একটি শিরোপার আশায় জয়াবর্ধনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন-তিনটি বিশ্বকাপ আসরের ফাইনালে উঠেছেন। শিরোপার দেখা পাননি একবারও। মাহেলা জয়াবর্ধনের কাছে এটি অবশ্যই আক্ষেপের। তবে লঙ্কান অধিনায়ক আশা করছেন, আরাধ্য শিরোপাটি ধরা দেবে এবার।২০০৯ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে হেরে শিরোপা হাতছাড়া করে শ্রীলঙ্কা। এর দুই বছর আগে ৫০ ওভারের বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয় অস্ট্রেলিয়ার কাছে হেরে। সর্বশেষ, গত বছর মুম্বাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে যায় লঙ্কানরা। তিনটি বিশ্বকাপ ফাইনালেরই সাক্ষী হয়ে আছেন জয়াবর্ধনে। তবে ব্যর্থতার রেকর্ডটা এবার পাল্টে দেওয়ার অপেক্ষায় শ্রীলঙ্কার তারকা এই ব্যাটসম্যান। কলম্বোতে আজ সোমবার বিশ্বকাপের প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, ‘আইসিসি বিশ্ব আসরের অতীতের গৌরবময় ফলাফলই প্রমাণ করে পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে আমরা অভ্যস্ত। এটা ইতিবাচক দিক। ফাইনাল বা সেমিফাইনালে ওঠার মতো ভালো খেলছি আমরা। কিন্তু আমাদের আরও একটা ধাপের কথা ভাবতে হবে। শিরোপা জয়ের জন্য এবার কিছু লক্ষ্য নির্ধারণ করতে হবে আমাদের।’এবারের আসরটা ঘরের মাঠে বলে বাড়তি সুবিধা পাবে শ্রীলঙ্কা। গ্যালারি ভর্তি দর্শকেরও সমর্থন মিলবে। সেটা স্বীকার করে নিয়ে জয়াবর্ধনে বলেন, ‘এটা টি-টোয়েন্টি ক্রিকেট। ১২টি দলেরই এখানে ভালো করার সুযোগ রয়েছে। অবশ্য ঘরোয়া কন্ডিশন বলে কিছুটা সুবিধা হবে আমাদের। দর্শকও আমাদের সঙ্গে থাকবে। সমর্থকদের সমর্থন আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।’ঘরের মাঠ, দর্শকদের সমর্থন তো বটেই, ভাগ্যের সহায়তাও পাচ্ছেন জয়াবর্ধনে। তারকা ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা আঙুলে চোট পেয়েছিলেন। কুঁচকির ইনজুরিতে পড়েছিলেন মিডিয়াম ফাস্ট বোলার নুয়ান কুলাসেকারা। দুজনই সুস্থ হয়ে উঠেছেন।বিশ্বকাপের দলটা কেমন হবে—এ সম্পর্কে জয়াবর্ধনে বলেন, ‘আমাদের দলে বহুমুখী প্রতিভার খেলোয়াড় রয়েছে। দল কেমন হবে, এটা এখনো ঠিক করিনি। তবে সাধারণ ব্যাপার হলো, তারুণ্যনির্ভর দল বলে আমাকে বাড়তি দায়িত্ব নিয়ে খেলতে হবে। আশা করছি, দলকে সঠিক দিকনির্দেশনা দিতে পারব।’ সূত্র: পিটিআই।