সমালোচকেরা তো তূণে তীর সাজিয়েই রাখেন। তাঁর ভক্তরাও স্বীকার করেন—জাতীয় দলের জার্সি গায়ে চড়ালেই লিওনেল মেসি অচেনা হয়ে যান। পরিসংখ্যানও এর সাক্ষী, ক্লাব বার্সেলোনার হয়ে ২৯৫ ম্যাচে করেছেন ২০৯ গোল। প্রতি ১.৪১ ম্যাচে যেখানে একটি করে গোল করেছেন বার্সেলোনার হয়ে, সেখানে আকাশি-সাদা জার্সিতে ৩.৪৭ ম্যাচগড়ে একটি করে গোল তাঁর (৬৬ ম্যাচে ১৯ গোল)।তবে আর্জেন্টাইন সমর্থকদের এবার প্রত্যয়দীপ্ত কথাই শোনালেন সমকালীন বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ফুটবলারটি। একদিন না একদিন ঠিকই তাঁর হাতে বিশ্বকাপ উঠবে এবং এটাই তাঁর স্বপ্ন। ‘কোপা আমেরিকা এবং বিশ্বকাপ এখনো জেতা হয়নি আমার। ও দুটো জেতাই আমার স্বপ্ন। আমি নিজে আশ্বস্ত যে, জিতবই’—বলেছেন মেসি।জন্মস্থান আর্জেন্টিনার রোজারিওতে বড়দিনের ছুটি কাটাচ্ছেন এখন মেসি। সেখানেই কথা বলেছেন আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাময়িকীর সঙ্গে। তবে জানিয়েছেন, জাতীয় দলের জার্সি গায়ে তাঁর প্রমাণ করার কিছু নেই, ‘জাতীয় দলের হয়ে ট্রফি জিততে পারলে আমি খুবই আনন্দিত হব। কিন্তু এটা পরিষ্কার, আমার আর প্রমাণ করার কিছু নেই। জাতীয় দলকে জেতানোর ইচ্ছা সব সময়ই আমার ছিল, থাকবে ভবিষ্যতেও।’আর্জেন্টিনা ১৯৯৩ সালের পর থেকে কোনো টুর্নামেন্ট জিততে পারেনি। জাতীয় দলের এই ব্যর্থতায় সমালোচকেরা আঙুল তোলেন মেসির দিকে। জাতীয় দলের সঙ্গে একাত্ম তিনি হতে পারেন না! এমন সমালোচনার জবাবেই যেন মুখ খুললেন মেসি, ‘আমি মনে করি, কারও কাছে আমার কোনো দায় নেই। এ ব্যাপারটা সবারই জানা উচিত যে, আর দশজন খেলোয়াড়, যারা আর্জেন্টিনা দলের ভালো চায়, আমিও তাদের একজন।’ ক্লাব সম্পর্কে বলতে গিয়ে বার্সেলোনাকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দল বলেছেন মেসি, ‘সত্যি বলতে বার্সেলোনা তুলনাহীন। বার্সেলোনাই বিশ্বের সেরা দল, যারা বার্সার সমর্থক এবং যারা সমর্থক নয়, সবাই এটা স্বীকার করবে। কয়েক বছর ধরে একগুচ্ছ খেলোয়াড়ের এক হয়ে খেলে আসার ফসলই আজকের এই দল।’কিন্তু বার্সেলোনার পাশে যখন আর্জেন্টিনা? সত্যটা স্বীকার করতে দ্বিধা নেই মেসির, ‘আমাদের দুর্ভাগ্য, যা চেয়েছি, আর্জেন্টিনার হয়ে আমরা তা অর্জন করতে পারিনি। জাতীয় দলে অনেক কোচই এসেছে এবং নড়বড়ে অবস্থান থেকে শুরু করতে হয়েছে আমাদের।’ তার পরও মেসি মনে করেন, আর্জেন্টিনা দল ধীরে ধীরে উন্নতি করছে। ওয়েবসাইট।