একটু প্রতিরোধে শেষ দিনে ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ স্মিথের বলে আউট হয়ে গেলেন প্রথম ইনিংসে ইংলিশ প্রতিরোধের নায়ক ইয়ান বেল (ছবিতে নেই)। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার উল্লাস! এএফপি
স্টিভ স্মিথের বলে আউট হয়ে গেলেন প্রথম ইনিংসে ইংলিশ প্রতিরোধের নায়ক ইয়ান বেল (ছবিতে নেই)। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার উল্লাস! এএফপি

অবশেষে একটু হাসতে পারছে ইংল্যান্ড!

এই হাসি মানে জয় নয়, নয় দুর্দান্ত কোনো পারফরম্যান্স। জয় কিংবা অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলা এখনো অনেক দূর। কিন্তু স্কোরবোর্ডে রান আড়াই শ ছুঁই-ছুঁই। একটি সেঞ্চুরি জুটিও হয়েছে। সবচেয়ে বড় কথা, ম্যাচ গড়িয়েছে পঞ্চম দিনে। এটাই বা কম কী!

সিরিজ শুরুর আগে অভাবনীয় হলেও এসবই এখন বাস্তবতা। পরিষ্কার ফেবারিট হয়ে অস্ট্রেলিয়ায় পা রাখা ইংল্যান্ড সিরিজের চতুর্থ ইনিংসে এসে প্রথমবার ছুঁতে পেরেছ দুই শ। কাল জো রুট ও কেভিন পিটারসেনের ১১১ রানের জুটি সিরিজে ইংল্যান্ডের প্রথম শতরানের জুটি (আগের সর্বোচ্চ ছিল ৬২!)। সিরিজে প্রথমবার পুরো এক দিন ব্যাটিং করতে পারল ইংল্যান্ড। ‘ইংল্যান্ডের হাসি’ তাই ব্যঙ্গ করে বলা হলেও এটাই যেন বড় এক সত্যি!

ম্যাচের সমীকরণ থেকে ইংল্যান্ডের জয় হারিয়ে গেছে অনেক আগেই। যেটুকু কৌতূহল, তা ম্যাচের দৈর্ঘ্য আর ইংল্যান্ডের পরাজয়ের ব্যবধান নিয়ে। দুই ওপেনার যখন কাল সাতসকালেই ফিরলেন প্যাভিলিয়নে, ম্যাচের ইতি দেখা যাচ্ছিল তখনই। ৫৩১ রানের বোঝা আর অস্ট্রেলিয়ান পেসের আগুনে বুঝি দুই ইংলিশ ওপেনার বুঝেই উঠতে পারেননি কীভাবে এগোনো উচিত। দুজনই আউট হয়েছেন স্বভাববিরুদ্ধ শটে। দিনের দ্বিতীয় ওভারেই মিচেল জনসনকে হুক করে লং লেগে ক্যাচ দিয়ে ফিরেছেন অ্যালিস্টার কুক। মাইকেল কারবেরিও ক্যাচ দিয়েছেন একই জায়গায়, পিটার সিডলকে পুল করে।

ইঙ্গিত যখন আরেকটি ধসের, রুট-পিটারসেনের প্রতিরোধে অ্যাডিলেডে কিছুক্ষণ বইল উল্টো হাওয়া। আগের দুটি সফরে এই মাঠেই ১৫৮ ও ২২৭ রানের দুটি ইনিংস আছে পিটারসেনের। এবার প্রথম ইনিংসে ফিরেছেন মাত্র ৪ রানে। কিন্তু অ্যাডিলেড থেকে কি আর পুরো ব্যর্থ হয়ে ফিরতে পারেন! কাল ঠিক চেনা পিটারসেনকে দেখা না গেলেও পেলেন সিরিজে প্রথম ফিফটি। পরিস্থিতি আর দলের দাবি যদিও ছিল গত দুবারের মতো কিছু একটা। সেখানে তিনি ব্যর্থ, প্রিয় শিকারকে নবমবারের মতো বধ করেছেন সিডল। এই ধাক্কার রেশ না কাটতেই আরেকটি জোর আঘাত, চা-বিরতির মিনিট পাঁচেক আগে স্টিভেন স্মিথের ফুল টসে ক্যাচ দিয়ে ফিরলেন সিরিজে ইংল্যান্ডের সেরা ব্যাটসম্যান ইয়ান বেল। রুটের সাড়ে চার ঘণ্টার লড়াই শেষ হয়েছে সেঞ্চুরির সুবাস মেখে, ৮৭ রানে। পরে প্রায়র-ব্রডরা ম্যাচকে নিতে পেরেছেন শেষ দিনে।

সকালে পঞ্চম সেঞ্চুরির আশায় মাঠে আসা ডেভিড ওয়ার্নারকে থামতে হয়েছে ৮৩ রানেই। অস্ট্রেলিয়া যে আর ব্যাটিংয়েই নামেনি! মাইকেল ক্লার্কের অধিনায়কত্বের ধরনটা চিনে থাকলে এতে অবাক হওয়ার কিছু থাকে না। ওয়ার্নারকে তিন অঙ্ক ছোঁয়ার সুযোগ দিতে চেয়েছিলেন ক্লার্ক। কিন্তু আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস পেয়ে ইনিংস ঘোষণা করে দিলেন আগের দিনের স্কোরেই। বৃষ্টির দেখা মেলেনি। তবে আজ বৃষ্টির বিশেষ উপহারই কেবল বাঁচাতে পারে ইংলিশদের। তথ্যসূত্র: ক্রিকইনফো ও স্টার স্পোর্টস ওয়ান।