একদিন ফাইনালের দিন
সেই সন্ধ্যায় শুরু হতো। সন্ধ্যা পেরিয়ে রাত নামত, রাতটাও এক লহমায় শেষ হয়ে দেখা দিত ভোরের সূর্য; কিন্তু চোখ দুটো তখনো ব্যস্ত রঙিন পর্দায়। সন্ধ্যায় ইউরোপের ট্যাকটিকসে বিদ্ধ গোছানো ফুটবল দেখে সাতসকালে লাতিন উদ্দামতার স্বাদ। খেলার ধরন, কৌশল আর দক্ষতার দিক থেকে পুরোপুরি ভিন্ন দুই ধরনের ফুটবলের স্বাদ নিতে নিতে কখন যে মাস কেটে গেছে, টের পাওয়া যায়নি।
এমন উৎসবের সমাপ্তি টানার জন্য সেরা দিনকেই বেছে নেওয়া হয়েছে। এ লেখা যখন পড়ছেন হয়তো ততক্ষণে জেনে গেছেন, মেসি না নেইমার—কার হাতে শোভা পাচ্ছে কোপা আমেরিকার ট্রফি। কিন্তু দিনের আগ্রহে তাতে ভাটা পড়ার কোনো জো নেই। কারণ, এটা ফাইনালের এক দিন। মাঝে ক্রিকেট ও টেনিসের স্বাদ নিয়েও আজ যদি তৃপ্ত না হন, কোনো সমস্যা নেই। লাতিন সৌন্দর্য দিয়ে শুরু দিনের সমাপ্তি হবে নিয়ন্ত্রণ ও কৌশলের ইউরোর ফাইনালে।
ব্রাজিল বনাম আর্জেন্টিনা। মেসি নাকি নেইমার?—এটুকুই আগ্রহের পারদ বাড়াতে যথেষ্ট। আর সেটা যখন ফাইনাল, তখন এ নিয়ে একটু আদেখলাপনা দেখানোয় দোষ নেই। প্রতিটি বিশ্বকাপের শুরু হয় এমন এক ফাইনাল দেখার আশায়। অথচ কোপা আমেরিকার মতো টুর্নামেন্ট—যেখানে দুই দলের মুখোমুখি হওয়া নৈমিত্তিক ব্যাপার, সেখানেও এদের দেখা মেলে না ফাইনালে। ১০৫ বছরে ইতিহাসে মাত্র চতুর্থবার ফাইনালে দেখা যাচ্ছে ‘সুপার ক্লাসিকো’।
আর্জেন্টিনার ২৮ বছরের অপেক্ষা নাকি নেইমারের ব্যক্তিগত অতৃপ্তি—কোনটির শেষ হচ্ছে, সেটা জেনে যাবেন ভোরেই। কিন্তু খেলা পাগলদের দিন তো কেবল শুরু! ম্যাচের আগ্রহ নিয়ে আগ্রহ হয়তো শেষ কিন্তু দুপুরে হারারেতে একমাত্র টেস্টের ‘ফাইনাল’ দিনে খেলবে বাংলাদেশ। একমাত্র টেস্ট হতে পারে, কিন্তু এদিনটার ওপর ঠিকই নির্ভর করছে একটি শিরোপাভাগ্য।
ক্রিকেটের স্বাদ নেওয়া শেষ না হতেই হাজির হবেন নোভাক জোকোভিচ। একসময়ের অচিন্তনীয় ঘটনাটা অপেক্ষায় আজ। গ্র্যান্ড স্লাম জয়ে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের পাশে বসতে আরেকটি জয় দরকার তাঁর। ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ড স্লামের পথে উইম্বলডনের ফাইনালে সার্বিয়ানের শেষ বাধা মাত্তেও বেরেত্তিনি। এই ইতালিয়ান জোরালো সার্ভ দিয়ে ঝড় তুলেছেন উইম্বলডনে। কিন্তু ৩৪ বছরে বয়সেও যেভাবে খেলছেন, তাতে মনে হচ্ছে সঞ্জীবনী সুধার সন্ধান পেয়েই গেছেন জোকোভিচ।
সর্বশেষ যেবার উইম্বলডন জিতেছেন জোকোভিচ, সেদিন লন্ডন আরেকটি টুর্নামেন্ট নিয়ে সমান ব্যস্ত ছিল। একদিকে জোকোভিচ-ফেদেরার নাভিশ্বাস তুলছিলেন একে অপরের, ওদিকে ম্যাচ টাই হয়ে সুপার ওভারে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। এবার হয়তো এত নাটকীয়তা হবে না। কিন্তু উন্মাদনায় এদিনটা আজ ছাড়িয়ে যাবে ২০১৯–কে।
খেলা নিয়ে উন্মাদনার মাসের শুরুটা ইউরো করেছিল। সমাপ্তিটাও টানছে ইউরো। ফুটবল ‘হোম’ না রোমে যাচ্ছে—সে প্রশ্নের উত্তর মেলাবে ইংল্যান্ড ও ইতালি। ১৯৬৬ বিশ্বকাপের পর থেকে সাফল্যের জন্য হাপিত্যেশ আর উন্মাদনার রূপ সেমিফাইনালের মাঝপথে আচমকা জার্সি পরে প্রধানমন্ত্রী বরিস জনসনই দেখিয়েছেন। সে আনন্দ আজ বিস্ফোরিত হবে, নাকি বেদনায় নীল হবে—তা জানা যাবে মধ্যরাতের পর। জেনে রাখা ভালো, ইতালির ডাকনাম কিন্তু নীল (আজ্জুরি)!