
আবারও হার। আবারও ম্যাচ শেষে মুশফিকুর রহিম। হতাশা ভুলে আবারও নতুন করে শুরুর আশা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ক্লান্তিকর এক বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। কাল অবশ্য সামান্য নতুনত্ব এল সংবাদ সম্মেলনে। গৎবাঁধা সংবাদ সম্মেলনে বৈচিত্র্য এনে অধিনায়ক মুশফিকুর রহিমই উপহার দিলেন সেই নতুনত্ব।
ভারতের এক সাংবাদিক প্রশ্ন করে বসলেন, একের পর এক ম্যাচ হারছে বাংলাদেশ। এভাবে অধিনায়কত্ব করা কতটা উপভোগ্য, অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার চিন্তা আসছে কি না মাথায়? কঠিন এই প্রশ্নটা চমৎকার এক ‘পুল শটে’ উড়িয়ে দিলেন বাংলাদেশ অধিনায়ক, যা থেকে সঞ্জীবনী সুধা নিতে পারে পুরো দলই। ‘খারাপ সময়ে দায়িত্ব ছাড়া তো বোকামি। অধিনায়ক হিসেবে আমি এখনো প্রতিটা ম্যাচই উপভোগ করছি। আমি খারাপ সময়েই বেশি করে দলের সঙ্গে থাকতে চাই, ভালো সময়ের কৃতিত্ব নিতে চাই না। তবে হ্যাঁ, দলের উপকারের জন্য কেউ যদি ২০টা পরিবর্তনও আনতে চায়, আনতে পারে’—জবাব দিলেন মুশফিক।
তবে ভারতের কাছে ৮ উইকেটের পরাজয়েও যথারীতি কিছু উন্নতি খুঁজে পাচ্ছেন মুশফিক, ‘আজ (গতকাল) আমরা ব্যাটিংয়ে কিছুটা উন্নতি করেছি। তবে এখনো অনেক জায়গা আছে, যেখানে উন্নতি করা যায়। ৬ ওভারের মধ্যে দুই-তিন উইকেট হারিয়ে ফেললে ফেরাটা কঠিন হয়। আশা করি, পরের ম্যাচ থেকে এই ভুলগুলো শুধরানো যাবে।’ ভুল প্রতি ম্যাচেই ধরা পড়ছে। সেই ভুল শোধরানোর আগেই ভিড় করছে আরও ভুল। শ্রীলঙ্কা সিরিজ থেকে এশিয়া কাপ হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপটাও বুঝি ভুলে-ভুলেই কেটে গেল বাংলাদেশ দলের।
কালকের ১৩৮-ই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ রান, ভারতের বিপক্ষে এর আগে খেলা একমাত্র টি-টোয়েন্টির স্কোরই ছাড়িয়ে গেল যেটি। ব্যাটিংয়ে উন্নতি দেখা মুশফিকই তবু মনে করছেন, আরও কিছু রান হতে পারত, ‘আমাদের ১৫০-এর বেশি রান করা উচিত ছিল। ২০ রানের মতো কম করে ফেলেছি। আসলে এই মুহূর্তে আমাদের কিছুই হচ্ছে না।’ এই উইকেটে রান করাটা কঠিন বললেও সেটাকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাননি বাংলাদেশ অধিনায়ক, ‘কিছুটা সময় কাটালে এখানেও রান করা যেত। কিন্তু আমরা শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যাই।’ পরের ম্যাচে ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তনের আভাসও দিলেন। হতে পারে, সাকিব আর মুশফিক তিনে আর চারে খেলতে পারেন। টুর্নামেন্টের শুরুতেই এই চিন্তা থাকলেও শেষ পর্যন্ত নিচের দিকের শক্তি বাড়ানোর জন্যই এখন পর্যন্ত তা করা হয়নি।
ঠিক উল্টো আবহ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সংবাদ সম্মেলনে। টানা তিন ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলায় স্বদেশি সাংবাদিকদের অভিনন্দন পেলেন ধোনি। তবে একটা ব্যাপার অনুমিতভাবেই এড়িয়ে গেলেন। ভারতে চলমান আইপিএল বিতর্কে বিভিন্নভাবে নাম আসছে ভারত-অধিনায়কেরও। এ নিয়ে ভারতীয় এক সাংবাদিক প্রশ্ন করলে সহাস্য মুখে ধোনির সপ্রতিভ জবাব, ‘মাত্রই তো ৪০ মিনিটের ফ্লাইট। আপনি বরং ভারতে গিয়ে তাদেরই জিজ্ঞেস করে আসুন, ব্যাপারটা কী...।’
‘সাফল্য’ নামক টনিকের কী শক্তি দেখুন। বিতর্কের মধ্যে থেকেও কেমন সবকিছুর স্পর্শমুক্ত ধোনি!
২৪৮
২০১৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান এনামুলের।
২৭
পাওয়ার প্লেতে বাংলাদেশের দ্বিতীয় সর্বনিম্ন রান
৩
এই প্রথম টানা তিন ম্যাচে ১৪০-এর কম লক্ষ্য পেল ভারত