একদিনের ক্রিকেট বাংলাদেশের জন্ম-সহোদর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট খেলাটা প্রায় চার শ বছরের পুরোনো। রাজধানী ঢাকার বয়সও প্রায় চার শ বছর। তার মানে, ক্রিকেট খেলাটি হচ্ছে আমাদের প্রিয় ঢাকা নগরের সমান বয়সী। ক্রিকেট খেলার শুরুর ইতিহাসটা বিস্তারিত বলার দরকার নেই—প্রয়োজন মনে করলে, অন্তর্জালে সন্ধান চালিয়ে আজকের পাঠক এ-সংক্রান্ত প্রাসঙ্গিক তথ্য সহজেই জেনে নিতে পারবেন। ক্রিকেটের জন্মের সঙ্গে ঢাকা নগরের জন্মের বিষয়টিই শুধু নয়—ক্রিকেট নিয়ে—বিশেষ করে একদিনের ক্রিকেট নিয়ে এই নগরের মানুষের গর্ব করার মতো আরও একটা কারণ রয়েছে। আমাদের স্বাধীনতার বছর ১৯৭১ সালের জানুয়ারিতেই অস্ট্রেলিয়ার মেলবোর্নের মাঠে অনুষ্ঠিত হয়েছিল সীমিত ওভারের প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। বৃষ্টির কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে চলমান টেস্ট ম্যাচটি পরিত্যক্ত হলে মাঠে উপস্থিত হতাশ দর্শকদের চিত্তবিনোদনের বিষয়টিকে বিবেচনায় নিয়েই সীমিত ওভারের ওই ম্যাচটির আয়োজন করা হয়। বিশ্বের প্রথম একদিনের আন্তর্জাতিক (ওডিআই) ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ইংল্যান্ড পরাজিত হয়েছিল।একদিনের সীমিত ওভারের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের শুরুটা অস্ট্রেলিয়ার মাটিতে হলেও ঘরোয়া ক্রিকেটে একদিনের ম্যাচ প্রথম অনুষ্ঠিত হয় ১৯৬২ সালের ২ মে—ইংল্যান্ডের কাউন্টি ক্লাবগুলোর মধ্যে। সীমিত ওভারের সেই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল লিস্টারশায়ার ও ডার্বিশায়ারের মধ্যে। ডার্বিশায়ার পরাজিত হয়েছিল। তার মানে ক্রিকেট, টেস্ট ক্রিকেট, চারদিনের ক্রিকেট, তিনদিনের ক্রিকেট এবং একদিনের সীমিত ওভারের ক্রিকেট—এই সব কটি খেলারই আবিষ্কারক বা এর সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ইংল্যান্ড।নিয়তির নিষ্ঠুর পরিহাসই বলতে হবে, একদিনের ক্রিকেটে যাত্রাশুরুর পরাজয়ছায়া আজও ইংল্যান্ডের পিছু ছাড়েনি। দুবার বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপার দেখা পায়নি সে।টেস্টে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে অ্যাশেজ বা ‘ছাই’ জয় করে চলতি বিশ্বকাপে আসার পর অনেকেই ইংল্যান্ডকে অন্যতম ফেবারিট বলে মনে করেছিলেন। ৩৩৮ রানের পাহাড় তাড়া করে বিশ্বকাপের আরেক ফেবারিট ভারতের কাছ থেকে এক পয়েন্ট কেড়ে নিয়ে শুরুটাও ভালোই করেছিল সে। কিন্তু পরে আয়ারল্যান্ড ও বাংলাদেশের কাছে পরাজিত হয়ে ইংল্যান্ড পয়েন্ট তালিকায় বাংলাদেশের পেছনে পড়েছে।আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরে গেলে এবারের বিশ্বকাপ থেকে ইংল্যান্ড বিদায় নেবে। দক্ষিণ আফ্রিকাকে হারানোর ঝামেলা এড়িয়েই আমরা পরবর্তী রাউন্ডে চলে যেতে পারব। বাংলাদেশের ক্ষতি করে না, এমন অন্য কোনো সমীকরণ আমাদের সামনে থাকলে আমাদের লজ্জায় ডোবানো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আমি ইংল্যান্ডের জয়ই চাইতাম। কিন্তু তার উপায় নেই। বিশ্বকে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট উপহার দেওয়ার জন্য ওই দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই আমাকে থামতে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও আমাকে প্রত্যাশা করতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের জয়। এ রকম চাওয়ার ভেতরে গ্লানি আছে জানি, কিন্তু কী আর করা যাবে—যুদ্ধ ও প্রেম নাকি নৈতিকতার ভারমুক্ত। তাই মারো অরি যেকোনো কৌশলে। মনে পড়ছে, এ রকমের একটি গ্লানিকর সমীকরণ থেকেই ১৯৯২ সালে পাকিস্তান সেমির টিকিট পেয়েছিল এবং পরে ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জয় করেছিল। আমরা কি তবে সেই পথেই অগ্রসর হচ্ছি?কোনো জটিল-কুটিল সমীকরণের মাধ্যমে নয়, দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে, বীরদর্পে পরবর্তী রাউন্ডে উঠে বাংলাদেশের দামাল ছেলেরা আমাকে গ্লানিমুক্ত হতে সাহায্য করবে বলেই আমার বিশ্বাস। ইংল্যান্ডকে হারাতে পারলে দক্ষিণ আফ্রিকাকে নয় কেন?একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে বাংলাদেশের জন্ম-সহোদর। এই উদ্দীপক তথ্যটি আমাদের ক্রিকেটারদের মনে রাখতে বলি। কামরাঙ্গীরচর১৫ মার্চ ২০১১