একটু ভালো লাগা উপহার দিল সাকিব-তামিমরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার হাজার রানের মাইলফলকটাও এক ফাঁকে ছুঁয়ে ফেললেন তামিম। ছবি: এএফপি
চার হাজার রানের মাইলফলকটাও এক ফাঁকে ছুঁয়ে ফেললেন তামিম। ছবি: এএফপি

দেশের রাজনীতি অস্থির। প্রতিদিন হচ্ছে লোকক্ষয়। রাজনীতির টালমাটাল পরিবেশে প্রাণপাত দেশের মানুষের। নানা ধরনের শঙ্কা আর ভীতি জীবনের অংশ হয়ে আছে সবার। এমন একটি গুমোট পরিস্থিতিতে নিউজিল্যান্ডের নেলসন থেকে দারুণ স্বস্তির একটা খবর শোনাল বাংলাদেশের ক্রিকেটাররা। নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করেই স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের দ্বিতীয় জয়টা তুলে নিল সাকিব-তামিমরা।
প্রথমে ব্যাট করে স্কটল্যান্ড স্কোরবোর্ডে ৩১৮ রান তুলে ফেলার পর অনেকেই ছিলেন হতাশ। অনেকেই আশঙ্কা করছিলেন অ-টেস্ট খেলুড়ে একটি দেশের বিপক্ষে আরও একটি বেদনাদায়ক হারের। কিন্তু সবার আশঙ্কাকে মিথ্যা প্রমাণ করে বাংলাদেশের ব্যাটসম্যানরা আজ দেশের মানুষকে উপহার দিয়েছে দারুণ একটি রান তাড়া করার ইতিহাস। স্কটল্যান্ডের বিপক্ষে জেতাটা যদি আবশ্যক কোনো ব্যাপার হয়ে থাকে, তাহলে সেই জয়টা অনেক বেশি মহিমান্বিত বিরাট রান তাড়া করার মধ্য দিয়ে।
বাংলাদেশের জয়ের নায়ক নির্দিষ্ট করে কেউ নন। সে কারণেই হয়তো ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটারই। কাঁধের হাড় সরে যাওয়ায় এমনিতেই আজ এনামুল হকের মতো কার্যকর একজন ব্যাটসম্যানকে ছাড়া খেলতে হয়েছিল বাংলাদেশকে। তার ওপর ইনিংসের শুরুতেই সৌম্য সরকারকে হারিয়ে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে আশার সলতে নিভে যাওয়ার উপক্রম হয়েছিল বাংলাদেশের। কিন্তু তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর পাল্টা প্রতিরোধ আর এই দুজনের মধ্যকার ১৩৯ রানের জুটিটিই আসলে ভিত গড়ে দেয় বাংলাদেশের এই ঐতিহাসিক রান তাড়ার। তামিম মাত্র ৫ রানের জন্য নিজের সেঞ্চুরিটি মিস করেন। মাহমুদউল্লাহ ৬২ রানে আউট হয়ে বড় সংগ্রহের দিকে হাঁটতে পারেননি। কিন্তু তাতে কী, তামিম ও মাহমুদউল্লাহর ব্যাটিং এগিয়ে নিয়ে গেছেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান ও সাব্বির রহমান। মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ৬০ রান। সাকিব আর সাব্বির নিজেদের মধ্যে পঞ্চম উইকেট জুটিতে ৭৫ রান তুলে অবিচ্ছিন্ন থেকে বাংলাদেশকে নিয়ে যান জয়ের বন্দরে। সাকিব অপরাজিত থাকেন ৫২ রানে, সাব্বির ৪২ রানে।
তামিম ইকবাল আজ তাঁর ৯৫ রানের ইনিংসটির মধ্য দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রেকর্ডটি গড়েছেন। তাঁর এই ইনিংসের এক পর্যায়ে তিনি দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ছুঁয়েছেন চার হাজার রানের মাইলফলক। মাহমুদউল্লাহর সঙ্গে তাঁর ১৩৯ রানের জুটিটি বিশ্বকাপে যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। তামিমের দুর্ভাগ্য দেশের পক্ষে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিটিই কেবল পাননি তামিম। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে রান পাননি। তীব্র সমালোচনা তাঁকে বিদ্ধ করছিল চারদিক থেকেই। আজ দারুণ ইনিংসটি দিয়ে তামিম সমালোচকদের মুখ বন্ধ করলেন রাজকীয় কায়দাতেই।
টসে জিতে বোলিং বেছে নিয়ে মাশরাফি ভুল করেছিলেন কি না, এ নিয়ে হতে পারে বিস্তর বিতর্ক। নেলসনের উইকেটের শুরুর ভেজাভাবের সুবিধাটা নিতেই হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। কিন্তু সেই সিদ্ধান্তটা মাঠে মারা যায় বোলারদের বাজে বোলিংয়ে। স্কটিশ ব্যাটসম্যানরাও দারুণ খেলে বাংলাদেশি বোলারদের দুর্বলতার জায়গাগুলো ব্যবহার করেছে বেশ ভালোভাবেই। স্কটল্যান্ডের পক্ষে কাইল কোয়েতজার ১৫৬ রান করে তাঁর দলকে নিয়ে যান বিশাল এক সংগ্রহের দ্বারপ্রান্তে। কোয়েতজারের এই ইনিংসটি বিশ্বকাপে তাঁর দেশের পক্ষে সর্বোচ্চ। তবে এক দিনের ক্রিকেটে এটি অবস্থান করছে দ্বিতীয় স্থানে।
কোয়েতজারের পাশাপাশি মোটামুটি রান করেছেন স্কটল্যান্ডের প্রায় সব ব্যাটসম্যানই। অধিনায়ক প্রেস্টন মমসেনের ব্যাট থেকে এসেছে ৩৯, ম্যাট ম্যাচান করেছেন ৩৫ রান। রিচি বেরিংটনের ২৬ আর ম্যাথু ক্রসের ২০ রানের ওপর ভর করে বাংলাদেশের বিপক্ষে ৩১৮ রানের স্কোর গড়ে তোলে স্কটল্যান্ড।
বাংলাদেশের বোলাররা প্রায় সবাই ছিলেন খরচে। তবে এর মধ্যেও ৩ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। ৭ ওভার বল করে ৪৩ রানে ৩ উইকেট তাঁর। তবে অবাক করবে নাসির হোসেনের পরিসংখ্যান। দীর্ঘদিন পর বল করে তিনি তুলে নিয়েছেন ২ উইকেট। ৬০ রানের বিনিময়ে একটি উইকেট নিজের ঝুলিতে ভরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সাকিবের সংগ্রহেও গেছে একটি উইকেট।
স্কটল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারে লং লেগ বাউন্ডারিতে ঝাঁপিয়ে পড়ে বল বাঁচাতে গিয়ে কাঁধে হাড় সরিয়ে ফেলেন এনামুল হক। ব্যাটিংয়ে তাঁকে ছাড়া মাঠে নেমেও শেষ পর্যন্ত রেকর্ড গড়েই জয় বাংলাদেশের। বিশ্বকাপে এর আগে যে কখনোই ২৫০ রানের ওপর তাড়া করতে পারেনি বাংলাদেশ।