একটি বড় পর্দার আত্মকাহিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে নিথর দাঁড়িয়ে বিশাল এক পর্দা। তাতে ভেসে ওঠার কথা মাঠের খেলার প্রতিচ্ছবি। কিন্তু সেটি যে জীবন্মৃত! খেলা দেখতে দেখতে নিজের জীবনের দুঃখগাথা বলে গেল সেই পর্দা। সেটি শুনলেন তারেক মাহমুদ

এক পাশে আলো, আরেক পাশে অন্ধকার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইলেকট্রনিক স্কোর বোর্ড চললেও পাশের বড় পর্দাটি যেন ভাষাহীন । প্রথম আলো
এক পাশে আলো, আরেক পাশে অন্ধকার। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ইলেকট্রনিক স্কোর বোর্ড চললেও পাশের বড় পর্দাটি যেন ভাষাহীন । প্রথম আলো

আমার কথা কি কেউ শুনবেন? কেউ কি একটু তাকাবেন আমার দিকে? নাকি আপনারা শুধু খেলাই দেখে যাবেন! আরে, আমি তো ওই খেলার জন্যই। খেলাটাকে আপনাদের সামনে আরও জীবন্ত করে তোলার উদ্দেশ্যেই ২০১১ বিশ্বকাপের আগে দূর দক্ষিণ আফ্রিকা থেকে বয়ে আনা হয়েছিল আমাকে। খেলা জীবন্ত করব কী, আমি নিজেই যে এখন মরে আছি!
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সেঞ্চুরি করল শামসুর রহমান আর ইমরুল কায়েস। আমার জীবন্ত অর্ধাঙ্গ (ইলেকট্রনিক স্কোরবোর্ড) তাদের অভিনন্দিত করলেও সেঞ্চুরির উদ্যাপন আমার বুকে ভেসে ওঠেনি। কীভাবে উঠবে, আমিই তো অন্ধকারে ঢাকা! কী দুঃখ, কী দুঃখ!
আমি যে পুরোপুরি অন্ধকার হয়ে থাকি, তা অবশ্য নয়। আমার মধ্যে প্রাণসঞ্চার করতে আসা হাতুড়ে চিকিৎসকের পাল্লায় পড়ে কখনো কখনো আমাকে মনে হয় ডোরাকাটা রঙিন বিছানার চাদরের মতো। কখনো মনে হয়, ব্ল্যাকবোর্ডের ওপর বুঝি কেউ রংমাখা তুলির এলোমেলো আঁচড় দিয়ে গেছে। কিন্তু আমার ভাষা এমন বিমূর্ত হওয়ার তো কথা নয়! মাঠ আর গ্যালারির রং-বেরঙের মুহূর্তগুলোকে বুকে ধারণ করে ক্রিকেটকে আরও মোহময় করে তোলার জন্যই আনা হয়েছিল আমাকে। আমার দাম পড়েছে ৬ কোটি ৬ লাখ ৮ হাজার টাকা, সঙ্গে পিএ সিস্টেম ও আনুষঙ্গিক সবকিছুসহ মোট খরচ সাড়ে ৮ কোটি টাকা। এত টাকা যার পেছনে, সেই আমিই আজ ভাষাহীন!
আমরা দুই ভাই একসঙ্গেই এসেছিলাম বাংলাদেশে। আমাদের জন্ম দক্ষিণ আফ্রিকার স্টেলাভিস্টা টেকনোলজিস লিমিটেডে। বাংলাদেশে এসেছি ফাইবার অ্যাসোসিয়েটস নামে একটা প্রতিষ্ঠানের হাত ধরে। ২০১১ বিশ্বকাপ এবং এরপর বিপিএল, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দর্শক বিনোদনের উপলক্ষ হয়েছি আমি। জীবনের লক্ষ্য যেন বদলে যেতে থাকে এর পর থেকেই। ক্রিকেটের রং ছড়ানো এখন আর আমার কাজ নয়, আমি এখন ব্যবসার পুতুল। আমার ভাইয়ের অবস্থা তো আরও খারাপ। ফতুল্লা স্টেডিয়ামে গিয়ে ঠাঁই নেওয়ার পর আজ পর্যন্ত একবারও জীবন্ত হয়ে উঠতে পারেনি সে। পৃথিবীর ২৬টি মাঠে আমাদের পরিবারের সদস্যরা ছড়িয়ে আছে। আমাদের দুই ভাইয়ের মতো করুণ পরিণতি আর কারও হয়নি।
