একটুর জন্য 'হলো না' মমিনুলের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর মমিনুল। ছবি: শামসুল হক
ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পর মমিনুল। ছবি: শামসুল হক

প্রথম কয়েকটা ওভার দেখে-শুনেই খেললেন। কিন্তু তাঁর যে তর সইছিল না, সেটা বুঝিয়ে দিলেন দিনের পঞ্চম ওভারে ব্রেসওয়েলকে পর পর দুটো চার মেরে। পরের ওভারেই বোল্ডকে চার মারতে গিয়ে বুকে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন। এই বুঝি এত কাছে এসেও ফিরে যেতে হয়। ভাগ্য ভালো, দ্বিতীয় স্লিপে কোনো ফিল্ডার ছিল না।কিন্তু ভাগ্যও তো সাহসীদের পাশেই থাকে। প্রতিকূল স্রোতে দাঁড় বাইতে নামা অসম সাহসী মুমিনুল হক বোল্টের পরের ওভারে তিন বলের মধ্যে দুটো চার মেরে পৌঁছে গেলেন সেই জাদুকরী অঙ্কে। সেঞ্চুরিটা এল চোখ ধাঁধানো শটে। কাভার পয়েন্ট দিয়ে হাঁটু গেড়ে করা স্কয়ার ড্রাইভে। মাত্র ৯৮ বলেই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন মমিনুল!
সেঞ্চুরি পূর্ণ করেই মমিনুল অবশ্য নিজের দায়িত্ব শেষ মনে করেননি। অ্যান্ডারসনের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ার আগে করেছেন ১৮১। মাত্র ১৯ রানের জন্য ডাবল সেঞ্চুরিটি হলো না! তবে চট্টগ্রামে এটাই কোনো বাংলাদেশির সর্বোচ্চ ইনিংস, আগেরটি ছিল ২০০৪ সালে ভারতের বিপক্ষে করা মোহাম্মদ আশরাফুলের অপরাজিত ১৫৮। সব মিলিয়ে বাংলাদেশের পক্ষে টেস্টে তৃতীয় সর্বোচ্চ ইনিংসের মালিকও এখন মমিনুল। সামনে আছেন শুধুই মুশফিকুর রহিম এবং আশরাফুল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে ১৯০ রানে আউট হয়ে যান আশরাফুল, কিন্তু ঠিকই ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিক। বাংলাদেশের পক্ষে একমাত্র ডাবল সেঞ্চুরির মালিক এখন পর্যন্ত মুশফিকই।
মুশফিককেই সাথে নিয়ে আরও একটি সেঞ্চুরি জুটি গড়েছেন মমিনুল। ১২১ রানের সেই জুটিটা ভেঙে যাওয়ার পর পরই ক্ষণিকের জন্য পথ হারিয়ে ফেলে বাংলাদেশ। দলীয় ৩০১ রানেই পর পর ফিরে আসেন মমিনুল ও মুশফিক। অধিনায়ক করেছেন ৬৭। এর পর নাসির ও সোহাগ গাজীর জুটিটা অবশ্য ঝড়ের বেগে এরই মধ্যে ৩৮ রান তুলে ফেলেছে। বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ৩৩৯। নাসির ২৪ এবং সোহাগ ১৪ রানে ব্যাট করছেন। ১৩০ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
মমিনুল-মুশফিকের বিদায়ের আগে মার্শাল আইয়ুব ও সাকিব আল হাসানকেও হারিয়েছে বাংলাদেশ। লাঞ্চের আগে মার্শাল, লাঞ্চের পর সাকিব।
আগের দিনের সঙ্গী মার্শালকে নিয়ে ভালোমতোই অতি গুরুত্বপূর্ণ প্রথম সেশনটা পার করার ইঙ্গিত দিচ্ছিলেন মমিনুল। কিন্তু অভিষিক্ত মার্শাল, অনেক পরিণত মস্তিষ্কের পরিচয় দিয়ে আসা সেই মার্শালই স্টাম্পের অনেক বাইরের বল তাড়া করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। মমিনুলের অভিষেক সেঞ্চুরির কয়েক ওভার পরেই অ্যান্ডারসন পেয়ে গেলেন ‘অভিষেক’ উইকেট! ভেঙে গেল ১২৬ রানের অসাধারণ জুটিটা। আর পাঁচটি রান করতে পারলেই তৃতীয় উইকেটে বাংলাদেশের পক্ষে জুটির রেকর্ড করতে পারতেন। ১৩০ রান নিয়ে যে রেকর্ডটা এখন জাভেদ ওমর-মোহাম্মদ আশরাফুল জুটির দখলে।
সাকিবও ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। নিউজিল্যান্ডের দুই সেঞ্চুরিয়ানের যুগলবন্দীর শিকার সাকিব। কেন উইলিয়ামসনের বলে গ্লাভসবন্দী হয়েছেন বিজে ওয়াটলিংয়ের হাতে।
এর পরই মুশফিক-মমিনুল আরেকটি দুর্দান্ত জুটি গড়ে তোলেন। কিন্তু ছয় বলের ব্যবধানে সাজঘরে ফিরে আসেন দুজনই।