একটু সাফল্যের পাশে অনেক আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামের প্রেসবক্স থেকে ভারতীয় এক টেলিভিশন সাংবাদিক উত্তেজিত কণ্ঠে ফোন দিচ্ছিলেন, ‘বীরেন্দর শেবাগ যতটা অর্ডিনারি ভেবেছিলেন, বাংলাদেশের বোলাররা প্রমাণ করেছেন তারা ততটা অর্ডিনারি নয়। আন্তর্জাতিক ক্রিকেটে এখন অর্ডিনারি-এক্সট্রা অর্ডিনারি দলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই...।’যাক, একটা লড়াইয়ে অন্তত শেবাগকে বোল্ড করে দেওয়া গেছে পুরোপুরি। শেষ পর্যন্ত সিরিজ জিতে দেশে ফিরতে পারলেও তেতো একটা স্বাদ ঠিকই সঙ্গী হবে ভারত সহ-অধিনায়কের। সে কারণেই হয়তো ভারতীয় ওই সাংবাদিকের মতো কাল ম্যাচ শেষে বাংলাদেশের বোলিং নিয়ে কোচ জেমি সিডন্সের কথায়ও খুশি খুশি ভাব, ‘বোলিং নিয়ে আমি সন্তুষ্ট। শাহাদাত-সাকিব খুব ভালো বল করেছে দুই ইনিংসেই। অভিষেক টেস্ট হিসেবে শফিউলও খারাপ করেনি। বেশ বাউন্স আদায় করেছে উইকেট থেকে।’টিম বাসে ওঠার আগে অধিনায়ক সাকিব আল হাসানও বোলিং নিয়ে সন্তুষ্টির কথাই বলেছেন। কিন্তু ব্যাটিংয়ের প্রসঙ্গে আসতেই কোচ-অধিনায়কসহ দলের সবার চেহারায় ফুটে ওঠে বিষণ্নতা। না পাওয়ার বেদনায় বড় ম্লান চেহারাগুলো। ওয়ানডেতে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের সৌজন্যে গত কিছুদিন ধারাভাষ্য বক্স থেকে শুরু করে গ্যালারির আনাচকানাচে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসাই শোনা যাচ্ছিল বেশি। টেস্টে সেই ব্যাটিং এমন অনুজ্জ্বল কেন?জেমি সিডন্স নাম উল্লেখ করেই বললেন, ‘আশরাফুলের কোনো অবদানই নেই এই টেস্টে। তামিমের ও রকম শট খেলে আউট হওয়া ঠিক হয়নি। রকিবুল-সাকিবও তেমন ভূমিকা রাখতে পারেনি...।’ এরপর কি আর কিছু বলা লাগে? এক মুশফিকুর রহিমের সেঞ্চুরি দিয়ে তো আর ভারতকে ঠেকানো যায় না। তারপরও সারমর্মটা একবাক্যে বলে দিলেন সিডন্স, ‘ওপরের দিকের ছয় ব্যাটসম্যান প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি।’সাকিব আল হাসান বলেছেন এই উইকেটে দ্বিতীয় ইনিংসে ৪০০ রানও করা যেত। সেটা না হওয়ার কারণ, ‘কেউ কেউ বাজে শট খেলে আউট হয়েছে। ব্যাটিং-ব্যর্থতায় প্রথম ইনিংসেই সুযোগ হাতছাড়া হয়ে গেছে।’ সাকিব তবু বললেন, দুই ইনিংসে ১৭ ও ১৩ রান করা রকিবুলের কাছে পুরো ব্যাপারটাই যেন রহস্যময়! ব্যাট হাতে তাঁরা কেন ব্যর্থ সেটা ঠিক বুঝে উঠতে পারছেন না রকিবুল, ‘মুশফিকুরের সেঞ্চুরির পরই আমার মনে হয়েছে এই টেস্টে ভালো কিছু সম্ভব ছিল। কেন যে পারলাম না আমরা...!’ওপেনার তামিম ইকবাল বাজে শট খেলাটাকেই দায়ী করছেন টপ-অর্ডারের ব্যর্থতায়। তবে বললেন শুধু নিজের আউটটার কথা, ‘...আমার আউটটাই দেখেন...ফালতু আউট।’ মোহাম্মদ আশরাফুল আর প্রথম ইনিংসে ৬৯ রান করা মাহমুদউল্লাহরও মনে হচ্ছে, বাজে শটই টপ-অর্ডারের ও রকম ভেঙে পড়ার মূল কারণ। আশরাফুল সঙ্গে যোগ করেছেন, ‘ওরা বোলিংও ভালো করেছে...।’ আর মাহমুদউল্লাহর বিশ্লেষণ, ‘আমরা পজিটিভ ক্রিকেট খেলতে চেয়েছি। সবার লক্ষ্য ছিল টেস্টটা জেতা। সে কারণেই হয়তো শট খেলার প্রবণতা বেশি দেখা গেছে।’ শুধু বাংলাদেশের ব্যাটিং নয়, ত্রিদেশীয় সিরিজে দলের পক্ষে সর্বোচ্চ রান করা এই ব্যাটসম্যান টেনে আনলেন গোটা আন্তর্জাতিক ক্রিকেটের সাম্প্রতিক চিত্রটাই, ‘ইদানীং দেখবেন টেস্টে সব দল পজিটিভ ক্রিকেটই খেলতে চায়। বেশি বেশি ওয়ানডে আর টি-টোয়েন্টি ক্রিকেট খেলার একটা প্রভাব হয়তো আছে। তবে মূল কারণ ওটাই...টেস্টে সবাই ফলাফল চায় এখন।’আশরাফুল-সাকিব-রকিবুলদের ভিড়ে ব্যতিক্রম কেবল মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে দলের মোট রানের এক-তৃতীয়াংশই তাঁর ব্যাটের অবদান। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে পরাজয়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে মুশফিকুর বলেছেন, ‘প্রথম সেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমরা বাজেভাবে তিনটা উইকেট হারিয়েছি। আশরাফুল, তামিমরা টেস্টে অনেকক্ষণ খেলতে পারে। তারা আউট হয়ে যাওয়ায় প্রথম সেশনেই আমরা হেরে গেছি। প্রথম সেশনটা ভালো খেলতে পারলে বাংলাদেশের জন্য স্মরণীয় দিন হয়ে থাকত আজকের (গতকাল) দিনটা।’ পজিটিভ ক্রিকেট খেলার নির্দেশনা ড্রেসিংরুম থেকেই গেছে বলে জানিয়েছেন তিনি। ব্যাটসম্যানরাও নাকি সেই চেষ্টাটাই করে গেছেন।চট্টগ্রাম টেস্টের পরাজয়ে বাংলাদেশ দলের একমাত্র সান্ত্বনা হতে পারে শেবাগের কথাকে ভুল প্রমাণ করার সাফল্য। সুযোগ পেয়ে মুশফিকুর কাল টেনে আনলেন প্রসঙ্গটা, ‘ভারত যেভাবে আমাদের মাপে সেটা ঠিক না। তারা অনেক বড় দল, তারা যদি আমাদের উত্সাহ না দেয় তবে কিছু করার থাকে না। শেবাগ যা বলেছিলেন সেটা তাঁর নিজের মত। আমরা যদি আরও একটু ভালো খেলতে পারতাম তাঁর উত্তরটাও আরেকটু ভালো হতে পারত।’ভালো খেলার দিনে এক টুকরো আফসোস মুফতে মিলবে—এটাই তো নিয়ম বাংলাদেশের ক্রিকেটের!