একতরফা ম্যাচে দুটি ঘটনা
একদল তলানিতে, আরেক দল সেরা দুইয়ে। পয়েন্ট টেবিলের এই ব্যবধানের চেয়ে কাল আরও বড় হয়ে উঠল মাঠের পারফরম্যান্সে ব্যবধান। নিরুত্তাপ একতরফা ম্যাচে খুলনা রয়েল বেঙ্গলসকে ৬১ রানে হারিয়ে সেরা দুইয়ে থাকা নিশ্চিত করল গতবারের তলানির দল সিলেট রয়্যালস।তবে ম্যাড়মেড়ে ম্যাচটাকেও আলাদা করে রাখবে দুটি ঘটনা। প্রজন্ম চত্বরের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে তিন মিনিটের জন্য থমকে দাঁড়াল মাঠের ক্রিকেট। ক্রিকেট ইতিহাসে এমন কিছু আর কখনো হয়েছে কি না, সন্দেহ। আরেকটি ঘটনা মাঠের ক্রিকেটেই। ব্যক্তিগত ৪১ রানে নূর হোসেনের বলে পল স্টার্লিংকে এলবিডব্লু দিয়েছিলেন আম্পায়ার জেরেমি লয়েড। বলটি আসলে লেগেছিল স্টার্লিংয়ের গ্লাভসে। ভুল বুঝতে পেরে ড্রেসিংরুমে ফিরতে থাকা আইরিশ ব্যাটসম্যানকে আবার ফিরিয়ে আনেন লয়েড নিজেই। খুলনার ক্রিকেটাররাও আপত্তি করেননি।স্টার্লিং আর শিবনারায়ণ চন্দরপলের উদ্বোধনী জুটিই ম্যাচে গড়ে দিয়েছে ব্যবধান। ৮৩ বলে ১৩৪ রানের জুটি গড়েছেন দুজন, পরে খুলনা পুরো দল মিলিয়েই করতে পেরেছে এর চেয়ে মাত্র ১ রান বেশি! ঝড়ের শুরুটা হয়েছিল স্টার্লিংয়ের ব্যাটেই, চন্দরপল তখন নীরব দর্শক। ৫ ওভার শেষে সমান ১৫ বল খেলে স্টার্লিংয়ের রান ছিল ২৮, চন্দরপলের ৫! ষষ্ঠ ওভারে নাবিল সামাদকে তিন চার মেরে তাল মেলান চন্দরপলও। ৩১ বলে ফিফটি ছুঁয়ে স্টার্লিং ফিরেছেন ৩৯ বলে ৬৬ রান করে। চন্দরপল সমান রান করেছেন ৫১ বলে। পরে নাজমুল হোসেন মিলন (১৪ বলে ৩৬) ও চিগুম্বুরার (৯ বলে ১৫) ২৩ বলে ৫২ রানের জুটি সিলেটকে এনে দেয় ১৯৬ রান।৩১ রানে ৪ উইকেট হারিয়েই নিশ্চিত হয়ে যায় খুলনার পরাজয়। মিঠুনের ৪৭ বলে ৬০ রানে স্কোর এক শ পার হয়, রিকি ওয়েসেলস (৩৯ বলে ২৬*) নিশ্চিত করেন ২০ ওভার খেলা। সবার আগে বিপিএল অভিযান শেষ হলো খুলনার সবচেয়ে নিচে থেকে (১২ ম্যাচে ৬ পয়েন্ট)।সংক্ষিপ্ত স্কোরসিলেট রয়্যালস: ২০ ওভারে ১৯৬/৩ (চন্দরপল ৬৬, স্টার্লিং ৬৬, মুশফিক ৩, চিগুম্বুরা ১৫*, নাজমুল মিলন ৩৬*; সান্টোকি ১/২১, মুবারক ১/৩৫, নূর ১/৩৭)।খুলনা রয়েল বেঙ্গলস: ২০ ওভারে ১৩৫/৭ (হ্যারিস ১৪, শাহরিয়ার ৮, বার্ট ৮, মুবারক ০, ওয়েসেলস ২৬*, মিঠুন ৬০, মিজানুর ১, সান্টোকি ৮, নূর ৪*; নবী ৩/২৮, চিগুম্বুরা ২/১৮, ন্যানেস ১/১২, সোহাগ ১/২৬)।ফল: সিলেট রয়্যালস ৬১ রানে জয়ীম্যান অব দ্য ম্যাচ: পল স্টার্লিং।