একত্রিশেও সেই সেরেনা

১৯৯৯ সাল। ইউএস ওপেন জিতে টেনিস-বিশ্বে নিজের নাম খোদাই করলেন এক চপলা সপ্তদশী। ১৪ বছর পর অনেক পরিণত ও অভিজ্ঞ সেই হাতেই উঠল বছরের শেষ গ্র্যান্ড স্লামটির পঞ্চম শিরোপা। পরশু রাতে নিউইয়র্কের ফ্লাশিং মিডোর আর্থার অ্যাশ স্টেডিয়ামে ৩১ বছর বয়সী সেরেনা তিন সেটের লড়াইয়ের জিতলেন তীব্র বাতাস, নিজের স্নায়ু ও ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে।
ম্যাচটা দ্বিতীয় সেটেই শেষ করে দেওয়ার সুযোগ ছিল। সার্ভিসটা ধরে রাখতে পারলেই ক্যারিয়ারের ১৭তম গ্র্যান্ড স্লাম, সেরেনা দু-দুবার খোয়ালেন সার্ভিস। আর সেই সঙ্গে পরাজিত প্রতিদ্বন্দ্বীকে সুযোগ করে দিলেন দারুণভাবে ফিরে এসে প্রশংসা কুড়ানোর। প্রথম সেটে হার ১-৪-এ পিছিয়ে পড়া দ্বিতীয় সেটটাও আজারেঙ্কা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জিতে নিলেন টাইব্রেকারে। দুই ঘণ্টা ৪৫ মিনিটের লড়াই শেষে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন সেরেনাই (৭-৫, ৬-৭ (৬/৮), ৬-১)।
ম্যাচের পর আজারেঙ্কাকে প্রশংসায় ভাসালেন সেরেনা, ‘ভিক্টোরিয়া তুমি অবিশ্বাস্য এক ম্যাচ খেলেছ।’ আর আজারেঙ্কা যেন আপ্লুত সেরেনার বিপক্ষে খেলতে পেরেই, ‘হারটা কঠিন, কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড়ের বিপক্ষে ফাইনাল খেলাটাই তো অবিশ্বাস্য।’
সেরেনা আজারেঙ্কার প্রশংসা করতেই পারেন। জেনে রাখুন, ২০০৪ সালের পর এই প্রথম ফ্লাশিং মিডোতে কোনো ম্যাচের প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে হারলেন সেরেনা। ২০০৪-এর কোয়ার্টার ফাইনালে জেনিফার ক্যাপ্রিয়াতির বিপক্ষে শেষ এমন অভিজ্ঞতা হয়েছিল সেরেনার। এএফপি, ওয়েবসাইট।
কিন্তু এতেই কি দুঃখ ভুলতে পারবেন আজারেঙ্কা? ইউএস ওপেনে যে টানা দুবার তাঁকে কাঁদালেন উন্মুক্ত যুগের সবচেয়ে বেশি বয়সী নারী চ্যাম্পিয়ন।

গ্র্যান্ড স্লাম গরবিনীরা
মার্গারেট কোর্ট ২৪
স্টেফি গ্রাফ ২২
হেলেন উইলস মুডি ১৯
ক্রিস এভার্ট ১৮
মার্টিনা নাভ্রাতিলোভা ১৮
সেরেনা উইলিয়ামস ১৭