একটু বিস্মিতই পাকির আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের নতুন কোচ হিসেবে পাকির আলীকে নিয়োগ দিচ্ছে। বাংলাদেশে খেলোয়াড় ও কোচ হিসেবে ক্যারিয়ারের অনেকটা সময় পার করে যাওয়া এই শ্রীলঙ্কান এখন ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছেন।কলম্বোর উপশহরে নিজের বাড়িতে বসে কাল টেলিফোনে বললেন, ‘আমাকে তো ৬ জানুয়ারির আগে যেতে বলেছে। সেদিন বোধ হয় শেখ জামালের খেলা আছে মুক্তিযোদ্ধার সঙ্গে। আমিও সেই চেষ্টা করছি। তবে ঠিক কখন যাব, বলতে পারছি না।’পরপরই জানালেন, শ্রীলঙ্কার প্রিমিয়ার ডিভিশনে আজ তাঁর দল রথনামের শেষ খেলা। এই দলটি শিরোপা-দৌড়ে আছে। তবে ঢাকায় আসার জন্য তাঁকে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনের অনুমোদন নিতে হচ্ছে। ‘শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশন আমাকে টেকনিক্যাল ডিরেক্টর করার কথা। এখন আমি ঢাকায় চলে গেলে ওদের তো ম্যানেজ করতে হবে। এটা নিয়ে একটু দৌড়াদৌড়িতে আছি’—বাংলায় বলে গেলেন পাকির আলী।শেখ জামাল তাদের সার্বিয়ান কোচ জোরান কার্লেভিচকে ছাঁটাই করার পর পাকির আলীকে কোচ হওয়ার প্রস্তাব দেয়। প্রস্তাব পেয়ে কেমন লেগেছে? আবার বাংলাদেশে আসবেন ভেবেছিলেন? পাকির বলে যান, ‘বাংলাদেশে আমার অনেক বন্ধু আছে। কাজেই বাংলাদেশে আবার যাওয়া হতে পারে, এটা মনে করতাম। তবে শেখ জামালের প্রস্তাব পেয়ে একটু বিস্মিতই হয়েছি। একটা ম্যাচ খেলে ফেলেছে দল। কোচ তো মাস দুয়েক আগেই নিয়োগ দেওয়া চাই। কোচ তাঁর মতো প্রস্তুতি নেবেন, দল সাজাবেন। যা-ই হোক, পরিস্থিতির কারণেই তারা আমাকে প্রস্তাব দিয়েছে এবং সেটা গ্রহণ করেছি।’আশির দশকে আবাহনীতে খেলে যাওয়া পাকির আলী পরে আবাহনীর কোচ হয়েছিলেন। কোচ হয়েছেন মোহামেডানেরও। সেই সূত্রে বাংলাদেশ তাঁর কাছে ‘দ্বিতীয় বাড়ি’। এই বাড়ি ছেড়ে যাওয়ার পর মালদ্বীপে অনেক দিন ক্লাব কোচিং করিয়েছেন। বছর দেড়েক আগে মালদ্বীপ থেকে চলে আসার আগে সর্বশেষ দল ছিল দ্বীপ দল উইয়া। এসব জানানোর এক ফাঁকে পাকির বলছিলেন, ‘বাংলাদেশে আবার যাব, ভাবতেই ভালো লাগছে।’