একটুর জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্থে কাল শেষ উইকেটটা যদি রায়ান হ্যারিস না পেয়ে মিচেল জনসন পেতেন! হ্যারিসের উইকেট একটা কমে যেত, কিন্তু তাতে আর কী এমন হতো, ওই উইকেটটা পেলেই যে জনসন হতেন ইতিহাস! আর একটি উইকেট হলেই ম্যাচে ১০ উইকেট হয়ে যেত। একই টেস্টে ফিফটি আর ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব আছে মাত্র তিনজনের। ১৯৬০ সালে ইতিহাসের প্রথম টাই টেস্টে দুই ইনিংসে ৪৪ ও ৮০ রানের সঙ্গে ১২৪ রানে ১১ উইকেট নিয়ে প্রথম এই কীর্তি গড়েছিলেন অ্যালান ডেভিডসন। তালিকার বাকি দুজন অনন্য আবার আরেক জায়গায়। শুধু ফিফটি নয়, ১০ উইকেটের পাশাপাশি দুজনেরই আছে সেঞ্চুরি! ১৯৮০ সালে ভারতের বিপক্ষে মুম্বাইয়ে ১৩ উইকেট নিয়েছিলেন বোথাম, একমাত্র ইনিংসে করেছিলেন ১১৪ রান। তিন বছর পর ভারতের বিপক্ষেই ফয়সালাবাদে ইমরান খান ব্যাটিংয়ে ১১৪ রানের পাশাপাশি বোলিংয়ে নেন ১১ উইকেট।