একটি 'প্রথমে'র সাক্ষী

কথা একই। এটাও একটা বিশ্বকাপ। মূল বিশ্বকাপের সঙ্গে নামটা সাংঘর্ষিক হয়ে যায় বলে একটু ঘুরিয়ে নাম দেওয়া হলো ওয়ার্ল্ড টি-টোয়েন্টি। বিশ্ব টি-টোয়েন্টি। ২০ ওভারি ক্রিকেটের বিশ্বশ্রেষ্ঠত্বের আসর।
চোখের সামনে একটা বিশ্বকাপ প্রতিযোগিতা ভূমিষ্ঠ হবে। রোমাঞ্চ-পিয়াসী মনটা নিয়ে উড়ে গেলাম দক্ষিণ আফ্রিকা। হা হতোস্মি! জোহানেসবার্গ ওআর টাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটা মিনিয়েচার সাইজের প্ল্যাকার্ড ছাড়া আর কোনো বিজ্ঞাপন নেই। নগর কেন্দ্রের দিকে যাওয়ার রাস্তাটাও সুনসান।
জানাই ছিল দক্ষিণ আফ্রিকায় ক্রিকেট প্রধান খেলা নয়। তার পরও একটা বিশ্বকাপের আবাহন এমন নিরুত্তাপ কেন হবে? নিজের মতো করেই উত্তর সাজিয়ে নিল মন। এই বিশ্বকাপ তো জন্মই নিচ্ছে অনিচ্ছুক এক পৃথিবীতে। যেখানে কৌলীন্য গা বাঁচিয়ে চলতে চায়। বিশুদ্ধবাদীরা যে ক্রিকেটের মধ্যে দেখে অপক্রিকেটের ছায়া। যে খেলায় প্রতিদ্বন্দ্বিতার চেয়ে মৌজ-মাস্তিরই প্রাধান্য। মূলত আইসিসির অর্থকরী প্রকল্পের অংশ হিসেবে অপ্রস্তুত অবস্থাতেই এটির মাঠে নেমে পড়া। ব্যবস্থাপনার মধ্যেও কেমন যেন একটা রোদপোহানো ভাব দেখা গেল।
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামের উল্টো দিকের রাস্তায় অস্থায়ী মিডিয়া রুম। সেখানে সাদা-কালো-বাদামি মানুষের ভিড়। পরদিন বিশ্বকাপ শুরু। তাই পাসের জন্য লম্বা লাইন। মিডিয়া সার্ভিস রাশম্যানসের কর্মীরা গলদঘর্ম। এ যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ছায়াচিত্র। বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে যেমন পাসের জন্য ভিড় দেখেছি, এখানেও তো তা-ই! এটা না আইসিসির একটা বৈশ্বিক টুর্নামেন্ট! চিৎকার-চেঁচামেচির মধ্যে মিডিয়া ইনচার্জ সারা ফানেল তিষ্ঠোতে পারছেন না। তখন পর্যন্ত বাংলাদেশ থেকে গিয়েছি আমরা তিন সাংবাদিক। তন্নতন্ন করে খুঁজে আমাদের অ্যাক্রিডিটেশন কার্ড বের করে দিলেন অস্ট্রেলিয়ান ভদ্রমহিলা।
বারবার মনে পড়তে লাগল অ্যান্ড্রু সাইমন্ডসের কথা। অস্ট্রেলিয়ার এই বিস্ফোরক ব্যাটসম্যান কদিন আগে সবিস্ময়ে সেই যে বলেছিলেন, ‘ভেবেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে মনের আনন্দে খেলব, চার-ছয় হাঁকাব। কিন্তু এটিরও একটি বিশ্বকাপ এসে গেল!’ ১১ সেপ্টেম্বর, ২০০৭, বিশ্বকাপ শুরুর আগ পর্যন্ত মনের মধ্যে একটা অনিশ্চয়তার ছায়াই থাকল। কেমন হবে আয়োজন? ধ্যাড়্ধ্যাড়ে মার্কা বিশ্বকাপ? মিডিয়া সেন্টারের ওই ভিড় ছাড়া সাধারণ মানুষের মধ্যে আগ্রহের পারদই তো নেই! ভুল ভাঙাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ উদ্বোধনী ম্যাচ। কোত্থেকে যে মানুষের স্রোত বইল ওয়ান্ডারার্সে! সংক্ষিপ্ত অথচ মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠান। বইল আলোর ঝরনাধারা। খেলাটাও হলো