একত্রিশেও অদম্য সেরেনা

দুজনের মধ্যে আসলেই কি কোনো মিল আছে?
গ্রেটা গার্বো ছিলেন সুইডিশ, সেরেনা উইলিয়ামস আমেরিকান। একজন পর্দা কাঁপানো অভিনেত্রী, অন্যজন টেনিস তারকা। হ্যাঁ, নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন দুজনই।
হলিউডের নির্বাক আর ধ্রুপদি যুগে গার্বোর অভিনয় আর ভুবনমোহিনী হাসি দেখে হূদয় কাঁপেনি, এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল হবে। একের পর এক বক্স অফিস তোলপাড় করা সব সিনেমা, চারবার অস্কারের জন্য মনোনীত হওয়া গার্বো ছিলেন সে সময় হলিউডের ‘হার্টথ্রব’। কিন্তু খ্যাতি আর জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় অভিনয়কে বিদায় জানিয়ে লোকচক্ষুর অন্তরালেই চলে গেলেন তিনি!
সেরেনাও কি সাফল্যের এই সুবর্ণ সময়টা থাকতে থাকতেই বিদায় নেবেন?
অনেক খুঁজে এটুকু মিল বের করে সংবাদ সম্মেলনে একজন এমন একটা প্রশ্ন করেছিলেন সদ্য ফ্রেঞ্চ ওপেন জেতা আমেরিকান টেনিস তারকাকে।

‘বাহ্, গ্রেটা গার্বোর সঙ্গে আমার তুলনা! দারুণ তো! হ্যাঁ, সাফল্যের শীর্ষে থাকা অবস্থাতেই বিদায় নিতে চাই। কিন্তু শীর্ষে কি এখনো পৌঁছেছি?’ যিনি প্রশ্ন করেছিলেন তাঁকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন সেরেনা।
নিজের খেলোয়াড়ি দক্ষতার শীর্ষে পৌঁছেছেন কিনা, এটি সেরেনা নিজেই ভালো বলতে পারবেন। তবে টেনিস-কীর্তির বিচারে শীর্ষে উঠতে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে তাঁকে। শুধু উন্মুক্ত যুগ বিবেচনায় নিলেও মেয়েদের টেনিসে তাঁর চেয়ে বেশি গ্র্যান্ড স্লাম একক শিরোপা আছে তিনজনের—ক্রিস এভার্ট (১৮), মার্টিনা নাভ্রাতিলোভা (১৮) ও স্টেফি গ্রাফ (২২)। আর রোলাঁ গারোঁয় ১৬তম একক শিরোপাজয়ী সেরেনা যদি টেনিসের সর্বকালীন ইতিহাসের দিকে ফিরে তাকান, দেখতে পাবেন আরও দুটি নাম—মার্গারেট স্মিথ কোর্ট (২৪) ও হেলেন উইলস মুডি (১৯)। স্বপ্নের সীমানা হয়তো ওই নামগুলোকেই ছুঁয়ে যাচ্ছে এখন।
বছর দেড়েক ধরে যে অসাধারণ ফর্মে আছেন, তাতে কোনো কিছুই অসাধ্য বলে মনে হচ্ছে না তাঁর কাছে। গত বছর ফ্রেঞ্চ ওপেনেই ফ্রান্সের ভার্জিনি রাদজানোর কাছে হারের পর থেকে পরশু ফাইনালে মারিয়া শারাপোভার বিপক্ষে জয় পর্যন্ত মোট ৭৭টি ম্যাচ খেলছেন, জিতেছেন এর ৭৪টিতে! এর ফাঁকে নিজের করে নিয়েছেন আরও একটা করে উইম্বলডন, ইউএস ওপেন ও সর্বশেষ ফ্রেঞ্চ ওপেনের শিরোপা। মাঝখানে জিতেছেন অলিম্পিক সোনাও। কোথায় লুকিয়ে এই সাফল্যের রহস্য? প্রতিভা তো আছেই, তবে আসল কারণ বোধ হয় পরাজয়কে মনেপ্রাণে ঘৃণা করা। শুনুন সেরেনার মুখেই, ‘জেতাটা যত পছন্দ করি, হার ততটাই ঘৃণা করি। হারলে আমার মাথা খারাপ হয়ে যায়। আমি বাড়ি গিয়ে অনুশীলনে আরও কঠোর পরিশ্রম করি, যাতে হারতে না হয়।’
অবসর-টবসরের চিন্তাও একদমই মাথায় নেই। বরং ক্যারিয়ারের এই সোনালি সময়টা উপভোগ করে যেতে চান। কিন্তু কত দিন? শরীরের সায় দেওয়ার ব্যাপারও তো আছে। ৩১ পেরিয়ে গেছেন। এর চেয়ে একটু বেশি বয়সে নাভ্রাতিলোভা বা এ রকম বয়সে ক্রিস এভার্ট ও মার্গারেট কোর্টরা গ্র্যান্ড স্লাম জিতেছেন সত্যি, কিন্তু বেশির ভাগ টেনিস তারকাই এই বয়সে খেলা ছেড়ে পরিবার নিয়ে অবসরজীবন কাটানোর ভাবনাচিন্তা শুরু করে দেন।
কিন্তু সেরেনার কাছে বয়স যে নিছকই একটা সংখ্যা ছাড়া আর কিছু নয়। যে কারণে বলে দিতে পারেন, ‘আমাকে দেখে যদি ৩১ বছর বয়স্ক মনে হয়, তাহলে আপনি নিজেই বুড়ো। হ্যাঁ, আমার ৩১ চলছে, কিন্তু আমি সেটা একদমই অনুভব করি না।’
অনুভব করেন না বলেই হার মানেননি। সেই ২০০২ সালে ট্রফি উপহার দেওয়ার পর রোলাঁ গারোঁর লাল মাটির কোর্ট বারবার তাঁকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে, কিন্তু ১১ বছর পর ঠিকই আবার সেটিকে জয় করেছেন সেরেনা।
এভার্ট-নাভ্রাতিলোভা হাতের নাগালেই। তাঁদের ছোঁয়া তো খুবই সম্ভব। গ্রাফ-কোর্টরা এতটাই এগিয়ে যে অত দূর যাওয়াটা একটু কঠিনই। হয়তো অজেয়ই থাকবে তাঁদের রেকর্ড। কিন্তু তিনি সেরেনা উইলিয়ামস বলেই সেই ‘অসম্ভব’কেও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না! তথ্যসূত্র: এএফপি ও রয়টার্স।