একটি ব্যাকহিল একটি ফ্রি কিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ব্যাক হিল ও একটি ফ্রি-কিক। দুজনের পায়ে জন্ম দুটি জাদুকরি মুহূর্তের। লম্বা আলখেল্লা গায়ে চাপিয়ে জাদুকর যেমন আশ্চর্য সব খেল দেখান, জাদুকাঠির ইশারায় হ্যাট থেকে বের করে আনেন আস্ত খোরগোশ, পায়রা কিংবা ফুলের তোড়া। তেমনি দুই ফুটবল জাদুকরের দুটি কীর্তি গড়ে দিল ম্যাচের ভাগ্য। রোনালদো ও মেসির এই দুই জাদুর ছোঁয়াতেই পয়েন্ট হারাতে হারাতে জিতে গেল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রায়ো ভায়োকানোকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল, অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বার্সার জয় ২-১ গোলের। রোনালদোর জাদুটা ব্যাক হিলে। রিয়ালেরই প্রতিবেশী, পুঁচকে রায়ো ভায়োকানো তখন রীতিমতো চোখ রাঙাচ্ছে। এমনিতেই আগের ম্যাচেই চ্যাম্পিয়নস লিগে সিএসকেএ মস্কোর সঙ্গে ড্র করে ফিরেছে রিয়াল। আজও কি গোলমুখ কিছুতেই খুলবে না?৫৩ মিনিট নিজেদের গোলদুর্গ অক্ষত রাখা ভায়োকানো শেষ পর্যন্ত পারল না। কর্নার থেকে উড়ে এসেছিল বল। জটলার মধ্যে সেই বল চলে গেল রোনালদোর পায়ে। গোলে না মেরে রোনালদো বাইরের দিকে বল টেনে আনলেন। এরপর গোলের দিকে পেছন ফিরে থাকা রোনালদোর ব্যাক হিল তিন ডিফেন্ডার আর গোলরক্ষককে হতবুদ্ধি করে দিয়ে জালে!মেসির জাদু দেখা দিল ফ্রি-কিকের রূপ ধরে। অ্যাটলেটিকোর অটুট রক্ষণ কিছুতেই ভাঙতে পারছিল না বার্সা। ৩৬ মিনিটে খানিকক্ষণের স্বস্তি এনে দিয়েছিলেন আলভেজ, ফ্যাব্রিগাসের ক্রস থেকে গোল করে। কিন্তু খুব বেশিক্ষণ এই অগ্রগামিতা থাকেনি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটেই সমতা ফেরান রাদামেল ফ্যালকাও।প্রতিপক্ষের মাঠে বার্সার নড়বড়ে রেকর্ড তখন যেন সমর্থকদের চোখে ভাসছে। এ মৌসুমে প্রতিপক্ষের মাঠে আগের ১১টি ম্যাচের মাত্র চারটিতে জয়। এই ক্লাবেই দুই দফা পাঁচ বছর খেলে যাওয়া ডিয়েগো সিমিওনে কোচ হয়ে আসার পর নয় ম্যাচে হারেনি অ্যাটলেটিকো। বারবার এসব তথ্যই মনে করিয়ে দিচ্ছেন ভাষ্যকার। খেলার ঘড়িতে তখন ৮০ মিনিট! স্কোরলাইন ওই ১-১।তখনই মেসি-ম্যাজিক। বক্সের বাঁ প্রান্তের সামান্য বাইরে ফ্রি কিক পেল বার্সা। কে নেবেন কিক? ম্যাচের প্রথম ফ্রি-কিকটা নিয়েছিলেন জাভি। দুর্দান্ত সেই ফ্রি কিক অ্যাটলেটিকো গোলরক্ষক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়েছেন। এবারও হয়তো জাভিই নেবেন। কিন্তু জাভি চোখ দিয়ে ইশারা করতেই কিকটা নিলেন মেসি। রামধনু এঁকে বলটা ঢুকে গেল গোলপোস্টের ওপরের ডান কোণে।অ্যাটলেটিকোর খেলোয়াড়েরা অবশ্য দাবি তুলেছিল, পুরোপুরি প্রস্তুত ছিল না তারা। মানবদেয়ালে দাঁড়ানো এক ডিফেন্ডার পেছন ফিরে গোলরক্ষকের সঙ্গে কথা বলার সময়ই কিকটা নিয়েছেন মেসি। কিন্তু রেফারি তাদের দাবি আমলে নেননি, কারণ কিক নেওয়ার সংকেত দিয়ে বাঁশি বাজিয়েছিলেন তিনি। ঝাঁজাল প্রতিবাদ করে হলুদ কার্ড দেখেছেন মিরান্ডা। সব মিলে এদিন অ্যাটলেটিকোর আট খেলোয়াড় দেখেছে হলুদ কার্ড, বার্সারও পাঁচ খেলোয়াড়। এর মধ্যে ইচ্ছাকৃত হ্যান্ডবলের অপরাধে গোল বাতিলের পাশাপাশি ম্যাচের শুরুতে হলুদ কার্ডের শাস্তি পেয়েছেন মেসি। এই মৌসুমে লিগে এটি তাঁর পঞ্চম হলুদ কার্ড, আগামী শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে পরের ম্যাচটি খেলতে পারবেন না তাই।তবে এই দুঃসংবাদের চেয়ে রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধানটা ১০-এ রাখতে পারার আনন্দটাই বার্সার কাছে বড় হয়ে উঠেছে এই রাতে। তথ্যসূত্র: ওয়েবসাইট।