তেমনই। প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করে ক্রিস গেইল ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গেলেন ২০৫ রানে। দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্য ছুঁল ৮ উইকেট হাতে রেখেই। স্বাগতিকদের এই জয় টুর্নামেন্টকে নাচিয়ে, গাইয়ে, পান করিয়ে সেই যে মাতাল করল, সেটি থামল ২৪ সেপ্টেম্বর গভীর রাতে। ওয়ান্ডারার্স, ডারবানের কিংসমিড, কেপটাউনের নিউল্যান্ডস ঘুরে আবার ওয়ান্ডারার্সে, ভারতের শিরোপা জয়ের পর। ক্রিকেটের একটা টুর্নামেন্টের সর্বোচ্চ যে আকাঙ্ক্ষাটা থাকতে পারে সেই স্বপ্নের ফাইনালই হলো ওই রাতে। পেন্ডুলামের মতো দুলতে থাকা ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপাটাই নিল ভারত। মহেন্দ্র সিং ধোনির তরুণ ভারত।
ভারত শিরোপা জিতেছে ঠিক আছে। কিন্তু আজ ভাবতেই অন্য রকম লাগে যে গ্রুপ পর্বে সবচেয়ে সাড়া জাগিয়েছিল বাংলাদেশ। এর আগে যে ওয়েস্ট ইন্ডিজ অবধ্য ছিল বাংলাদেশের কাছে, ১৩ সেপ্টেম্বর সেই ওয়েস্ট ইন্ডিজ হেরে গেল আশরাফুল-আফতাব-সাকিবদের কাছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেকগুলো ‘প্রথমে’র জন্ম দিল বাংলাদেশ। প্রথম উইকেট মেডেন নিয়ে গেইলের উইকেটটি তুললেন বাঁহাতি পেসার সৈয়দ রাসেল। ১ ওভারে ৩ উইকেট নিলেন বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। সবচেয়ে কম বলে ফিফটি করলেন মোহাম্মদ আশরাফুল (২০ বলে)। ওই একটা জয়ই বাংলাদেশকে নিয়ে গেল সুপার এইটে।
চার মাস আগের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এমনিতেই ওই দেশে বাংলাদেশ তখন উদীয়মান ক্রিকেট-শক্তি। ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে দিয়ে সুপার এইটে ওঠায় আরও সম্মানিত দল। আশরাফুলরা যেন একেকজন খুদে যুবরাজ! গোটা সাংবাদিক সমাজ প্রায় একমত, শিরোপা হাতে না উঠুক বাংলাদেশ সেমিফাইনালে উঠছেই। সেই সম্ভাবনা উজ্জ্বলই তো ছিল। ওয়ান্ডারার্সেই শ্রীলঙ্কাকে মাত্র ১৪৭ রানে বেঁধে ফেলার পর বাজিটা ছিল বাংলাদেশেরই পক্ষে। কিন্তু কে জানত তারা ব্যাটিংয়ে আত্মহননের পথে হেঁটে অলআউট হবে মাত্র ৮৩ রানে! সেমিফাইনালের আশা দূর অস্ত, বাংলাদেশ ওই একটা জয় নিয়েই ফিরবে দেশে।
আমরা ফিরলাম ফাইনালের পরদিন, ২৫ সেপ্টেম্বর। একই বিমানে নতুন বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সঙ্গী হয়ে। মাত্র চার মাসেই মূল বিশ্বকাপের ব্যর্থতা মুছে ভারত আবার বিশ্বজয়ী। ধোনিদের গায়ে ঠিকরে পড়ছে আলো, তাদের মুখে প্রাপ্তির আনন্দ। ওদের দিকে তাকিয়ে আমরা তিন সাংবাদিকও বলি, বাংলাদেশকেও কম দেয়নি এই বিশ্বকাপ। ক্রিকেটের অনুসংস্করণে দ্রুত পায়ে সামনে এগিয়ে চলার প্রেরণাটা অন্তত দিয়েছে। তখন কি আর জানতাম, টি-টোয়েন্টি ক্রিকেটটাই বাংলাদেশের কাছে এক গোলকধাঁধা! চারটি বিশ্বকাপের পরও ওই একটা জয়ের স্মৃতিরই জাবর কাটতে হবে সাকিব-মুশফিকদের!