মাঝে মাঝে অভিমান হয়। ফাইবার অ্যাসোসিয়েটস আমাদের দুটি ভাইকে বাংলাদেশে এনে এভাবে ছেড়ে দিল! পরক্ষণেই মনে হয়, তাদের আর দোষ কী! বাংলাদেশে আসার পর যে কয়বার আমি জীবন্ত হয়েছি, সেটা তো তাদের হাতেই। এ জন্য নাকি বিসিবির কাছে তাদের বকেয়া পাওনা ১০-১১ লাখ টাকার মতো।
মানুষকে বলতে শুনেছি, ফাইবার অ্যাসোসিয়েটসের সঙ্গে এনএসসির চুক্তি ছিল কেবল আমাদের এ দেশে এনে লাগিয়ে দেওয়া পর্যন্ত। আমাদের দেখভালের চুক্তি করেনি তারা ওই কোম্পানির সঙ্গে। বিসিবির কারোরই জানা নেই আমাদের সুইচ চালানো আর বন্ধ করার জটিল কৌশল। প্রতি তিন মাসে একবার আমাদের সার্ভিসিংয়ের কথা থাকলেও সেটা কখনোই সেভাবে হয়নি। আমরা শুধু রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি। মানুষ নামক প্রাণীদের ব্যবসায়িক সমীকরণের উপাত্ত হয়ে নিথর দাঁড়িয়ে থাকি।
আমি যখন পুরোপুরি অচল হয়ে পড়ি, বিসিবি অন্য দুটি প্রতিষ্ঠানের লোক এনে আমাকে জীবন্ত করার চেষ্টা করল। কিন্তু আমার জন্মরহস্য তাদের জানা থাকতে হবে তো! কিছুই না জেনে, কিছুই না বুঝে তারা কেবল আমার দেহ রক্তাক্তই করল, ক্ষতবিক্ষত করল শিরা-উপশিরা। নষ্ট করে দিল ভেতরের কলকব্জা। তাতে আমার নিঃশ্বাস আরও ভারী হয়ে আসে। মুমূর্ষু হয়ে পড়ি। বেঁচে ওঠার আশা মরতে থাকে ক্রমশ।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছরের ২২ এপ্রিল আইসিসির পর্যবেক্ষক দল এসেছিল স্টেডিয়াম দেখতে। তখন বিসিবির অনুরোধে ফাইবার অ্যাসো-সিয়েটসের লোকজন এসে আইসিসি কর্মকর্তাদের সামনে আমাকে চালিয়ে দেখিয়েছিলেন। ওটাই আমার শেষবারের মতো জ্বলে ওঠা। এরপর মাঠের কাজ চলার সময় আমার শিরা-উপশিরা ক্ষতবিক্ষত হয়েছে আরও। গত সেপ্টেম্বরে ফাইবার অ্যাসোসিয়েটস আমাকে নতুন করে জীবন্ত করতে ৬ লাখ ৯২ হাজার টাকার বাজেট দেয় বিসিবিকে। ফতুল্লায় আমার ভাইয়ের শরীরের কিছু যন্ত্রাংশও চুরি হয়ে যাওয়ায় তার জন্য ৯ লাখ টাকার ওপরে।
বিসিবি তাতেও কর্ণপাত না করায় দিনে দিনে আমাদের অবস্থা হয়েছে আরও সঙ্গিন। এখন নাকি আমাদের আর বাংলাদেশের কেউ ঠিকই করতে পারবে না। দক্ষিণ আফ্রিকার স্টেলাভিস্টা থেকে ইঞ্জিনিয়ার আনতে হবে। খরচ পড়বে ২৭ হাজার ডলারের ওপরে।
কিন্তু লোকমুখে শুনেছি, বিসিবি আমাদের দুই ভাইকে আর প্রাণ ফিরিয়ে দেওয়ার কথা ভাবছে না। ছুড়ে ফেলতে চাচ্ছে আবর্জনার স্তূপে। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে তারা ৪৫ হাজার ডলার খরচ করে ভাড়া আনতে চাচ্ছে আরও দুটি বড় পর্দা।
বিশ্বাস করুন, এমন অনাচারের কথা জীবনে শুনিনি। একটা দেশের প্রায় ১৭ কোটি টাকা খরচ করে যে জিনিস বসানো হলো, সেটা ১৭ দিনও ঠিকভাবে চালানো হলো না! অযত্ন-অবহেলায় আমাদের ধ্বংস করে দিয়ে নতুন ব্যবসায় নেমেছে কিছু অর্থলোভী মানুষ।
বাংলাদেশে এসে আমাদের দুই ভাইয়ের জীবনটা বৃথা হয়ে গেল সেই অর্থলিপ্সার কারণেই!