একটি স্বপ্নের মৃত্যু
বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আশা ত্যাগ করতে হয়েছে জার্মানিকে। স্পেনের বিপক্ষে এই পরাজয়ে শোকস্তব্ধ গোটা জার্মানি। জার্মান সংবাদপত্রগুলোও বিভিন্ন প্রতিবেদনে-প্রবন্ধে জার্মান জনগণের হূদয়ের অনুভূতির প্রতিচ্ছবি প্রকাশ করে চলেছে নিরন্তর। ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দুটিতে পোডলস্কি-ক্লোসা-শোয়েনস্টাইগার-ওজিলদের অসাধারণ পারফরম্যান্স দেশের মানুষের প্রত্যাশার পারদকে অনেক ওপরে তুলে দিয়েছিল। সেই প্রত্যাশার প্রতিদান না পেয়ে স্বভাবতই এখন গোটা জার্মানি জুড়ে স্বপ্নভঙ্গের বেদনা। পত্রিকাগুলোর প্রশ্ন, ইংল্যান্ড ও আর্জেন্টিনার বিপক্ষে জার্মানি যে খেলা খেলেছে, স্পেনের বিপক্ষে সেমিফাইনালে সেই খেলার ছিটেফোঁটাও কেন দেখাতে পারলেন না ফুটবলাররা? প্রত্যশা ভঙ্গের দুঃখ থাকলেও জার্মান পত্রিকাগুলোর প্রতিবেদনে দলকে নিয়ে অবশ্য তেমন সমালোচনা দেখা যাচ্ছে না। পত্রিকাগুলো বরং গর্বিতই জার্মানির তরুণ খেলোয়াড়দের নিয়ে। বিখ্যাত বিল্ড পত্রিকা সেমিফাইনালের পর দিন শিরোনাম করেছে, ‘একটি স্বপ্নের মৃত্যু।’ পত্রিকাটি তাদের প্রথম পাতায় এক মন্তব্য প্রতিবেদনে বলেছে, ‘স্পেন যোগ্যতর দল হিসেবেই সেমিফাইনালে জার্মানিকে হারিয়েছে। তবে আমরা আমাদের তরুণ খেলোয়াড়দের নিয়ে গর্বিত। ওরা অসাধারণ খেলেছে।’ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে বিল্ড লিখেছে, ‘সেমিফাইনালে জার্মান দলের অনেক জায়গাতেই ঘাটতি ছিল। তারা কৌশলী হতে পারেনি। প্রতিটি বিভাগেই স্পেন জার্মানিকে পরাজিত করেছে। স্পেনের বিপক্ষে জার্মানির স্বভাবজাত ক্ষিপ্রতার ব্যাপক ঘাটতি ছিল।’ব্যানার শিরোনাম দিয়ে ফ্রাংকফুর্টার অ্যালেজেমনি জেইটাং লিখেছে, ‘খুব শক্তিশালী স্পেন, এখন তৃতীয় স্থানের লক্ষ্য জার্মানির।’ পত্রিকাটির কলামিস্ট মাইকেল হোরেনি লিখেছেন, ‘স্পেন এতটাই ভালো খেলেছে যে তাদেরকে ফাইনালে ওঠার সুযোগ করে না দিয়ে জার্মানির কোনো উপায় ছিল না।’জার্মানির অন্য পত্রিকাগুলোর মতো সমর্থকদের স্বপ্ন ভঙ্গের বিষয়টি গুরুত্ব দিয়ে ছেপেছে স্পেইগাল। পত্রিকাটির শিরোনাম ছিল, ‘প্রথমে উচ্চাশা, তারপর বিশাল হতাশা!’ প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্পেন যখন গোল করল, জার্মানদের মন-রাজ্যের হতাশায় ভরে যায়। হাজার হাজার সমর্থকের বেদনাভরা মুখ দেখলে বুকটা হাহাকার করে ওঠে।’ স্বপ্নের মৃত্যুর মধ্যেও ফুটবলারদের প্রশংসা করতে ভোলেনি ডেই ওয়েল্ট। পত্রিকাটি লিখেছে, ‘এই তরুণ দলটি ঠিক আমাদের মনের মতো করে খেলেছে। ফুটবলাররা যেন জার্মানিকেই বদলে দিয়েছেন। আমরা এখন অনেক বদলে গেছি।’