একটু অতৃপ্তিও সঙ্গী মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ে সফরের হারারে পর্ব প্রায় শেষ হতে চললেও বাংলাদেশ দলের ক্রিকেটারদের জন্য এখনো ভোগান্তির অন্য নাম হয়ে আছে হলিডে ইন হোটেল। কাল সেই ভোগান্তির সবচেয়ে বড় শিকার হলেন সম্ভবত অধিনায়ক মুশফিকুর রহিমই। আগের দিন অপরাজিত থাকায় মাঠে গিয়েই নামতে হবে ব্যাটিংয়ে। অথচ সকালে ঘুম থেকে উঠে কিনা দেখেন টয়লেটের কলে এক ফোঁটা পানি নেই! খেলা নিয়ে চিন্তা করবেন কি, ব্রেকফাস্ট রুমে এসে খোঁজখবর নিতে শুরু করলেন কার ঘরে পানি আছে।খেলাটেলা চলার সময় খেলোয়াড়দের যতটা সম্ভব নির্বিঘ্ন পরিবেশে রাখতে হয়। খেলার বাইরে অন্য কোনো চিন্তা মাথায় না ঢোকানোটাই নিয়ম। কিন্তু এবারের জিম্বাবুয়ে সফরে সেটি পারা যাচ্ছে কই! তিন তারকা হোটেলে থেকেও সকালে ঘুম থেকে উঠে আগে পানির চিন্তা। টয়লেটে পানি আছে তো? থাকলে সেটা ময়লা না পরিষ্কার? নাকি শুধু গরম পানিই আসছে কল দিয়ে! কম ঝক্কি পোহাতে হয়নি অনুশীলন-সুবিধা নিয়েও। ঢাকা থেকে জিম্বাবুয়ে ক্রিকেটকে লেখা বিসিবির এক চিঠিতে শেষ পর্যন্ত অনুশীলন সমস্যার কিছুটা সমাধান হলেও হোটেলে থাকার আরাম এখন পর্যন্ত পায়নি বাংলাদেশ দল। টিম ম্যানেজমেন্ট শুরুতে কিছুটা প্রতিবাদমুখর ছিল। এখন তারাও এই সমস্যার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। বিশেষ করে কাল সকালে যখন জানা গেল, পুরো হারারেতেই নাকি পানির সংকট।পানির সমস্যা নিয়ে আবারও এত কিছু বলার কারণও মুশফিকুর রহিম। অধিনায়কের ওপর দায়িত্ব পড়েছিল ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। বাংলাদেশ শেষ পর্যন্ত কত রানের লিড নিল, টেস্টের ভবিষ্যৎ তো নির্ভর করছিল সেটার ওপরই। পানিসমস্যায় সকালটা তিরিক্ষি মেজাজ নিয়ে শুরু করার পরও মুশফিক নিজের দায়িত্বটা পালন করলেন দারুণভাবে। সেঞ্চুরি মিস করার আক্ষেপ থাকতে পারে, তবে ৯৩ রানের ইনিংস খেলে ৪০০ রানের লিড নেওয়ায় তো তাঁর ভূমিকাই সবচেয়ে বেশি! মাঠের বাইরের সমস্যাকে কীভাবে মাঠের বাইরেই রেখে এসে নেতা হয়ে দাঁড়াতে হয় সামনে, সেটা কেউ মুশফিকের কাছ থেকে শিখতে পারেন।ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের সুখস্মৃতি আগেও ছিল। পাঁচটা ফিফটি করেছেন। ২০০৬ সালে অভিষেকও এই হারারে স্পোর্টস ক্লাব মাঠেই। তাঁর একমাত্র ওয়ানডে সেঞ্চুরিটিও এখানে। তবে অতৃপ্তিও আছে। ওয়ানডেতে মুশফিক এখন পর্যন্ত যে একবার নার্ভাস নাইনটিতে আউট হয়েছেন, ২০০৯ সালে সেটাও এই জিম্বাবুয়েরই বুলাওয়েতে।জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিক এবারের আগে টেস্ট খেলেছেন কেবল ২০১১ সালের সফরে। দলের মতো সেবার তাঁর পারফরম্যান্সও ছিল হতাশাজনক—একমাত্র টেস্টের দুই ইনিংসে ২৭ ও ২৮। তার পরও ওই সফরটা মুশফিকুরের ক্যারিয়ারে বড় একটা টার্নিং পয়েন্ট। জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের সেই লজ্জাজনক ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় সাকিব আল হাসানকে। মুশফিকের কাঁধে ওঠে দায়িত্ব।সে দায়িত্ব নিয়ে আবারও এসেছেন সেই জিম্বাবুয়েতে। কিন্তু এমনই কপাল, প্রথম টেস্টে ২০১১ সালে সাকিবের হওয়া অনুভূতিটা নাড়া দিয়ে গেল তাঁকেও! দল হেরেছে ৩৩৫ রানের বিশাল ব্যবধানে, দুই ইনিংস মিলিয়ে নিজে করেছেন মাত্র ৬। তবে অধিনায়ক বলে ও রকম একটা পরাজয়ের পরও নিজের চেয়ে দল নিয়েই ভাবতে হয়েছে বেশি। অনুশীলনে, হোটেল লবিতে চিন্তার বলিরেখা যে কপালে দেখা যায়নি তা নয়। কিন্তু হতাশাটাকে আচরণেও ফুটিয়ে না তুলে হাসি মুখে জবাব দিয়েছেন সমালোচনার। আর দ্বিতীয় টেস্টে তো পারফরম্যান্স দিয়েই দলকে দেখাচ্ছেন জয়ের স্বপ্ন। প্রথম ইনিংসে করেছেন ৬০ রান, দ্বিতীয় ইনিংসে ৯৩। কাছ থেকে অধিনায়ক মুশফিকুরকে দেখে রীতিমতো মুগ্ধ দলের সঙ্গে আসা বোর্ড কর্মকর্তা আহমেদ সাজ্জাদুল আলম, ‘ও অনেক ডিসিপ্লিনড। অধিনায়ক হিসেবে অনেক বেশি ইতিবাচক। নেতৃত্বের দায়িত্বটা ও খুব সিরিয়াসলি নিয়েছে।’চারটি চমৎকার দিন কাটানোর পর এখন শুধু তুলির শেষ আঁচড়টাই বাকি। সবকিছুই সার্থক হবে যদি বাংলাদেশ আজ দ্বিতীয় টেস্টটা জিতে প্রলেপ লাগাতে পারে প্রথম টেস্টে পাওয়া লজ্জার ক্ষতে। অবশ্য মনের কোণে তার পরও একটু আক্ষেপ থেকেই যাওয়ার কথা অধিনায়কের। সিরিজ জেতা তো আর হলো না, পেতে পেতে পাওয়া হলো না টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরিটাও!