, মোহামেডানের ১৭। অবনমনশঙ্কা-মুক্ত হয়েছে মোহামেডান, তা বলা যাবে না।

১০ জনের দল হলেও দ্বিতীয়ার্ধে প্রায় পুরোটা সময়ই মোহামেডানকে চাপে রেখেছিল ব্রাদার্স। কিন্তু গোল পায়নি। ১৭ ম্যাচে ২২ পয়েন্ট নিয়েই খুশি থাকতে হচ্ছে। কিন্তু ম্যাচের পরও পেনাল্টি আর লাল কার্ডটা কোনোভাবেই মানতে পারলেন না কোচ সৈয়দ নইমুদ্দিন।