একটি ‘বাঁদর’ ছেলের গল্প
ছেলেটা বড়ই বাঁদর প্রকৃতির। কখনো গাছে উঠছে, কখনো পাশের বাড়ির দেয়াল বেয়ে উঠছে আবার কাউকে ঢিল মেরে ছুটে পালাচ্ছে। একটা মিনিট কোথাও স্থির হয়ে দাঁড়ানোর নাম নেই। বাবার হাতে পড়লেই শক্ত পিটুনি।বাবা তো পিটুনি দিয়ে খালাস। মা দুশ্চিন্তা করেন, ছেলেটার হলো কী? এমন অস্বাভাবিক আচরণ কেন! একদিন ধরে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলেন। চিকিৎসক দেখেশুনে বললেন, ‘মোটেও দুশ্চিন্তার কিছু নেই। ছেলেটি আপনার অতি-সক্রিয় বৈশিষ্ট্য নিয়ে পৃথিবীতে এসেছে।’আজকের পৃথিবী সেই চিকিৎসকের কথা অক্ষরে অক্ষরে সত্যি বলে দেখতে পাচ্ছে। ‘অতি-সক্রিয়’, বাঁদর প্রকৃতির সেই ছেলেটিকে এখন সবাই চেনে। নাম তাঁর উসাইন বোল্ট। স্প্রিন্টের ট্র্যাকে গতির যে ঝড় বোল্ট এ পর্যন্ত তুলেছেন, তা বছর চারেক আগে কেউ কল্পনাও করতে পারেনি।কিন্তু শুধু অলিম্পিক স্প্রিন্টে গোটা তিনেক সোনা জয় আর কয়েকটা বিশ্ব রেকর্ডে আটকে থাকলে তিনি আর কিসের ‘অতি-সক্রিয়’! বোল্ট তো সবই করতে চান। ৪০০ মিটারে দৌড়ানোর খুব ইচ্ছে, ইচ্ছে আছে দীর্ঘ লাফে অংশ নেওয়ার। জানা কথা, ছোটবেলায় ক্রিকেট আর ফুটবলের পাগল ছিলেন।চোটের কারণে আপাতত জ্যামাইকায় নিজেদের বাড়িতে বসে আছেন। সেখান থেকে বিভিন্ন সংবাদমাধ্যমে নিজের ছোটবেলার গল্প বলছেন খুব মজা করে। সেই গল্প করতে গিয়েই বলেছেন, ছোটবেলায় বাঁদরামি করার কথা। বলেছেন, বাবার হাতে পিটুনি খাওয়ার কথা।পিটুনি হবে, এটা টের পেলে আগে দৌড়ে পালিয়ে যেতেন। কিন্তু তাঁর বাবারও নিজস্ব কৌশল ছিল বলে জানিয়েছেন বোল্ট, ‘আমি তো সব সময় কিছু না-কিছু করতাম। আর উনি বকতেই থাকতেন। তবে পিটুনি দেওয়ার আগে একদম চুপ হয়ে যেতেন। শুধু গম্ভীরভাবে বলতেন, ‘‘এদিকে এসো’’। আমিও জোরে দৌড়ে পালিয়ে যেতাম!’আর বোল্ট দৌড়ালে তাকে ধরে কার সাধ্যি! এই জোরে দৌড়ানোর কারণে ক্রিকেটও ছাড়তে হলো। বোল্ট যখন বড় হয়ে উঠছেন, সোনালি দিন পার হয়ে এলেও ওয়েস্ট ইন্ডিজ তখনো পরাশক্তি। ওই দলের সাফল্যে ভবিষ্যৎ ওয়ালশ বা গ্রিনিজ হওয়ার স্বপ্ন নিয়ে স্থানীয় দলে ব্যাটে-বলে ওপেন করতেন বোল্ট।কিন্তু বাবা এখানেও ‘শত্তুর’, ‘উনি বললেন, আমার দৌড়ানোই উচিত। কারণ এটা যেহেতু ব্যক্তিগত খেলা, তাই নিজের জন্যই আমি ভালো করব বলে ওনার ধারণা।’ তা বোল্টের বাবা অ্যাথলেটিকস দুনিয়ার মহা একটা উপকার করলেন বৈকি। বোল্ট দৌড়বিদ হয়ে গেলেন।শুরুর সেই দিনটার কথা মনে করে আজও রোমাঞ্চ বোধ করেন বোল্ট। ‘জ্যামাইকান বিদ্যুতের’ জীবনে সেই জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ দিয়েছে প্রথম নার্ভাস হওয়ার অনুভূতি, শেষও। বোল্ট নাকি উত্তেজনায় বাঁ পায়ের জুতা ডান পায়ে পরে ফেলেছিলেন, ‘আমি আমার সারা জীবনে অত নার্ভাস আর হইনি। সবার যে প্রত্যাশা ছিল, তাতে আমি রীতিমতো কাঁপছিলাম। ওই একটা মুহূর্ত আমার জীবন বদলে দিল। কারণ এরপর আর কোনো দিন আমি নার্ভাস হইনি।’নার্ভাস যে আর হননি, সেটা অ্যাথলেটিকস দুনিয়ায় কমবেশি সবাই জানে। ওয়েবসাইট।