একটুর জন্য হলো না মিসবাহর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেট পড়লে বোলারের উল্লাসটা দেখায় টিভি ক্যামেরা। তবে এবার একটু ব্যতিক্রম হলো। বোলারের ওপর যতটা না ধরা হলো, তার চেয়ে বেশি ক্যামেরা যেন উত্সাহী ননস্ট্রাইকিং প্রান্তে থাকা ব্যাটসম্যানটির প্রতিক্রিয়া জানতে। রবি রামপলের বাউন্সারে ‘দৈত্য’-উচ্চতা নিয়েও বেসামাল হয়ে যখন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন মোহাম্মদ ইরফান, ওপাশে মিসবাহ-উল-হক যে ৯৬ রানে অপরাজিত!৯৯ রানে অপরাজিত থাকারই ১২টি নজির আছে ওয়ানডে ক্রিকেটে। তাঁদের মধ্যে আছেন পাকিস্তানের মোহাম্মদ ইউসুফও। কিন্তু তার পরও মিসবাহর বেদনার সঙ্গী হতে পারবেন না কেউই। প্রায় এক যুগ ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বয়স চলছে ৩৯ বছর। এখনো যে ওয়ানডেতে সেঞ্চুরির দেখাই পেলেন না! সবচেয়ে কাছাকাছি গিয়েছিল আজকেই। একটুর জন্য...!মিসবার ৯৬ ছাড়া পাকিস্তানের ইনিংসে দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল নাসির জামশেদ (৫০)। পাকিস্তানও ৪৮ ওভারে অলআউট হয়ে গেছে মাত্র ১৭০ রানে। এই প্রতিবেদন লেখার সময় মাত্রই ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। চ্যাম্পিয়নস ট্রফিতে এটা পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই উইন্ডিজ পেসার কেমার রোচের তোপের মুখে পড়ে পাকিস্তান। প্রথম ছয় ওভারের মধ্যে মাত্র ১৫ রান জমা করতেই আউট হন ইমরান ফারহাত (২), মোহাম্মদ হাফিজ (৪) ও আসাদ শফিক (০)। চতুর্থ উইকেটে ৯০ রানের ধীরস্থির জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা অনেকখানিই সামলে নিয়েছিলেন জামশেদ ও মিসবাহ। ৩০তম ওভারে পাকিস্তান শিবিরে বড় আঘাত হানেন সুনীল নারাইন। এক ওভারেই তুলে নেন মাত্রই ফিফটি করা জামশেদ ও শোয়েব মালিকের উইকেট। নিজের পরের ওভারেই কামরান আকমলকেও সাজঘরে ফেরত পাঠান এই অফস্পিনার। বাকিটা সময় উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে হতাশা নিয়ে সতীর্থদের যাওয়া-আসা দেখছিলেন, অধিনায়কের বাড়তি দায়িত্ব নিয়ে প্রায় নিঃসঙ্গ লড়াইটাও চালিয়ে গেছেন। ১১৭তম ওয়ানডেতেও তিন অঙ্কের সেই জাদুকরি অঙ্ক ছোঁয়া হলো না। আদৌ এই অপেক্ষা কোনো দিন ফুরোবে কি না, কে জানে। আজকের ম্যাচের ফল যা-ই হোক, ওয়ানডে সেঞ্চুরি ছাড়াই ক্যারিয়ার শেষ করতে হলে ওভালের এই ম্যাচটির কথা খুব মনে পড়বে মিসবাহর।