একটু অতৃপ্তি থাকলই শেবাগের
৯৯ রানে অপরাজিত বীরেন্দর শেবাগ, জয়ের জন্য প্রয়োজন ৫ রান। স্ট্রাইকে তিনিই, দল জয়ও পেল, কিন্তু তাঁর সেঞ্চুরিটা হলো না। সুরাজ রণদিভের নিচু হওয়া একটি বল শেবাগ, উইকেটকিপার সাঙ্গাকারা দুজনকেই ফাঁকি দিয়ে চলে গেল মাঠের বাইরে। পরের দুটি বলে রান নেই, চতুর্থ বলে লং অফ দিয়ে বল উড়িয়ে মাঠের বাইরে ফেললেন শেবাগ। সেঞ্চুরির আনন্দে দুই হাত ওপরেও তুললেন, কিন্তু আনন্দটা থাকল কেবলই বোনাস পয়েন্টসহ জয়ের। কারণ বলটি ‘নো’ হওয়ার সঙ্গে সঙ্গেই জিতে গেছে ভারত, বল মাঠের বাইরে উড়িয়ে ফেলেও ছয় পাননি শেবাগ!প্রথম ৫ ওভার উইকেটে আছেন শেবাগ, অথচ বাউন্ডারি হয়নি একটিও! লক্ষ্য মাত্র ১৭১, কিন্তু কৃত্রিম আলোয় ডাম্বুলার উইকেট যেভাবে নাটকীয়ভাবে পাল্টে যায়, সেটা মাথায় রেখেই হয়তো ভারত শুরু করেছিল সতর্কভাবে। তাতেও অবশ্য শুরুর বিপর্যয় এড়ানো যায়নি। ৩২ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল ভারত। চতুর্থ উইকেটে শততম ম্যাচ খেলতে নামা সুরেশ রায়নাকে নিয়ে ৫৯ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শেবাগ, পঞ্চম উইকেটে ধোনির সঙ্গে গড়েন ৮০ রানের অবিচ্ছিন্ন জুটি। প্রথম ৩০ রান করেছিলেন ৪২ বলে, ফিফটি ৫৮ বলে। এর পরই দেখা দেন স্বরূপে। গত ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষেই ১৪৬ করার ১২ ম্যাচ পর আবার ওয়ানডেতে ফিফটির দেখা পেলেন ভারতীয় ওপেনার। বরাবরের মতোই কাল টস হেরেছেন মহেন্দ্র সিং ধোনি। শ্রীলঙ্কায় পা রেখেছেন এক মাসের বেশি হয়ে গেল, তিন দিনের প্রস্তুতি ম্যাচ, তিনটি টেস্ট ও ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচেও মুদ্রা নিক্ষেপে ভাগ্য মুখ তুলে তাকাল না ভারত অধিনায়কের দিকে। তবে টস হারলেও যে ডাম্বুলায় ম্যাচ জেতা যায়, সেটা তো গত ম্যাচে শ্রীলঙ্কাই দেখিয়েছে আগে। নিউজিল্যান্ডকে যে শ্রীলঙ্কা বেঁধে ফেলেছিল ১৯২ রানে, সেই শ্রীলঙ্কাই কাল গুটিয়ে গেল আরও ২২ রান কমে। কারও একক কৃতিত্ব নয়, উইকেট পেয়েছেন ভারতের মূল পাঁচ বোলারের সবাই।দর্শকেরা নড়েচড়ে বসার আগেই শ্রীলঙ্কার আগের ম্যাচের নায়ক উপুল থারাঙ্গাকে দারুণ এক ইনসুইংয়ে বোল্ড করেন প্রাভিন কুমার। খুব দ্রুত ফিরে যান সাঙ্গাকারা ও জয়াবর্ধনেও। আগের ম্যাচে পেসাররা দারুণ শুরু করলেও স্পিনাররা সমর্থন দিতে না পারায় তিন শর কাছাকাছি স্কোর গড়ে ফেলেছিল কিউইরা। কিন্তু কাল ভারতের সফলতম বোলার প্রজ্ঞান ওঝা, আরেক বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজাও নিয়েছেন ২ উইকেট। ১০৩ রানে ৭ উইকেট হারানো শ্রীলঙ্কা ১৭০ পর্যন্ত যেতে পেরেছে লোয়ার-অর্ডারের কল্যাণে। তথ্যসূত্র: টেন স্পোর্টস।