একটি সফর ও বাফুফের লজ্জা
বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন অদ্ভুত এক উঠের পিঠে সওয়ার হয়েছে। নিয়ম-নীতির চর্চা নেই। নেই জবাবদিহি। অনেকটা স্বেচ্ছাচারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এটি।কর্মকর্তাদের দ্বন্দ্বে ডেনমার্ক যেতে পারল না অনূর্ধ্ব-১৫ ফুটবল দল। কোপেনহেগেনে গতকাল শুরু হয়েছে কাপ ডেনমার্ক ফুটবল ফেস্টিভ্যাল। তাতে অংশ নেওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু ভিসার জন্য শেষ সময়ে আবেদন করায় সময়মতো ভিসা মেলেনি। বাংলাদেশ দলের সফরও তাই বাতিল হয়ে গেছে।খুদে খেলোয়াড়দের স্বপ্ন ছিনতাই করেছে বাফুফে। মাসখানেক এই খেলোয়াড়দের ক্যাম্পে রেখে শেষ সময়ে তাদের ডেনমার্কে পাঠানো হলো না। যুক্তিসংগত কারণে যাওয়া বাতিল হলে বলার ছিল না। কিন্তু কর্মকর্তারা কে কার পছন্দ, কে কাকে নিয়ে যাবেন, এই কুৎসিত প্রতিযোগিতার জন্যই সফর বাতিল হলো।কথা ছিল স্কুল ফুটবল থেকে বাছাই করা দল পাঠানো হবে ডেনমার্কে। সে অনুযায়ীই প্রস্তুতি চলছিল। দলের সঙ্গে কর্মকর্তা নির্বাচন করে একটা তালিকা করেন স্কুল ফুটবল কমিটির কো-চেয়ারম্যান শেখ মোহাম্মদ আসলাম। এ নিয়ে শুরু ইঁদুর দৌড়ে কর্মকর্তার বহরটা শেষ দিকে বেড়ে অবিশ্বাস্য আকার নেয়—১০ জন!সেই তালিকা ডেনিশ ভিসার জন্য পাঠানো হয় ঢাকার সুইডেন দূতাবাসে। স্কুল ফুটবল কমিটির এক সদস্য দাবি করেছেন, শেখ আসলাম কারও সঙ্গে আলোচনা না করে তালিকা করেন। এবং তাতে বাফুফের কোনো কর্মকর্তা না থাকায় তারা এটা মানতে পারেনি। পরে এ নিয়ে নানা দেনদরবারের পর বাফুফের সহসভাপতি বাদল রায় নাকি দূতাবাসে পাঠানোর জন্য আরেকটি তালিকা তৈরি করতে বলেন। সেই তালিকায় ছিলেন বাফুফের কয়েকজন কর্মকর্তা। এভাবে দূতাবাসে গেছে তিনটি তালিকা! এই কাণ্ড দেখে দূতাবাস ভিসাই দিতে চায়নি।এ ব্যাপারে শেখ আসলামের কথা, ‘তখন বাফুফের সঙ্গে আলোচনা করার সময় ছিল না। একেবারে শেষ সময় এসে যায়, তাই একটা তালিকা করে দেওয়াই লাগত। আমি নিপুকে (বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের নিপু) বলেছিলাম, বাদল রায়কে দলনেতা করে বাকি কয়েকজনের নাম দিয়ে দূতাবাসে পাঠাতে। সেই অনুযায়ী পাঠানোর পর তা বদলে যায়। গোটা ব্যাপারটায় আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। তবে এটা লজ্জাজনক।’অনুসন্ধানে বেরিয়েছে, কয়েকজন কর্মকর্তার বিদেশ সফরের লোভই এই ‘সর্বনাশ’ ডেকে এনেছে। আসলাম তাঁর পছন্দের লোকদের কেন নেবেন—এই প্রশ্ন তুলে তাঁর তালিকায় বাগড়া দেওয়া হয়। আবার আসলামের পক্ষের বক্তব্য, যাঁরা স্কুল ফুটবল নিয়ে কাজ করেছেন, তাঁদের নিয়েই যেতে চেয়েছেন তিনি। পরে যাঁরা বাগড়া দিয়েছেন, তাঁদের স্কুল ফুটবলের আয়োজনে পাওয়া যায়নি বলে প্রচার আছে।ঘটনা যা-ই হোক, ভিসা জটিলতাকে বর্ম হিসেবে ব্যবহার করেছে বাফুফে। কিন্তু আসল সত্য এই, কর্তাদের বিদেশ ভ্রমণের খায়েশেই ভেঙে গেছে কিশোর ফুটবলারদের স্বপ্ন।