একটি ভাষণের নেপথ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা টেস্ট খেলে বিমানে ফিরছিলেন মুম্বাই। কদিন পরেই সাঙ্গ হবে ২২ গজের ক্যারিয়ার, ভাবছিলেন মহানায়ক। ভাবতে ভাবতেই মাথায় এল এই সুদীর্ঘ পথচলায় যাঁরা বিভিন্নভাবে তাঁর সঙ্গী হয়েছিলেন, তাঁদের জন্য কিছু একটা করা দরকার। তখনই ঠিক করলেন, জীবনের শেষ টেস্টে একটা ভাষণ দেবেন। সেটাই হবে কৃতজ্ঞতা জানানোর সবচেয়ে ভালো উপায়।

এই হলো শচীন টেন্ডুলকারের বিদায়ী ভাষণের হাঁড়ির খবর। সেই ভাষণ, যা শুনে আবেগ ধরে রাখতে পারেনি সেদিন ওয়াংখেড়ের দর্শকেরা। সেই ভাষণ, যেটা শুনে টিভির পর্দায় বুঁদ হয়ে থাকা অগুনতি দর্শক হয়েছে অশ্রুসিক্ত। ২০ মিনিটের সেই কথার ইন্দ্রজালে মোহিত হননি এমন লোক কমই আছে। তবে এই তথ্যটা হয়তো জানেন না, ভাষণটা আগে একবারও মুখে আওড়াননি টেন্ডুলকার। প্রস্তুতি বলতে শুধু ছিল কাদের নাম নেবেন সেটা আত্মস্থ করে নেওয়া।

পরশু মুম্বাইতে একটা অনুষ্ঠানে টেন্ডুলকার নিজেই জানিয়েছেন, ‘আমি জানতাম, পুরো বিশ্ব আমার কাছ থেকে কিছু চাইছে। চাইনি কোনো নাম বাদ পড়ে যাক। এটা ছিল আমার জন্য বিশেষ একটা মুহূর্ত। সবগুলো নামই আত্মস্থ করে নিয়েছিলাম। বাকি যা ছিল শুধুই হূদয় থেকে উৎসারিত। আগে থেকে কোনো মহড়া দিইনি। জানতাম আবেগাপ্লুত হয়ে পড়তে পারি। সতর্কতা হিসেবে তাই এক বোতল পানিও রেখেছিলাম, যাতে কথা চালিয়ে যেতে পারি। কিন্তু এসব কখনো আপনি লিখে বলতে পারবেন না। এটা সর্বশক্তিমানের ইচ্ছা।’

বিদায়ী মুহূর্তে যা হলো, সেটা তো ক্রিকেট রূপকথারই অংশ হয়ে গেছে। কোহলিদের কাঁধে চড়ে মাঠ প্রদক্ষিণ, পরে চিরচেনা সেই ২২ গজে শ্রদ্ধা-তর্পণ। টেন্ডুলকার জানিয়েছেন, ‘বিদায় ঘোষণার পর যে ভালোবাসা আমি পেয়েছি, সেটা যেন অপার্থিব। আমি কখনোই এমন কিছু ভাবিনি। আমার কাছে এটা ছিল বিশেষ একটা মুহূর্ত। এমন কিছু যা আমি ব্যাখ্যা করতে পারব না।’ ওয়েবসাইট।