একটি ফুটবলীয় ধাঁধার জন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিরাকল অব বার্ন’—চুয়ান্নর বিশ্বকাপ ফাইনালকে এই নামেই অভিহিত করা হয়
‘মিরাকল অব বার্ন’—চুয়ান্নর বিশ্বকাপ ফাইনালকে এই নামেই অভিহিত করা হয়

যেন ক্রমশ প্রকাশ্য কোনো রোমাঞ্চকর উপন্যাস। বিশ্বকাপের আগের ১৯টি আসর নিয়ে কত গল্পগাথা। প্রথম আলো অনলাইনের নতুন এই ধারাবাহিকে ফিরে দেখা হবে বিশ্বকাপের আগের আসরগুলো। তৃতীয় পর্বে থাকছে ১৯৫৪ বিশ্বকাপ—
কিংবদন্তি হওয়ার জন্য বিশ্বকাপ জেতার নাকি তেমন প্রয়োজন নেই। ম্যারাডোনা কিংবা হোসে মরিনহো মেসিকে নিয়ে এমনটা বললেও ফেরেঙ্ক পুসকাস নিশ্চয়ই সমসাময়িকদের এমন সান্ত্বনায় তুষ্ট হতে পারেননি কখনো। পঞ্চাশের দশকের শুরুতে উড়তে থাকা পুসকাসের হাঙ্গেরি দলটির অপূর্ণতা তো ওই একটাই, অধরা বিশ্বকাপ। যে সোনার হরিণের দেখা না পেলে কীর্তিমানেরাই নিজেদের প্রাপ্য কৃতিত্ব দিতে কুণ্ঠাবোধ করেন। বিশ্বকাপকে পুসকাসের হাঙ্গেরির কাছে দীর্ঘশ্বাসে পরিণত করেছিল ওই চুয়ান্নর বিশ্বকাপই। পুরো টুর্নামেন্টে গোলের বন্যা বইয়ে দেওয়া দলটিকে পুড়তে হলো মাত্র একটি গোলের জন্য। হাতে নেওয়া হলো না চির-আকাঙ্ক্ষার ট্রফিটা। তাও আবার পশ্চিম জার্মানির মতো এক আনকোরা দলের কাছে হেরে।

গোলের ফুলঝুরি? নয়তো কি! গোল নিয়ে হওয়া যাবতীয় রেকর্ডের বেশির ভাগই এখনো আঁকড়ে বসে আছে ৬০ বছর আগের সেই বিশ্বকাপ। ম্যাচপ্রতি গড় গোল (৫.৩৮), এক দলের সবচেয়ে বেশি গোল (হাঙ্গেরি, ২৭), দলগতভাবে ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোলের গড় (হাঙ্গেরি, ৫.৪), চ্যাম্পিয়নদের এক টুর্নামেন্টে সবচেয়ে বেশি গোল (জার্মানি, ২৫), সবচেয়ে বেশি গোল খেয়ে চ্যাম্পিয়ন (জার্মানি, ১৪), এক ম্যাচে দুই দল মিলে সবচেয়ে বেশি গোল (অস্ট্রিয়া ৭-সুইজারল্যান্ড ৫) ও সবচেয়ে বেশি গোলের ব্যবধানে জয় (হাঙ্গেরি ৯-দক্ষিণ কোরিয়া ০)। গোল নিয়ে চুয়ান্নর বিশ্বকাপে গড়া আরও হালি খানেক খুঁটিনাটি রেকর্ড টিকে আছে এখনো।

স্বাগতিক সুইজারল্যান্ড ও চ্যাম্পিয়ন উরুগুয়ে বাদে ১৪ দল নির্ধারণে সেবারও আয়োজিত হয়েছিল দারুণ এক বাছাইপর্ব। আগেরবারের বিশ্বকাপের তৃতীয় ও চতুর্থ দল স্পেন চুয়ান্নতে বাছাইপর্বের বাধাই পার হতে পারেনি। মূলপর্বে অভিষেক হয় স্কটল্যান্ড, তুরস্ক ও এশিয়ার সেবারের প্রতিনিধি দক্ষিণ কোরিয়ার। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তি আর্জেন্টিনা টানা তৃতীয়বারের মতো নিজেদের সরিয়ে রাখে বিশ্বকাপ ফুটবলের রঙ্গমঞ্চ থেকে।
নিঃসন্দেহে চুয়ান্নর বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দল ছিল হাঙ্গেরি। তারা ছিল অলিম্পিক ফুটবলের সোনাজয়ীও। বিশ্বকাপে তাদের শুরুটাও হলো রাজকীয় চালে, দক্ষিণ কোরিয়া ও পশ্চিম জার্মানিকে নির্মমভাবে উড়িয়ে দিয়ে। পশ্চিম জার্মানিকে নকআউট পর্বে পৌঁছতে হলো তুরস্কের সঙ্গে প্লে-অফ খেলে। ৭-২ গোলে তুরস্কের সেই হারকে অবশ্য সমশক্তির লড়াই মনে হয়নি মোটেও। জয় নিয়ে সব দলেরই ছিল সেবার দারুণ বিলাসিতা। এক গোলের ব্যবধান থাকলেই যে জেতা যায়, গ্রুপ পর্বের কোনো ম্যাচের ফল দেখেই এমনটা মনে হয়নি। গোল উত্সব চলতে থাকল কোনোরকমে জেতাই যেখানে যথেষ্ট, সেই নকআউট পর্বেও। ইংল্যান্ড, যুগোস্লাভিয়া ও সুইজারল্যান্ডকে হারিয়ে যথাক্রমে উরুগুয়ে, পশ্চিম জার্মানি ও অস্ট্রিয়া সেমিফাইনালের দরজায় টোকা দিল। ফেবারিট হাঙ্গেরি পৌঁছাল ব্রাজিলের সঙ্গে দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক ম্যাচ খেলে। ৪-২ গোলে জেতা সেই ম্যাচের স্কোরের সঙ্গে ম্যাচের মূল ছবির বিন্দুমাত্র মিল নেই।

