একটু অচেনা আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরল দৃশ্যই বটে। সাধারণত তাঁকে দিয়ে বিপর্যয় শুরু হয় কিংবা বিপর্যয় আরও বাড়ে। সেই শহীদ আফ্রিদিই কিনা কাল বিপর্যয়ে পাকিস্তানের ত্রাতা! আচমকা পথ হারানো ইনিংসটার দিশারি হয়ে উদ্ধার করলেন পাকিস্তানকে। খুব বেশি হয়তো নয়। কিন্তু অপরাজিত ২৪ রানই ম্যাচের সর্বোচ্চ। তার চেয়েও বড় কথা, পরিস্থিতির বিবেচনায় মহামূল্যবান।আফ্রিদি এর চেয়েও বড় বিস্ময় উপহার দিলেন সংবাদ সম্মেলনে। ব্যাটিংয়ে কী কী করা উচিত নয়, কোনো নবীন ক্রিকেটারকে তা বোঝাতে চাইলে আফ্রিদির ব্যাটিংয়ের ভিডিও দেখাতে পারেন কোনো কোচ। ব্যাকরণকে বৃদ্ধাঙ্গুলি দেখানোই তাঁর স্বভাব, পাত্তা পায় না কন্ডিশন বা ম্যাচের পরিস্থিতি। অথচ মিরপুরের উইকেটে রান পাওয়ার সবচেয়ে গ্রহণযোগ্য উপায়টা বাতলে দিলেন তিনিই, ‘উইকেট কিন্তু ব্যাটিংয়ের জন্য এমন কোনো কঠিন নয়। কোনো ব্যাটসম্যান চাইলে এখানে অবশ্যই টিকে থাকতে পারে। সিঙ্গেল নিয়ে, স্ট্রাইক বদলে, উইকেটে একটু সময় কাটালেই রান পাওয়া যায়। হয়তো অতিরিক্ত টি-টোয়েন্টির কারণে এখন ব্যাটসম্যানদের তেমন টেম্পারামেন্ট নেই।’আফ্রিদির কণ্ঠে ব্যাটিং টেম্পারামেন্ট অনেকটা ভূতের মুখে রাম নাম শোনার মতোই। তবে কাল যেমন খেলেছেন, তাতে এমনটা দাবি করতেই পারেন। তাঁর ২৪ রান না হলে পাকিস্তান হেরে যেত, এটা হয়তো বলা যাবে না। শোয়েব মালিক তো অপেক্ষায় ছিলেনই। কিন্তু এটাও সত্যি, এক ধরনের আশঙ্কা ঠিকই পেয়ে বসেছিল পাকিস্তানকে। আফ্রিদির রান যে একপর্যায়ে ছিল ১৫ বলে ৬, এটার ব্যাখ্যাও ওই আশঙ্কাই। তবে আফ্রিদির স্ট্রাইক রেট কি আর এক শর নিচে থাকে! ৪০ থেকে স্ট্রাইক রেট শেষ পর্যন্ত ঠিকই ছিল ১০৪.৩৪!নিজের ব্যাটিংয়ে ও ব্যাটিং-তত্ত্বে কালকের আফ্রিদি খানিকটা অচেনা ছিলেন বলেই ব্যাটিং নিয়ে শুরুতে এত কথা। আসল কাজ তো আফ্রিদি বোলিংয়েই করেছেন। ৫ উইকেট নিয়ে দলের জয় মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন। কিছুদিন ধরে যেটা তিনি নিয়মিতই করছেন। অনায়াসেই তাঁর সেরা বছর এটি, ২৫ ম্যাচে এখন পর্যন্ত পেয়েছেন ৪৫ উইকেট। ২০০২ সালে পাওয়া ৩৩ উইকেটই ছিল এত দিন সেরা। ক্যারিয়ারে সাতবার ম্যাচে পাঁচ উইকেটের চারটিই পেলেন এ বছর। হুমকিতে ফেলে দিয়েছেন ওয়াকার ইউনুসের ২১ বছরের পুরোনো রেকর্ড।বাংলাদেশের ব্যাটসম্যানদের ‘উদারতায়’ কালকের ৫ উইকেট পেতে বৈচিত্র্যের ডালা খুুব একটা মেলে ধরতে হয়নি। উপহারই পেয়েছেন বেশি। নিজে অবশ্য নিজের কৃতিত্বকে খাটো করতে চাইলেন না, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো কিছুই খুব সহজে ধরা দেয় না। ভালো বোলিং করেই উইকেট পেয়েছি। প্রতি ম্যাচেই আমি নিজেকে মেলে ধরতে চাই।’এ বছর সর্বোচ্চ উইকেট সংগ্রহকারীর তালিকায় আফ্রিদির ওপরে আছেন কেবল লাসিথ মালিঙ্গা (৪৮)। ‘শর্তসাপেক্ষ’ অবসরে না গেলে হয়তো এত দিনে উইকেটের ফিফটি হয়ে যেত। তবে ওই অবসরে যেন আরও শাণিত হয়েছেন, ফেরার পর ৬ ওয়ানডেতেই পেয়ে গেছেন ১৮ উইকেট। ‘ওই চার মাসে আমি অনেক পরিশ্রম করেছি, নিজেকে অনুপ্রাণিত করেছি। শ্রীলঙ্কা ও বাংলাদেশ সিরিজে দুর্দান্ত কিছু করার জন্য মুখিয়ে ছিলাম’—আফ্রিদি যা বললেন, তাতে আরও বিপদ হয়তো অপেক্ষা করছে বাংলাদেশের জন্য!