একদিকে ভিয়া অন্যদিকে রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চরম পেশাদার স্প্যানিশ সাংবাদিকেরাও দেখি ভীষণ আবেগাক্রান্ত। চিলি গোলরক্ষক ক্লদিও ব্রাভোর মাথার ওপর দিয়ে ডেভিড ভিয়া বলটা জালে জড়িয়ে দিতেই এল পাইস-এর মার্টিন গোমেজ লুইস দাঁড়িয়ে চিৎকার জুড়ে দিলেন। ‘ডেভিড, ডেভিড... ভিয়া, ভিয়া... বার্সেলোনা’—চিৎকারটা তারস্বরে এবং বারকয়েক। গোল করলেন ভিয়া, এগিয়ে গেল স্পেন—এর মধ্যে বার্সেলোনা কেন? কাতালানদের কাছে বার্সেলোনাই সব, স্পেনের চেয়েও কাতালান বড়। আর ভিয়া ভ্যালেন্সিয়া ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন, কাতালান সাংবাদিক আবেগের মুখে লাগাম পরিয়ে রাখেন কী করে? পাশে বসে স্পেনের প্রভাবশালী সাংবাদিক বলে যেতে লাগলেন, ‘ভিয়া এবার বার্সেলোনাকে আরও অপ্রতিরোধ্য করে তুলবে। সারা পৃথিবীকে দেখিয়ে দেবে, ও কত বড় মাপের স্ট্রাইকার।’ তা ভিয়ার দেখিয়ে দেওয়ার খুব বেশি কিছু কি বাকি আছে! ২০০৮ ইউরোর সর্বোচ্চ গোলদাতা গত বিশ্বকাপে করেছিলেন তিন গোল, তাও ফ্রান্সের কাছে স্পেন শেষ ষোলোয় কাটা পড়ার আগে। এবার এরই মধ্যে হয়ে গেছে ৩ গোল। হন্ডুরাসের সঙ্গে পেনাল্টিটা মিস না করলে তো ৪ গোলই হয়ে যায়। ভিয়ার চোখের তারায় অবিশ্বাসের ছাপ দেখে বোঝা গিয়েছিল, তাঁর গোলক্ষুধা চিলির বিপক্ষে কতটা তীব্র হবে। জাদুর গোলটা সেই ক্ষুধা মেটাল। পুরোপুরি অবশ্যই নয়। তাই চিলির দুর্ভেদ্য রক্ষণ ভেঙে বারবার ঢুকে পড়তে থাকলেন ওদের পেনাল্টি বক্সে। পায়ের কিছু জাদু দেখালেন। তবে গোল আর পেলেন না, দেয়াল তুলে দাঁড়াল দুর্ভাগ্য এবং চিলির গোলরক্ষক বা দুই সেন্টারব্যাক। এ ম্যাচের অতৃপ্তি একটা তীর বানিয়ে তাহলে পর্তুগালের দিকেই তাক করে রাখলেন ভিয়া? কথাটা তাঁর মুখ থেকেই শুনতে হয়। লুইস বাজপাখির চোখে দাঁড়িয়ে থাকলেন মিক্সড জোনে। পিছু পিছু এই প্রতিবেদকও। ক্যাসিয়াস যান; তোরেস, পিকে, জাভি, পুয়োল কিংবা হুয়ান মাতা যান। লুইস ‘হোলা’ (মানে হ্যালো) বলে কারও সঙ্গে দু-একটি বাক্য বিনিময় করেন, কারও পেটে একটা খোঁচা মেরে দেন। কিন্তু তাঁর চোখ খোঁজে ভিয়াকে। অবশেষে ভিয়া আসেন। গায়ে সাদার ওপর নীল দাগের জার্সি। সদ্য স্নান করে আসা ভেজা চুল। কতজন চেষ্টা করলেন কথা বলতে। ভিয়ার মুখে একই কথা, ‘নো, নো, কথা বলব না।’ কিন্তু লুইস বড় নাছোড় টাইপের লোক। বার্সেলোনার খেলোয়াড় বার্সেলোনার সাংবাদিকের সঙ্গে কথা না বলে যেতেই পারেন না। কথা বললেন, তবে নিজের গোল করার ইচ্ছায় রাঙিয়ে নয়, ‘আমার কাজই গোল করা, সেই চেষ্টাটা থাকবে। তবে সবকিছুর আগে চাইব জয়। দল না জিতলে আমার গোলের কী মূল্য থাকবে?’সত্যিই, ‘দল না জিতলে’ কথাটা ভাবতেই হচ্ছে। পুরো স্পেন শিবিরই উদ্বিগ্ন। এ তো সেই নাকের বদলে নরুন পাওয়ার মতো। ব্রাজিলকে এড়ানো গেছে ঠিকই, কিন্তু সামনে পড়েছে পর্তুগাল। যে দলে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি একাই সবকিছু ওলট-পালট করে দিতে পারেন। ‘দল না জিতলে’—স্প্যানিশ আকাশে এমন সংশয়ের মেঘ জমিয়ে দিচ্ছেন ৯২ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফির বিশ্ব রেকর্ড গড়া খেলোয়াড়টিই। গোল করছেন, করাচ্ছেন। তাঁর জিগীষার কাছেই খুন হয়ে যেতে পারে ভিয়ার গোলের ইচ্ছা, স্পেনের জয়ের প্রত্যাশা। এ পর্যন্ত ১৭টি শটে একটি মাত্র গোল করেছেন। গ্রুপ পর্বের তিন ম্যাচের পারফরম্যান্সে বিশেষজ্ঞদের কাছে থেকে ১০-এ পেয়েছেন ৬.৫, ৭.৫ ও ৭.৫। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের জন্য মানানসই নয়। তার পরও তিনটি ম্যাচেই পেয়েছেন সেরা খেলোয়াড়ের স্বীকৃতি। ‘সি আর-৯’ আসল ম্যাজিকটা স্পেনের সামনে দেখাতে শুরু করলেই মুশকিল।ইসাবেলা ও লোলা স্পেনের পতাকা আঁকা মুখে উল্লাস করতে করতে সেদিন প্রিটোরিয়ার লফটাস স্টেডিয়ামের মিডিয়া ট্রিবিউনের গেট দিয়ে বেরোলেন। স্প্যানিশ দুই যমজ বোন আসলে ছিলেন ফার্নান্দো তোরেসের পাঁড় ভক্ত। সমর্থন পাল্টে এখন তাঁরা ভিয়া-ভক্ত, ‘নাউ ভিয়া, নো তোরেস।’ কাকতালীয়ভাবে পাওয়া গেল রোনালদো-ভক্ত আরেক তরুণীকে, নাম ফ্রান্সিসকা। এসেছিলেন স্পেনের অমঙ্গল কামনায়। কিন্তু স্পেন জিতে যাওয়ার পর হতাশ। এখন চাইছেন রোনালদোর হাতেই বধ হোক স্পেন। ইসাবেলা, লোলা, ফ্রান্সিসকারা উত্তেজনায় উথাল-পাথাল। পুরো দক্ষিণ আফ্রিকাই আজ তা-ই হবে। কেপটাউনের ‘গ্রিন পয়েন্ট’ স্টেডিয়ামের নাম ক্ষণিকের জন্য হয়তো ‘রেড পয়েন্ট’ হয়ে যাবে। একদিকে স্পেন, অন্যদিকে পর্তুগাল। এদিকে ভিয়া, ওদিকে রোনালদো। কার মুখে যে হাসির ঝরনা ঝরে!