উড়তে থাকা পুসকাসের হাঙ্গেরিকে মাটিতে নামানোর লড়াইয়ে উরুগুয়েও কম যায়নি। এমনকি ম্যাচের উত্তাপ ছড়িয়েছিল ড্রেসিংরুমেও। অতিরিক্ত সময়ে গড়ানো সেই লড়াই শেষমেশ ৪-২ ব্যবধানে পকেটে পুরে নেয় ফেবারিটরাই। ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছিল সেমিফাইনালে অস্ট্রিয়াকে হারিয়ে আসা পশ্চিম জার্মানির তরুণ দল! দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সদ্যই নিষেধাজ্ঞা কাটিয়ে জার্মান দল তখন বিশ্ব ফুটবলে ফিরেছে। একজন খেলোয়াড়েরও নেই পেশাদার লিগে খেলার অভিজ্ঞতা। এ দলটিই যে শেষ পর্যন্ত টানা ৩২ ম্যাচে অপরাজিত থাকা হাঙ্গেরিকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটা কে ভেবেছিল?
চুয়ান্নর বিশ্বকাপ ফাইনাল ‘মিরাকল অব বার্ন’ নামেই বেশি পরিচিত। পরাজিত দল বরাবরই হারকে ‘মিরাকল’ বলে পরাজয়ের গ্লানি আড়াল করতে চায়, কিন্তু এখানে এই নামটা যে স্বয়ং জয়ী দলেরই দেওয়া। ফিটনেসের কারণে মাঝখানে দুই ম্যাচ না খেলা পুসকাস ভাগ্যক্রমে ফাইনালে ফিরেছিলেন আবারও, মিরাকলের সাক্ষী হতেই বোধ হয়। মাঠে নামার ছয় মিনিটের মাথায়ই বুঝিয়ে দিলেন রিজার্ভ বেঞ্চে দুই দিন বসে গোলক্ষুধা কতটুকু বেড়েছে! দুই মিনিট পর ব্যবধান বেড়ে হলো ২-০। তারও দুই মিনিট পর জার্মানির ম্যাক্স মরলক ব্যবধান কমালেন, ১৯ মিনিটে সমতা ফেরালেন হেলমুট র্যান। সেই থেকে স্রোতের দিক পাল্টানো শুরু। প্রথমার্ধে শুরু হওয়া দড়ি-টানাটানি চলতে থাকল শেষ বাঁশি বাজার ছয় মিনিট আগে পর্যন্তও। জার্মান রূপকথার নায়ক হয়ে হাঙ্গেরির জালে দ্বিতীয়বার বল জড়ালেন হেলমুট র্যান। মাঠে একদিকে তখন বাঁধভাঙা উল্লাস, অন্যদিকে কবরের নিস্তব্ধতা। আনন্দে সে সময় কান্নায় ভেঙে পড়েন কয়েকজন জার্মান সাংবাদিকও।

ফুটবল ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি হতে হলে ৯০ মিনিটের আগে নাটক শেষ হওয়ার নিয়ম নেই। বার্নেও সেদিন শেষ ছয় মিনিটেও তোলা ছিল আরও কিছু নাটক। শেষ বাঁশি বাজার ঠিক তিন মিনিট আগে পুসকাস জার্মানদের জালে বল জড়ালেন আরও একবার, কিছুক্ষণের জন্য জার্মান গ্যালারি নিঃশব্দ আবারও। রেফারি অফসাইডের সংকেত দিলেন, সেই নিয়ে রেফারির সঙ্গে দুই দলের বিতর্ক চলল শেষ দুই মিনিট। শেষ বাঁশি বাজল এই বিতর্কের সঙ্গে সঙ্গেই, যদিও সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে তখন মহাযুদ্ধ শেষে দ্বিখণ্ডিত জার্মানদের বিশ্বকাপ তুলে ধরার গৌরব। জার্মানদের গৌরব পুনরুদ্ধারের এই গল্প নিয়ে ২০০৩ সালে জার্মানিতে নির্মিত হয় বক্স অফিসে ঝড় তোলা চলচ্চিত্র দ্য মিরাকল অব বার্ন, যেখানে হেলমুট র্যানকে জয়ের নায়ক হিসেবে তুলে ধরা হয়। বিশ্বকাপ ফুটবল এমনই এক নাটকীয়তার মঞ্চ, যা রুপালি পর্দার নাটকীয়তাকেও হার মানায়।
বিশ্বকাপ জেতাই খেলোয়াড়ি জীবনের শ্রেষ্ঠত্বের নির্ধারক হোক না হোক, বিশ্বকাপ না জেতা হয়তো কিছু কিংবদন্তির নিয়তিই বটে। না হলে সেই ফাইনালে পুসকাসের ৮৭ মিনিটে করা গোলটি আসলে অফসাইড ছিল না, তা ৬০ বছর পর ২০০৪ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে ভিডিও ফুটেজসহ কেনই বা তা প্রমাণিত হবে!